হোম > জীবনধারা > জেনে নিন

সপ্তাহান্তের ভ্রমণে সেপ্টেম্বরে যে ধরনের পোশাক সঙ্গে নেবেন

সিলভিয়া সামান্থা সেঁজুতি

ছবি: পেক্সেলস

এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে! এই চিন্তা করে থাকলে আপনাকে বলে রাখি, ভ্রমণের গন্তব্য যা-ই হোক, আবহাওয়া বুঝে আরামদায়ক পোশাক নির্বাচন করা খুবই জরুরি। নয়তো ভ্রমণের আনন্দ পুরোটাই মাটি হয়ে যাবে। তাই ঝটপট পড়ে ফেলুন এই লেখা।

যেমন পোশাক প্যাক করবেন

খুব শখ করে যে পোশাক কিনেছিলেন, কিন্তু এখন পর্যন্ত গায়ে তোলাই হয়নি; সেটাই কি ট্রাভেল ব্যাগে নিতে চাচ্ছেন? সেই চিন্তা থাকলে একটু থামুন। সেই পোশাক ভ্রমণে আপনাকে স্বস্তি দেবে কি না, সেটা ভাবুন সবার আগে। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক পরে ঠিকমতো ঘুরে বেড়ানো যায় না। তাই ভ্রমণের পোশাক নির্বাচনের সময় বেছে বেছে আরামদায়ক পোশাকগুলোই ব্যাগে পুরতে হবে। এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে সহজ-সাবলীলভাবে হাঁটাচলা করা যায়, ঘেমে গেলেও ভেজা ভাব থাকে না এবং বাতাস চলাচল করতে পারে। ঢিলেঢালা টি-শার্ট, ফতুয়া, কামিজ, কুর্তি, টপস, শার্ট পরা যেতে পারে ভ্রমণের সময়ে।

এসব পোশাক পরে পাহাড়ি বা দুর্গম এলাকায়ও সহজে ঘুরে বেড়ানো যায়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ওয়্যারহাউসের ডিজাইনার তাসনিম ফেরদৌস জানান, ভ্রমণের দিনগুলোয় পরার জন্য ঢিলেঢালা, আরামদায়ক এবং একই সঙ্গে ফ্যাশনেবল—এমন পোশাকই বেছে নেওয়া উচিত। ক্রপটপ, জাম্পস্যুট, রঙিন পালাজ্জো ও সামার ড্রেস এ সময়ে ভ্রমণ উপযোগী পোশাক। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় বিভিন্ন রঙের দিকেও খেয়াল রাখা ভালো।

ছবি: পেক্সেলস

আবহাওয়াকে বিবেচনায় রাখতেই হবে

ভ্রমণকালে রাতের ঘুমটুকু বাদ রেখে প্রায় পুরোটা সময়ই বাইরে কাটানো হয়। ফলে ঘুরতে বের হওয়ার আগে বিবেচনা করতে হবে, সেখানকার আবহাওয়া কেমন। একটি পোশাক যতই সুন্দর হোক, তা আবহাওয়া উপযোগী না হলে স্বস্তি মিলবে না। সুতির জামাকাপড় সব সময়ের জন্য ভালো। যাদের এসি রুম, এসি বাস বা গাড়িতে ঠান্ডা লাগে, তাঁরা সঙ্গে পাতলা জ্যাকেট বা শাল রাখতে পারেন।

ভালো ছবি চাই?

বাক্স-পেটরা গোছানোর সময় আরামদায়ক পোশাক না হয় নেবেনই। কিন্তু সেসব পোশাকের রং নিয়েও ভাবতে হবে খানিকটা। কারণ, ভ্রমণের স্মৃতি বইবে ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিগুলোই। ফলে এমন রঙের পোশাক সঙ্গে নিতে হবে যেগুলোর রং ছবিতে খুব ভালো আসবে। বাদামি, কালো ও খাকি রঙের প্যান্ট, পালাজ্জো, স্কার্ট সঙ্গে রাখতে পারেন। এই রংগুলো অন্য প্রায় সব রঙের টি-শার্ট, সিঙ্গেল কামিজ, ফতুয়া বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। ওড়না বা স্কার্ফ পরলে সাদা, কালো, মেরুন অথবা নীল বেছে নিতে পারেন। একটু রংচঙা হলে কমলা, লাল, নীল, মেরুন ও সবুজ—এসব রঙের পোশাক সঙ্গে রাখতে পারেন। উদ্যাপনের ছবিগুলো দারুণ আসবে এসব রঙের পোশাকে।

ছবি: পেক্সেলস

সেপ্টেম্বরের ভ্রমণে সঙ্গে আরও যা নেবেন

বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার জন্য

সেপ্টেম্বর মাসে হুটহাট বৃষ্টির সম্ভাবনা থাকে। তাই একটি ছোট ট্রাভেল ছাতা বা হালকা রেইনকোট ব্যাগে রাখুন। ফোন, ক্যামেরা, ল্যাপটপ এবং জামাকাপড় বৃষ্টির পানি থেকে বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ বা পলিথিন জিপলক ব্যাগ ব্যবহার করুন। রোদ থেকে বাঁচতে এবং সুন্দর ছবির জন্য সানগ্লাস ও একটি টুপি বা ক্যাপ সঙ্গে নিন। আর হ্যাঁ, ভ্রমণে প্রচুর হাঁটতে হয়। তাই গ্রিপ ভালো এমন আরামদায়ক স্নিকার, ওয়াটারপ্রুফ হাঁটার জুতা বা ভালো মানের স্যান্ডেল নিন।

সূত্র: হু হোয়াট হয়্যার ও অন্যান্য

হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন

গণপরিবহনে অসৌজন্যমূলক আচরণে কোন দেশে কী শাস্তি, জেনে নিন

আজকের রাশিফল: বেশি জ্ঞান দিতে গিয়ে ফেসবুকে ব্লক খাবেন, কঞ্জুস হিসেবে খ্যাতি মিলবে

রং যেভাবে বদলে দেয় আপনার মেজাজ ও ব্যক্তিত্ব

ধনকুবেরদের তালিকায় এগিয়ে কোন দেশ ও শহর

আজকের রাশিফল: ফেসবুকে অযথা তর্কে জড়াবেন না, অন্যকে জ্ঞান দেওয়া বন্ধ করুন

ছুটির দিনে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত আপনজনের মুখে হাসি ফোটাবেন যেভাবে

নতুন নিয়মে ‘কিছু কাজ’ চাপাতে পারবেন না এয়ারবিএনবির বাড়ির মালিকেরা

উৎসবের পর শাড়ি আলমারিতে তুলে রাখার আগে যা করবেন

শীত আসি আসি করছে, ত্বকের যত্ন নিন এখন থেকেই