শিশুর অ্যাজমা বা হাঁপানি থাকলে অভিভাবকদের বড় চিন্তার বিষয় হয়ে ওঠে, কীভাবে ঘরের ধুলাবালি নিয়ন্ত্রণ করা যায়। ঘরের ভেতরের ধুলাবালি, স্যাঁতসেঁতে ভাব কিংবা সুগন্ধি দ্রব্যও শিশুর শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে হঠাৎ অ্যাজমা অ্যাটাকের কারণ হয়ে উঠতে পারে। চিকিৎসা ও ইনহেলারের পাশাপাশি ঘর অ্যালার্জেনমুক্ত এবং পরিচ্ছন্ন রাখা শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণের অন্যতম প্রধান শর্ত। একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ঘরের প্রতিটি অংশের পরিচ্ছন্নতায় বিশেষ নজর দেওয়া জরুরি; বিশেষ করে শীতে বাইরে থেকে প্রচুর ধুলাবালি ও ধোঁয়া ঘরে প্রবেশ করে। জেনে নিন যেভাবে ঘর পরিচ্ছন্ন রাখবেন।
ঘরের মধ্যে বেশি অণুজীব বা ডাস্ট মাইট জমে থাকে বিছানা, বালিশ ও গদিতে। এগুলো খালি চোখে দেখা না গেলেও শিশুর শ্বাসকষ্টের অন্যতম প্রধান ট্রিগার হিসেবে কাজ করে। সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর, বালিশের কভার এবং কাঁথা বা কম্বল গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে। পাশাপাশি তোশক, ম্যাট্রেস ও বালিশে বিশেষ ধরনের জিপারযুক্ত ডাস্টমাইট প্রুফ বা হাইপোঅ্যালার্জেনিক কভার ব্যবহার করা যেতে পারে। শিশুর বিছানায় বা ঘরে তুলা বা লোমযুক্ত পুতুল না রাখাই ভালো। একান্তই রাখতে হলে সেগুলোও প্রতি সপ্তাহে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। শোয়ার ঘরে কার্পেট বা পাপোশ রাখা উচিত নয়; কারণ, এতে প্রচুর ধুলাবালি ও জীবাণু আটকে থাকে। ভারী কাপড়ের পর্দার বদলে সহজে পরিষ্কার করা যায়, এমন সুতির পর্দা ব্যবহার করা ভালো।
ঘর পরিষ্কার করতে গিয়ে যেন ধুলা বাতাসে উড়ে শিশুর নাকেমুখে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পরিষ্কারের ক্ষেত্রে শুকনা ঝাড়ু বা পালকের ডাস্টার দিয়ে আসবাব ঝাড়লে ধুলা বাতাসে মিশে যায়। তাই সব সময় হালকা ভেজা সুতির কাপড় দিয়ে আসবাব, জানালা ও মেঝে মুছতে হবে। ঘর ঝাড়ু দেওয়া, মোছা বা ভ্যাকুয়াম ক্লিনিংয়ের সময় শিশুকে অন্য ঘরে রাখতে হবে। পরিষ্কার করার অন্তত আধা ঘণ্টা পর ধুলা থিতিয়ে গেলে শিশুকে ঘরে আনা উচিত। ফ্যানের পাখায় জমে থাকা ধুলা এবং এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে বাতাসের সঙ্গে ধুলা পুরো ঘরে ছড়িয়ে না পড়ে।
শীতকালে বদ্ধ ঘরে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যায় এবং ছত্রাক বাতাসে ভেসে বেড়ায়। এগুলো শিশুর ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। রান্নাঘর ও বাথরুমে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যবহার করতে হবে। প্রতিদিন সকালের রোদ ও তাজা বাতাস ঘরে ঢোকার জন্য জানালা খুলে দেওয়া উচিত। তবে বাইরে প্রচুর ধুলা বা পরাগরেণু থাকলে জানালা বন্ধ রাখাই ভালো। বাথরুম, রান্নাঘর বা ছাদের কোনো পাইপ থেকে পানি চুইয়ে দেয়াল ভিজলে তা দ্রুত মেরামত করতে হবে। ভেজা তোয়ালে বা মোছার কাপড় ঘরের ভেতরে না শুকিয়ে বাইরে রোদে শুকাতে হবে।
অনেক সময় ঘর পরিষ্কার করতে গিয়ে আমরা এমন সব রাসায়নিক ব্যবহার করি, যার তীব্র গন্ধ শিশুর শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া বা তীব্র গন্ধযুক্ত ফ্লোর ক্লিনার ব্যবহার এড়িয়ে চলতে হবে। পরিষ্কারের কাজে গন্ধহীন সাবান-পানি অথবা পানির সঙ্গে সামান্য সাদা ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে প্রাকৃতিক ক্লিনার হিসেবে ব্যবহার করা নিরাপদ। ঘরে রুম স্প্রে, অ্যারোসল, মশার কয়েল, ধূপকাঠি বা সুগন্ধি মোমবাতি জ্বালানো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শিশুর কাপড় ধোয়ার ক্ষেত্রেও গন্ধহীন ডিটারজেন্ট ব্যবহার করতে হবে।
ঘরের তেলাপোকা বা ইঁদুরের মলমূত্র এবং পোষা প্রাণীর খুশকি ও লোম অ্যাজমার তীব্রতা বাড়িয়ে দেয়। ঘরের যেখানে-সেখানে খাবার না খেয়ে নির্দিষ্ট ডাইনিং টেবিলে খাওয়ার অভ্যাস করতে হবে। সব খাবার মুখবন্ধ পাত্রে রাখতে হবে। রান্নাঘরের ময়লার ঝুড়িও হতে হবে ঢাকনাযুক্ত এবং প্রতিদিন এটি পরিষ্কার করতে হবে। বাড়িতে বিড়াল বা কুকুর থাকলে সেগুলোকে কোনোভাবেই শিশুর শোয়ার ঘরে বা বিছানায় উঠতে দেওয়া যাবে না। পোষা প্রাণীকে নিয়মিত গোসল করাতে হবে।
ঘরের পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ হলো বাতাস বিশুদ্ধ রাখা। বাড়ির কোনো সদস্য বা অতিথিকে ঘরের ভেতরে এমনকি বারান্দায় দাঁড়িয়েও ধূমপান করতে দেওয়া যাবে না। ধূমপায়ীর পোশাক এবং চুলে লেগে থাকা তামাকের সূক্ষ্ম কণাও শিশুর শ্বাসকষ্টের কারণ হতে পারে। শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা কোনো একদিনের কাজ নয়, বরং এটি প্রতিদিনের জীবনযাপনের অংশ। ঘরের পরিবেশ পরিচ্ছন্ন ও অ্যালার্জেনমুক্ত রাখতে পারলে শিশুর ওষুধের ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি সে সুস্থও থাকবে।
সূত্র: কিডস হেলথ ও অন্যান্য