জীবন কখনোই সোজা পথে চলে না। ক্যারিয়ারের মাঝপথে আটকে যাওয়া, চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হওয়া কিংবা প্রিয় কোনো মানুষের কাছ থেকে আঘাত পাওয়া; আমরা অনেকে এমন অদৃশ্য দেয়াল বা বাধার মুখোমুখি হই। সেই মুহূর্তে আমাদের যৌক্তিক মন বলে ওঠে, ‘এবার থাম, আর সম্ভব নয়।’ কিন্তু সাফল্যের চাবিকাঠি লুকিয়ে থাকে এই বাধার ভেতরে থাকা সুযোগগুলোকে চিনে নেওয়ার মধ্যে। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারারুদ্ধ ছিলেন। তিনি সেই বন্দিত্বকে হতাশায় নষ্ট না করে নিজের ও জাতির স্বাধীনতার সুযোগ হিসেবে কাজে লাগিয়েছিলেন। বলা হয়ে থাকে, উদ্ভাবক থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি তৈরির আগে ৯ হাজার ৯৯৯ বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি সেই দীর্ঘ ব্যর্থতাকে ‘ব্যর্থতা’ না ভেবে কোন কৌশলগুলো কাজ করে না, তা শেখার উপায় হিসেবে দেখেছিলেন। প্রশ্ন হলো, আমরা কি দেয়ালের এপাশেই ঘুমিয়ে কাটাব? নাকি দেয়াল ভেঙে, ডিঙিয়ে বা পাশ কেটে নতুন পথ তৈরি করব?
অপেক্ষায় থেকে জীবনের নিখুঁত মুহূর্ত কখনো আসে না। সঠিক সময়ের অপেক্ষা না করে আজই ছোট এক ধাপ দিয়ে শুরু করুন। পথ যতই কঠিন হোক, লক্ষ্য স্থির রেখে ক্রমাগত ছোট ছোট অগ্রগতিই একদিন আপনাকে বড় কোনো জয়ের দরজায় পৌঁছে দেবে।
পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলানো
সংকট এলে আমরা সাধারণত খারাপ পরিণতিটি কল্পনা করে আতঙ্কিত হই। কিন্তু একটু শান্ত হয়ে গভীর শ্বাস নিয়ে ভাবলে দেখা যাবে, পরিস্থিতি যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটা নয়। দৃষ্টিভঙ্গি বদলান। বিপদের মধ্যেও আনন্দের ছোট ছোট উৎস খুঁজে নেওয়া সম্ভব।
ব্যর্থতাকে নতুন আলোয় দেখা
ব্যর্থতা মানেই পথ শেষ নয়। কী ভুল হয়েছে, তা শিখে পুনরায় চেষ্টা করলে গন্তব্যে পৌঁছানো সহজ হয়। খুব দ্রুত হাল ছেড়ে দেওয়া মানুষগুলোই মূলত সাফল্যের দোরগোড়ায় এসে থেমে যায়।
জীবন থেকে নেতিবাচক মানুষ ছাঁটাই করুন
যেসব মানুষ আপনার প্রচেষ্টাকে খাটো করে বা শুধু অন্ধকার দিকটাই দেখায়, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এমন বন্ধুদের কাছে রাখুন যাঁরা বাস্তববাদী, সৎ এবং আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেবে।
নিজের নিয়ন্ত্রণাধীন বিষয়গুলোতে নজর দিন
পরিস্থিতি হাতছাড়া মনে হলে, আপনার নিয়ন্ত্রণে কী কী আছে তার একটি তালিকা তৈরি করুন। আপনার দৃষ্টিভঙ্গি, পরিশ্রমের পরিমাণ, সিদ্ধান্ত, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পুরোপুরি আপনার নিজের নিয়ন্ত্রণে। অহেতুক বাইরের বিষয় নিয়ে না ভেবে নিজের চর্চায় মন দিন।
গন্তব্য ও বাধাকে ছোট ছোট খণ্ডে ভাগ করুন
কোনো বড় লক্ষ্য বা বাধা এক লাফে পার হওয়া সম্ভব নয়। মূল লক্ষ্য ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন। আপনি যদি উচ্চশিক্ষার জন্য যেতে চান, তবে প্রথম ধাপ হতে পারে আবেদনপত্র জমা দেওয়া। ছোট ছোট অর্জন মনোবল বাড়িয়ে দেয়।
প্রযুক্তি ও দূরদর্শিতার ব্যবহার
আজকের ডিজিটাল যুগে যেকোনো পথ চলায় নিজের প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। সঠিক নথিপত্র সঙ্গে রাখা, পরিকল্পনা ব্যাকআপ রাখা এবং বিকল্প পথের কথা বিবেচনায় রেখে কাজে নামা আপনাকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে বাঁচাবে।
নমনীয় ও সক্রিয় পরিকল্পনা রাখা
পরিকল্পনা কখনোই পাথরে খোদাই করা স্থায়ী কিছু নয়। পথে এগোতে এগোতে নতুন যা শিখবেন, সেই অনুযায়ী পরিকল্পনায় পরিবর্তন আনুন। অর্জিত প্রতিটি ছোট ছোট সাফল্য যেমন উদ্যাপন করবেন, তেমনি ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ডায়েরিতে বা নোট করে অগ্রগতি ট্র্যাক করুন।
পরামর্শ ও সহযোগিতা চাওয়া
সব বাধা একা অতিক্রম করার প্রয়োজন নেই। আপনার লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, এমন অভিজ্ঞ ব্যক্তি বা স্বজনদের কাছে পরামর্শ ও সহায়তা চান। এতে জবাবদিহি বাড়ে এবং নতুন পথের সন্ধান মেলে।
খারাপ অভ্যাস ত্যাগ ও লক্ষ্য ভিজুয়ালাইজ করা
আলসেমি বা কাজ পিছিয়ে দেওয়ার মতো বাজে অভ্যাসগুলো মূল বাধার পথকে আরও কঠিন করে তোলে। যখনই ধৈর্য হারাবেন, চোখ বন্ধ করে কল্পনা করুন লক্ষ্য পূরণের পর আপনার কেমন অনুভূতি হবে। এই আত্মতৃপ্তির অনুভূতিই আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে শক্তি জোগাবে।
সূত্র: ফোর্বস, উইকিহাউ, মিডিয়াম