হোম > জীবনধারা > ফ্যাশন

গরমে আরাম ও ফ্যাশনের সমন্বয় করবে স্টাইলিশ লেয়ারিং

ফিচার ডেস্ক, ঢাকা 

সঠিক কাপড়ের সংমিশ্রণ আপনাকে গরমেও রাখবে সতেজ, আত্মবিশ্বাসী এবং দারুণ স্টাইলিশ। পেক্সেলস

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের সবারই ইচ্ছে হয় যতটা সম্ভব হালকা পোশাক পরতে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাইরের গরম থেকে যখন আমরা বাসা বা অফিসে এসির ভেতর যাই, তখন সেখানে খাপ খাইয়ে নিতে দরকার হয় লেয়ারিং বা স্তরে স্তরে পরিধেয় পোশাকের। অনেকে ভাবেন, গরমের মধ্যে স্তরে স্তরে পোশাক পরলে অস্বস্তি বাড়বে, কিন্তু সঠিক কাপড় ও কৌশলী সমন্বয় আপনার গ্রীষ্মকালীন সাজকে করতে পারে আরও আরামদায়ক ও ট্রেন্ডি।

আরামদায়ক বেজ লেয়ার দিয়ে শুরু

লেয়ারিংয়ের প্রথম ধাপ হলো শরীরের সঙ্গে লেগে থাকা পোশাকটি বা বেজ লেয়ার নির্বাচন করা। এটি এমনভাবে নির্বাচন করা উচিত যা ঘাম শুষে নিয়ে শরীরকে নিশ্বাস নিতে দেবে। বিশেষ করে গরমে ঊরুর ঘর্ষণজনিত অস্বস্তি এড়াতে হালকা ও পাতলা শর্টস বা থাই সোসাইটির মতো কুলিং ইনার ব্যবহার করা যেতে পারে। সিল্কি ও হাই-টেক ফ্যাব্রিকসের এই বেজ লেয়ারগুলো শরীর থেকে আর্দ্রতা দূরে সরিয়ে আপনার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।

আঁটসাঁট টি-শার্টের বদলে ঢিলেঢালা টপ

গরমে গায়ের সঙ্গে লেপ্টে থাকা সুতি টপ বা টি-শার্টের বদলে বেছে নিন ওভারসাইজড বা বক্সি ফিটের পোশাক। লিনেন, গজ বা পাতলা কাপড়ের ঢিলেঢালা শার্ট বা টপ বাতাস চলাচলে সাহায্য করে। আপনার প্রিয় স্লিভলেস টপের ওপর একটি পাতলা লিনেন শার্ট পরে বোতামগুলো খোলা রাখতে পারেন। এটি যেমন আপনাকে রোদে পোড়া থেকে বাঁচাবে, তেমনি এসির ঠান্ডায় দেবে বাড়তি সুরক্ষা।

সামার ড্রেসের সঙ্গে বাড়তি নিরাপত্তা

সামার ড্রেস বা ম্যাক্সি ড্রেস গরমের জন্য চমৎকার। তবে শুধু নয়, স্বাচ্ছন্দ্যের জন্য ড্রেসের নিচে পাতলা শর্টস পরা বুদ্ধিমানের কাজ। এটি আপনাকে যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসী রাখবে। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লেগিংস পরলে বাইরে থেকে বোঝাও যাবে না।

পাতলা সুতির জ্যাকেট বা শ্যাকেট

গরমেও আপনি জ্যাকেট পরতে পারেন, যদি তা আরামদায়ক কাপড়ে তৈরি হয়। শার্ট ও জ্যাকেটের সংমিশ্রণ শ্যাকেট এখন বেশ জনপ্রিয়। হালকা ওজনের ডেনিম বা পাতলা সুতি কাপড়ের ক্রপট জ্যাকেট আপনার সাধারণ সাজে নতুন মাত্রা যোগ করবে। রোদ থেকে বাঁচতে বা সন্ধ্যার হালকা ঠান্ডায় এটি বেশ কাজে আসবে। জ্যাকেটে বড় পকেট থাকলে তাতে ছোটখাটো জিনিস নেওয়া যাবে, ফলে বাইরে বেড়ানোর সময় ব্যাগ না নিলেও চলবে।

স্বচ্ছ কাপড়ের ব্যবহার

বর্তমানে জালি অথবা স্বচ্ছ কাপড় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পোশাকগুলো পরতে হলে নিচে একটি মসৃণ ও আরামদায়ক লেয়ার থাকা জরুরি। একটি স্লিভলেস ইনারের ওপর জালি টপ বা ট্রান্সপারেন্ট লিনেন প্যান্টের নিচে মানানসই শর্টস পরলে সেটি যেমন আধুনিক দেখাবে, তেমনি গরমও কম লাগবে।

অনুপাত ও অনুষঙ্গের খেলা

লেয়ারিং মানে শুধুই কাপড়ের স্তূপ করা নয়, বরং অনুপাতের সঠিক ভারসাম্য বজায় রাখা। যদি নিচের পোশাকটি ঢিলেঢালা হয়, তবে ওপরেরটি কিছুটা ফিটেড হতে পারে। আবার পেনসিল আকারের প্যান্টের সঙ্গে একটি ওভারসাইজড টি-শার্ট বেশ মানানসই। এ ছাড়া রেশমি স্কার্ফ, সানগ্লাস বা আড়াআড়িভাবে ঝোলানো ক্রস-বডি ব্যাগ আপনার সাধারণ লুকেও লেয়ারিংয়ের দারুণ লুক এনে দেবে।

গ্রীষ্মকালীন লেয়ারিং চেকলিস্ট

বাতাস চলাচলের উপযোগী ফ্যাব্রিকস: সব সময় লিনেন বা পাতলা সুতি বেছে নিন।

ইনার লেয়ার: ঘাম ও ঘর্ষণ এড়াতে পাতলা শর্টস ও টপ ব্যবহার করুন।

ভারসাম্য: ঢিলেঢালা ও টাইট পোশাকের সঠিক সমন্বয় করুন।

এক্সেসরিজ: সিল্ক স্কার্ফ বা চশমা ব্যবহার করে সাজ পূর্ণ করুন।

গ্রীষ্মের লেয়ারিং মানে অতিরিক্ত গরম লাগা নয়, বরং এটি রোদের তীব্রতা আর এসির ঠান্ডার মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখার উপায়। সঠিক কাপড়ের সংমিশ্রণ আপনাকে গরমেও রাখবে সতেজ, আত্মবিশ্বাসী এবং দারুণ স্টাইলিশ।

সূত্র: থাই সোসাইটি ও অন্যান্য

জেন-জি ফ্যাশনে দাবার বোর্ড!

ফ্যাশন দুনিয়ার নতুন চমক ফেইসলেট

লাল ও সবুজ রঙের পোশাক যেভাবে পরবেন

রাশিফলে ভরসা করছে জেন-জি, পরছে রাশিচক্রের গয়নাও

এই ঈদে যেমন পোশাক বেছে নিতে পারেন

শাড়ির সঙ্গে হিজাব স্টাইলিং করবেন যেভাবে

গরমে কুল লুক দেবে ‘নেকড়ে’ হেয়ার কাট

ঈদের কেনাকাটায় থাকুক ঐতিহ্য ও আধুনিকতার মিশেল

‘সুতোর গল্প’ ছিল দেশজ পণ্য়ের উৎসব

এবারের ঈদের আয়োজনে ফ্যাশন ব্র‍্যান্ডগুলো যেমন পোশাক এনেছে