হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: ‘সিঙ্গেল’ স্ট্যাটাস ঘুচবে, মারপিটের যোগ প্রবল

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার ভাগ্যে রাজকীয় ভোজের যোগ রয়েছে। সেটা বন্ধুর বিয়ে হতে পারে বা ভাগনের মুখে ভাত। তবে সাবধান! অফিসে কোনো এক সহকর্মী এমন একখানা মন্তব্য করবে, যা আপনার মেজাজটাকে লবণপোড়া ডালের মতো তিতকুটে করে দিতে পারে। বাড়ি বা গাড়ির পুরোনো আইনি জট খুলে স্বস্তি পাবেন। টাকা ধার দেওয়ার আগে তিনবার ভাবুন। যাকে আজ টাকা দেবেন, কাল তাকে খুঁজতে আপনার মঙ্গল গ্রহে রকেট পাঠাতে হতে পারে।

বৃষ

প্রেমে আজ একটু বেশি পণ্ডিতি করতে যাবেন না। ‘আমি যা বলছি সেটাই ঠিক’—এই মনোভাব থাকলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আজ আপনাকে ব্লক লিস্টের টিকিট ধরিয়ে দিতে পারে। লাভ হবে, তবে পার্টনার যদি হঠাৎ বেশি মিষ্টি কথা বলে, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। মানসিক শান্তিতে আজ আধ্যাত্মিক বই পড়ুন বা গাছ লাগান। অন্তত ফেসবুক স্ক্রল করে অন্যের বিরিয়ানির ছবি দেখে হিংসা হওয়ার চেয়ে সেটা অনেক ভালো।

মিথুন

গ্রহের দশা বলছে আজ আপনার পকেটে টান পড়তে পারে। অনলাইন শপিংয়ে কার্টে থাকা জিনিসগুলো আজ না কেনাই ভালো। বন্ধুদের আড্ডায় হঠাৎ করে কারও প্রতি মন মজে যেতে পারে। ৯৯ পারসেন্ট চান্স আছে আজই ‘সিঙ্গেল’ স্ট্যাটাস ঘোচার। শরীরটা আজ একটু আয়েশ খুঁজবে। দুপুরটা যদি চার পা তুলে নাক ডেকে ঘুমান, তবে ব্রহ্মাণ্ডের কোনো ক্ষতি হবে না।

কর্কট

আজ আপনার মনটা বড্ড উড়ু উড়ু করবে। কক্সবাজার বা বান্দরবান যাওয়ার প্ল্যান করবেন, কিন্তু ব্যাংক ব্যালেন্স চেক করতেই বুঝবেন—আপনার জন্য ইউটিউবের ‘ভার্চুয়াল ট্যুর’ বা জানালার বাইরের ল্যাম্পপোস্টই সেরা ভ্রমণ। মা-বাবার সঙ্গে তর্কে যাবেন না। তাঁরা আজ আপনার ভুল ধরতে ওস্তাদ। বেশি চিন্তা করলে রক্তচাপ বাড়তে পারে, তাই বিকেলে এক কাপ চা খেয়ে শান্ত থাকুন।

সিংহ

আজ অফিসে আপনার পারফরম্যান্স দেখে বসের চোখ কপালে উঠতে পারে। প্রোমোশন বা ইনক্রিমেন্টের গন্ধ পাচ্ছেন কি? কিন্তু বিপদ ওত পেতে আছে বাড়িতে। ঘরের মানুষটি আজ এমন একখানা পুরোনো ঝগড়া খুঁচিয়ে তুলবে যে আপনার সব অফিশিয়াল দাপট নিমেষে জল হয়ে যাবে। তেলেভাজা এড়িয়ে চলুন, নয়তো রাতে অ্যাসিডিটি আপনার বুকে ড্রাম বাজাতে পারে।

কন্যা

আপনি আজ একটু বেশিই সেন্টিমেন্টাল। সামান্য কথায় চোখে পানি আসতে পারে। কিন্তু মনে রাখবেন, আবেগের বসে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডায় তর্কে জড়াবেন না। গ্রহে আজ ‘মারপিট যোগ’ প্রবল, তাই নাকে ঘুষি খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো। যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য আজ পাত্র বা পাত্রী দেখতে যাওয়ার দিন নয়।

তুলা

পরিবারে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সবাই যখন চিৎকার করবে, আপনি তখন যুক্তির মাথা খেয়ে বসবেন না। ঠান্ডা মাথায় কথা বলুন। সহকর্মীদের ওপর আজ আপনার আধিপত্য বজায় থাকবে, যদিও কেউ কেউ পেছনে আপনার নামে বদনাম করতে পারে। নিজেকে সময় দিন। একটু পারলারে যান বা স্পা করুন, নিজেকে আজ সুন্দর দেখানো জরুরি।

বৃশ্চিক

আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। পুরোনো কোনো ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন। কিন্তু আপনার মনের গোপন কোনো খবর ভুলেও সেই বন্ধুকে বলবেন না যে ‘আমি কাউকে বলব না’ বলে পুরো পাড়ায় ঢোল পিটিয়ে আসে। অন্যের ঝামেলায় নাক গলাতে যাবেন না, নয়তো নাকটা আজ আপনারই থেঁতলে যেতে পারে।

ধনু

মাঝেমধ্যে একা থাকা ভালো। আজ ভিড়ের মধ্যেও নিজেকে বড্ড একা মনে হবে। পুরোনো কোনো ডায়েরি বা ছবি খুঁজে পেয়ে নস্টালজিক হতে পারেন। বাড়িতে ঝগড়া বাধলে পাল্টা চিৎকার না করে বাথরুমে ঢুকে গান ধরুন। আপনার গলার সুরে ঝগড়া থেমে যাবে (হয়তো ভয়ের চোটে!)।

মকর

আজ আপনার মধ্যে নেতা হওয়ার ইচ্ছা জাগবে। পাড়ার মোড়ে বা বন্ধুদের আড্ডায় আপনার কথাই শেষ কথা হতে পারে। লোন বা ধারের ব্যাপারে কড়া হন। আজ কাউকে টাকা ধার দেওয়া মানেই হলো সেই টাকা আর কোনো দিন না দেখা। জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় একটু চিনি মাখিয়ে নিন, নয়তো ডিনারটা আপনাকে একাই বাইরে খেতে হতে পারে।

কুম্ভ

আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি আজ কাজে দেবে। কে অফিসে কাজ ফাঁকি দিচ্ছে আর কার টিফিন বক্সে কী আছে—সব খবর আপনার নখদর্পণে। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। প্রিয়জনকে খুশি করতে আজ বেশ বড় অঙ্কের উপহার কিনতে হতে পারে। পকেটে টান পড়লেও হাসিটা থাকবে অমলিন।

মীন

মাথায় আজ সারা পৃথিবীর দুশ্চিন্তা ভর করবে। গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে পাশের বাড়ির বিড়ালের অসুখ—সব নিয়ে ভাববেন। সন্তানদের পড়াশোনার খরচ নিয়ে একটু চাপে থাকতে পারেন। রাগ সামলান! নয়তো রাগের মাথায় চা খেতে গিয়ে কাপটা দেওয়ালে আছাড় মারার প্রবল সম্ভাবনা। শান্ত হয়ে এক চুমুক চা খান।

মেনোপজের ফলে ত্বক জৌলুশ হারাচ্ছে? যেভাবে ত্বকের দেখভাল করলে উপকার পাবেন

ডিজিটাল নেশা থেকে মুক্তি চান? জেনে নিন উত্তরণের পথ

আজকের রাশিফল: বিকেলের সারপ্রাইজ কল মুড বদলে দেবে, অতি চালাকি বিপদ আনবে

বিশ্বের সবচেয়ে কঠিন শিক্ষাব্যবস্থা কোন দেশে, জেনে নিন

আজকের রাশিফল: প্রাক্তনের ফোনে সংসারে সুনামি নামবে, আয়নায় নিজেকে ভেংচি কাটলে ইগো কমবে

বৃষ্টি কেন মনে রোমান্টিক অনুভূতি তৈরি করে

সবার মন জুগিয়ে চলা থেকে নিজেকে মুক্ত রাখার উপায় জেনে নিন

বিচ্ছেদে ভেঙে না পড়ে বদলে ফেলুন জীবন, জেনে নিন উপায়

বজ্রপাত হলে দুর্ঘটনা এড়াতে যা করবেন

কীভাবে কাটাবেন মেঘলা দিনের আমেজ, জেনে নিন