হোম > জীবনধারা > জেনে নিন

আপনি কি আত্মপরিচয়ের সংকটে ভুগছেন? জেনে নিন মুক্তির ৮ উপায়

ফিচার ডেস্ক, ঢাকা 

যখন আমাদের প্রাত্যহিক জীবনের ভূমিকা বা প্রত্যাশিত পথ হঠাৎ বদলে যায়, তখনই আত্মপরিচয়ের সংকটের সূত্রপাত হয়। ছবি: পেক্সেলস

এ এক অদ্ভুত অভিজ্ঞতা। জীবনের কোনো এক বাঁকে দাঁড়িয়ে হঠাৎ মনে হতে পারে, ‘আমি আসলে কে? আমার জীবনের উদ্দেশ্য কী?’ তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুব চেনা চেহারাটাও অচেনা লাগতে পারে। আর তখনই শুরু হয় আত্মপরিচয়ের সংকট বা আইডেনটিটি ক্রাইসিস। এটি শুধু মনের খেয়াল নয়, বরং মনোবিজ্ঞানের দৃষ্টিতে এক গভীর অনুসন্ধান। আপনি কি আত্মপরিচয়ের সংকটে ভুগছেন? ভয় পাবেন না। যেকোনো সমস্যারই সমাধানের পথ থাকে। তেমনই এই সংকট থেকেও উত্তরণের পথ আছে। সেই পথটা আপনাকেই খুঁজে নিতে হবে।

কেন তৈরি হয় আত্মপরিচয়ের সংকট

মনোবিজ্ঞানী এরিক এরিকসন প্রথম এই ‘আইডেনটিটি ক্রাইসিস’ ধারণা সামনে আনেন। তাঁর মতে, মানুষের জীবনে পরিচয় গঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব, যা মূলত কৈশোরে শুরু হলেও জীবনের যেকোনো পর্যায়ে দেখা দিতে পারে। যখন আমাদের প্রতিদিনের যাপিত জীবনের ভূমিকা বা প্রত্যাশিত পথ হঠাৎ বদলে যায়, তখনই এই সংকটের সূত্রপাত হয়। এর পেছনে থাকতে পারে নানা কারণ। হতে পারে, সন্তান জন্মদান বা নতুন সম্পর্কে জড়ানো। হতে পারে, বিবাহবিচ্ছেদ বা প্রিয়জন হারানো; কিংবা কর্মক্ষেত্রে চাকরি হারানো কিংবা নতুন কর্মজীবন শুরু করা। এমনকি, বাসস্থান পরিবর্তন বা বড় কোনো ট্রমাটিক অভিজ্ঞতার কারণেও হতে পারে আত্মপরিচয়ের সংকট।

আপনি কি আত্মপরিচয়ের সংকটে ভুগছেন?

সব মানুষের ক্ষেত্রে এই সংকটের বহিঃপ্রকাশ এক নয়। তবে কিছু সাধারণ লক্ষণ দেখে বোঝা যায়, আপনি আইডেনটিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন কি না—

  • নিজের মূল্যবোধ বা আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন জাগা।
  • নিজেকে খুব একা, উদ্দেশ্যহীন বা ভেতরটা ফাঁপা মনে হওয়া।
  • খিটখিটে মেজাজ, উৎসাহহীনতা বা সব সময় একধরনের উদ্বেগ কাজ করা।
  • সমাজের কাছে নিজের ভূমিকা বা পরিচয় নিয়ে দ্বিধায় ভোগা।

জেমস মার্সিয়ার তত্ত্ব: পরিচয়ের চারটি ধাপ

এরিকসনের কাজকে আরও এগিয়ে নিয়ে গেছেন গবেষক জেমস মার্সিয়া। তিনি পরিচয় গঠনের অবস্থাকে চারটি ভাগে ভাগ করেছেন—

ফোরক্লোজার: কোনো রকম অনুসন্ধান ছাড়াই অন্ধভাবে একটি পরিচয় গ্রহণ করা।

ডিফিউশন: নিজের পরিচয় নিয়ে মাথাব্যথা বা লক্ষ্য না থাকা।

মোরাটোরিয়াম: যখন মানুষ সক্রিয়ভাবে নিজেকে খোঁজে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না।

অ্যাচিভমেন্ট: দীর্ঘ অনুসন্ধানের পর নিজের পরিচয় ও লক্ষ্য সম্পর্কে স্থির হতে পারা।

জেনে নিন উত্তরণের ৮ উপায়

সংকট মানেই জীবনের শেষ নয়, উল্টে এটি হতে পারে নতুনভাবে নিজেকে গড়ার দারুণ সুযোগ। এখান থেকে বেরিয়ে আসার কিছু উপায় আছে। সেগুলো হলো—

মূল্যবোধের পুনর্মূল্যায়ন: আপনার কাছে এখন গুরুত্বপূর্ণ কী? জীবনের পুরোনো বিশ্বাসগুলো ঝেড়ে ফেলে নতুন কী আঁকড়ে ধরতে চান, তা ভাবুন।

মানসিক দৃঢ়তা ও ‘ইনার ওয়ার্ক’: নিজের চিন্তা ও আবেগের প্রতি সচেতন হোন। প্রতিদিন কিছুটা সময় নিজের কাজের পেছনে ব্যয় করুন।

সামাজিক সম্পর্কের চর্চা: একাকিত্ব কাটাতে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। সামাজিক যোগাযোগ মানুষের সহানুভূতি ও সহমর্মিতা বাড়াতে সাহায্য করে।

পুরোনো শখ পুনরুদ্ধার: শৈশবে যা করতে ভালোবাসতেন, সেই কাজগুলো আবার শুরু করুন। এটি আপনাকে শিকড়ের সঙ্গে সংযুক্ত করবে।

ডায়েরি বা জার্নাল লেখা: প্রতিদিনের ভালো লাগা, মন্দ লাগা বা উদ্বেগের কথাগুলো লিখে ফেলুন। এতে মনের জট খুলতে সুবিধা হয়।

পেশাদার সাহায্য গ্রহণ: যদি এই সংকট আপনার দৈনন্দিন কাজে বাধা দেয়, তবে থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।

ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি: কোনো ক্ষতি বা বিচ্ছেদ হয়তো আপনার জন্য নতুন কোনো সুযোগের দুয়ার খুলে দিচ্ছে। নিজের ওপর নিয়ন্ত্রণ বা ‘ফোকাস অব কন্ট্রোল’ বজায় রাখুন।

কোচ বা বিশেষজ্ঞের পরামর্শ: জীবনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য একজন লাইফ কোচের সাহায্য নিতে পারেন, যিনি আপনাকে নতুন লক্ষ্য নির্ধারণে পথ দেখাবেন।

মনে রাখবেন, আইডেনটিটি ক্রাইসিস কোনো মনস্তাত্ত্বিক রোগ নয়, বরং এটি বিকাশের একটি ধাপ। গবেষকেরা দেখেছেন, যাঁরা দীর্ঘ অনুসন্ধানের পর নিজের পরিচয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে পেরেছেন, তাঁরা অন্যদের তুলনায় অনেক বেশি সুখী ও স্বাস্থ্যবান হন। শোক, বিচ্ছেদ বা পরিবর্তন আপনার পরিচয়কে মুছে ফেলা নয়। এগুলো আপনাকে আরও পরিণত মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছে। আয়নার সামনের অচেনা মানুষটি আসলে আপনারই এক নতুন সংস্করণ, যাঁকে চিনে নেওয়ার দায়িত্ব কেবল আপনারই।

সূত্র: ভেরিওয়েল মাইন্ড, বেটার আপ

আজকের রাশিফল: একাধিক গুপ্ত উৎস থেকে অর্থযোগ, আপনার পাণ্ডিত্য অন্যের বিরক্তির কারণ হবে

এই ঋতুতেও চুলের যত্নে অপরিহার্য তেল

আজকের রাশিফল: ‘সিঙ্গেল’ স্ট্যাটাস ঘুচবে, মারপিটের যোগ প্রবল

মেনোপজের ফলে ত্বক জৌলুশ হারাচ্ছে? যেভাবে ত্বকের দেখভাল করলে উপকার পাবেন

ডিজিটাল নেশা থেকে মুক্তি চান? জেনে নিন উত্তরণের পথ

আজকের রাশিফল: বিকেলের সারপ্রাইজ কল মুড বদলে দেবে, অতি চালাকি বিপদ আনবে

বিশ্বের সবচেয়ে কঠিন শিক্ষাব্যবস্থা কোন দেশে, জেনে নিন

আজকের রাশিফল: প্রাক্তনের ফোনে সংসারে সুনামি নামবে, আয়নায় নিজেকে ভেংচি কাটলে ইগো কমবে

বৃষ্টি কেন মনে রোমান্টিক অনুভূতি তৈরি করে

সবার মন জুগিয়ে চলা থেকে নিজেকে মুক্ত রাখার উপায় জেনে নিন