একসময় ধরে নেওয়া হতো, প্রাপ্তবয়স্ক হওয়া মানেই একটি সুনির্দিষ্ট পারিবারিক জীবনের দিকে পা বাড়ানো। বিয়ে, সংসার ও পরিজন। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিসংখ্যান ও জীবনযাত্রার চিত্র বলছে, সেই চেনা সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে একা বসবাস কিংবা সম্পর্কে আবদ্ধ না থাকা আজ আর কোনো সাময়িক বাধ্যবাধকতা বা সামাজিক বিচ্ছিন্নতা নয়। বরং এটি অনেকেরই স্বতঃস্ফূর্ত এবং সানন্দে বেছে নেওয়া জীবনধারা। একটা সময় লোকজন সিঙ্গেল বা যাঁরা একা থাকেন, তাঁদের নিয়ে বেশ হাসি-ঠাট্টা করত। তবে এখন কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একা থাকার ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। তবে এর বিপরীত দিকটাতে কিছু নেতিবাচক বিষয়ও জড়িয়ে পড়ছে।
ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকসের ডেটা অনুযায়ী, ইউরোপ মহাদেশ এবং বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান বা উত্তর ইউরোপের দেশগুলোতে একাকী জীবনযাপনের প্রবণতা বিশ্বে সবচেয়ে বেশি। সুইডেনে এর হার প্রায় ৫১ শতাংশ। তালিকায় এর পরেই রয়েছে ডেনমার্ক, ৫০ শতাংশ, তৃতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড, ৪৯ শতাংশ, তারপরেই ৪৮ শতাংশ সিঙ্গেল নিয়ে আছে জার্মানি এবং এরপর আছে নরওয়ে, দেশটিতে একা থাকা মানুষের হার ৪৭ শতাংশ। অন্যদিকে, স্ট্যাটিস্টিকস কোরিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার মোট পরিবারের ৪২ শতাংশই এখন একক পরিবার। এখানে একক পরিবার বলতে মূলত সিঙ্গেল লিভিং বা একা বসবাস করাকেই বোঝানো হয়েছে। ইউরোপ ও পূর্ব এশিয়ায় এই হার সবচেয়ে বেশি। দক্ষিণ ইউরোপ বা লাতিন আমেরিকার পারিবারিক সংস্কৃতির তুলনায় উত্তর ইউরোপীয় দেশগুলোতে ব্যক্তিগত স্বাধীনতা ও স্বাবলম্বিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ইউরোপ এবং পূর্ব এশিয়ায় এই হার সবচেয়ে বেশি হওয়ার পেছনে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য। দক্ষিণ ইউরোপ বা লাতিন আমেরিকার দেশগুলোতে পারিবারিক বন্ধন ও যৌথ জীবনযাত্রার সংস্কৃতি প্রবল। অন্যদিকে উত্তর ইউরোপীয় দেশগুলোতে ব্যক্তিগত স্বাধীনতা, গোপনীয়তা এবং স্বাবলম্বিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সেখানে তরুণ বয়স থেকেই নিজের মতো করে জীবন সাজানোর সংস্কৃতি চালু রয়েছে। এটি পরবর্তী সময়ে একাকী জীবনযাপনের পরিসংখ্যানকে বাড়িয়ে দেয়।
মানুষ একা থাকার সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে একাধিক সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণ। বর্তমানে মানুষ নিজের জন্য উন্নত সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার কথা সবার আগে প্রাধান্য দিচ্ছে। সুইডেন বা ডেনমার্কের মতো ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমুখী রাষ্ট্রগুলোতে নাগরিকদের মৌলিক নিরাপত্তা সরকারই নিশ্চিত করে। ফলে বেঁচে থাকা বা অর্থনৈতিক স্বস্তির জন্য সে দেশগুলোতে সঙ্গী বা যৌথ পরিবারের ওপর নির্ভর করতে হয় না। এদিকে বাড়ছে ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গুরুত্ব দেওয়ার প্রবণতা। ফিনিশ সংস্কৃতিতে সিসু বা আত্মনির্ভরশীলতা কিংবা সুয়েডীয় জীবনধারায় ‘লাগম’ বা পরিমিত ও নিজের মতো থাকা, এই ধারণাগুলো মানুষের ব্যক্তিগত স্পেস বা সিঙ্গেল লাইফস্টাইলকে ভীষণ সম্মান করে। সব মিলিয়ে মানুষ মূলত জীবনমানের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আর এ জন্যই জীবনযাত্রার খরচ বৃদ্ধি, নিজস্ব বাসস্থানের ইচ্ছা এবং শিক্ষা ও ক্যারিয়ারের পেছনে দীর্ঘ সময় দেওয়ার কারণে বিয়ের বয়স যেমন পিছিয়ে যাচ্ছে, তেমনই অনেকে চিরকাল একলা থাকার সিদ্ধান্ত নিচ্ছেন।
পূর্ববর্তী যেকোনো প্রজন্মের চেয়ে জেন-জি তরুণ-তরুণীদের মধ্যে সিঙ্গেল থাকার হার লক্ষণীয়ভাবে বেশি। এ বিষয়ে আন্তর্জাতিক বাজার ও সামাজিক আচরণ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মিন্টেল প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, ১৮ থেকে ২৫ বছর বয়সী জেন-জিদের অর্ধেকের কাছাকাছি সিঙ্গেল লাইফস্টাইল বেছে নিয়েছেন। তাঁদের বড় অংশই জানিয়েছেন, তাঁরা পড়াশোনা, ক্যারিয়ার ও নিজের ব্যক্তিগত স্বাধীনতার ওপর জোর দিতে গিয়ে রোমান্টিক সম্পর্কে জড়ানো স্থগিত রাখছেন। এই প্রজন্ম টিন্ডার বা বাম্বলের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে বিরক্তি ও মানসিক চাপ বেড়ে যাওয়ায় অনেকেই এই মাধ্যমগুলো থেকে দূরে সরে যাচ্ছেন। জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় এবং বাসা ভাড়ার কারণে ডেটিং ও সম্পর্কের পেছনে খরচ করাকে অনেক তরুণ-তরুণী বাড়তি চাপ মনে করছেন। তাঁরা বাঁধাধরা সম্পর্কের চেয়ে মানসিক স্বাস্থ্য, আত্মোন্নয়ন, সোলো-ট্রাভেলিং এবং বন্ধুত্বের সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
পরিবারভিত্তিক ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, দক্ষিণ কোরিয়া এবং ফিনল্যান্ডের মতো দেশে ওয়ান পারসন হাউসহোল্ড বা একাকী বাসের সংখ্যা গড়ে ৪০ থেকে ৪৫ শতাংশের মধ্যে, যা বিশ্বের সর্বোচ্চ। তবে এই একাকী বসবাসের গল্পটা দুই রকম। একা বাস করার অর্থ কিন্তু বিষণ্নতা বা সামাজিক বিচ্ছিন্নতা নয়। বড় বড় শহরে যেখানে তরুণ-তরুণীরা স্বাধীন ক্যারিয়ারের তাগিদে একা থাকেন, অন্যদিকে গ্রামীণ বা শহরতলী এলাকাগুলোতে প্রবীণেরা একা বসবাস করেন। বিশেষ করে সঙ্গী হারানো প্রবীণ নারীরা। সামাজিক দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন নির্দেশ করে, আধুনিক যুগে একাকী থাকা আর সামাজিক জড়তা বা একাকিত্বের প্রতীক নয়। এটি স্বাবলম্বিতা ও নিজের মতো জীবন সাজানোর এক নতুন বৈশ্বিক ট্রেন্ড।
সূত্র: সাইকোলজি টুডে, দ্য গার্ডিয়ান, স্ট্যাটিস্টা