হোম > জীবনধারা > জেনে নিন

বিশ্ব বেকিং দিবস

বেকিংয়ে ৭ ভুল নয়

ফিচার ডেস্ক, ঢাকা 

প্রতিবছর মে মাসের তৃতীয় রোববার পালিত হয় বিশ্ব বেকিং দিবস। প্রতীকী ছবি: ম্যাগনিফিক ডট কম

রান্নাঘর ভরে গেছে ভ্যানিলার মিষ্টি সুবাসে। ওভেনের ভেতর ফুলে উঠছে একটি কেক। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি চিন্তিত। প্রথমবার কেক বেকিংয়ে দুশ্চিন্তা হতেই পারে। দুশ্চিন্তা না করে বেকিংয়ের ৭টি ভুল জেনে নিন। এগুলো এড়িয়ে চললে, হয়ে উঠতে পারবেন দারুণ এক বেকার!

বিশ্ব বেকিং দিবস এলেই এমন ছোট ছোট মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে। দিনটি প্রতিবছর মে মাসের তৃতীয় রোববার পালিত হয়। এ বছর দিনটি পড়েছে ১৭ মে। আপনার ব্যস্ত দিনের এক ফাঁকে, পরিবার বা প্রিয় মানুষের চমকে দিতে পারেন নিজের হাতে বিশেষ কিছু মজার কেক বেক করে।

বেকিং অনেকের কাছে কেবল রান্না নয়। বরং একধরনের ভালো লাগার বিষয় এবং অনেকের কাছে এটি মানসিক যন্ত্রণা দূরে রাখার বিষয়ও বটে। তবে স্বাভাবিকভাবে নতুনদের কাছে বেকিং কিছুটা কঠিন কাজ মনে হতে পারে। সঠিক মাপজোক, নিয়ম আর এত ধাপ দেখে অনেকেই ভয় পেয়ে যান। সাধারণ রান্নার মতো, আন্দাজ করে বা চোখের দেখায় অনুমান করে বেকিং করা যায় না। সামান্য ভুলে নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের কেকটি। অথবা, ভেঙে যেতে পারে আপনার কুকিজ এবং মনমতো নাও হতে পারে আপনার পছন্দের ডেজার্টটি। তবে মজার বিষয় হলো, প্রায় সব সফল বেকারের শুরুর গল্পটাই হয় এমন ছোট ছোট ভুল দিয়ে। প্রথম ভুলটি হয়, উপকরণের মাপ নিয়ে। সামান্য বেশি ময়দা কিংবা কম চিনি আপনার শখের খাবারটির পুরো স্বাদ বদলে দিতে পারে।

বেকিংয়ে ছোট ছোট কিছু বিষয় বিবেচনায় রাখলে, সাধারণ ভুলগুলো এড়িয়ে সহজে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, বেকিংয়ে কোন সাতটি ভুল এড়িয়ে চলা জরুরি।

উপকরণের পরিমাপ ঠিক না রাখা

বেকিং পুরোপুরি নির্ভর করে উপকরণের নিখুঁত পরিমাপের ওপর। সামান্য এদিক সেদিক হলেই কেক শক্ত হয়ে যেতে পারে। আবার চিনির পরিমাণ কমবেশি হলে স্বাদ আর টেক্সচার দুটিই বদলে যায়। তাই আন্দাজে নয়, উপকরণ নেওয়ার জন্য মেজারমেন্ট কাপ ও চামচ ব্যবহার করুন। শুকনো উপকরণ সরাসরি তুলে না নিয়ে, সমান করে মেপে নিন।

ফ্রিজ থেকে বের করেই উপকরণ ব্যবহার করা

রেসিপিতে যদি স্বাভাবিক তাপমাত্রার কথা বলা থাকে, তাহলে ঠান্ডা বাটার বা ডিম ব্যবহার করলে কেকের ব্যাটার ঠিকমতো মিশবে না। এতে কেকটি অসমান আর শক্ত হয়ে যেতে পারে। তাই উপকরণগুলো ফ্রিজ থেকে আগেই বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনুন।

ব্যাটার বেশি মেশানো

নতুনদের বেশি করা ভুলের মধ্যে এটি অন্যতম। ব্যাটার বা ডো বেশি সময় ধরে মেশালে কেক নরম হওয়ার বদলে আরও শক্ত হয়ে যায়। তাই উপকরণ যতটুকু মেশানো দরকার, ততটুকুই করুন।

ওভেন আগে থেকে গরম না করা

ওভেন ঠিকমতো গরম না হওয়ার আগেই কেক ঢুকিয়ে দিলে বেকিং ঠিকভাবে হয় না। এতে কেক নাও ফুলতে পারে। এতে কেকের ভেতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। তাই আগে থেকে ওভেন গরম বা প্রিহিট করে নিন।

বারবার ওভেন খুলে দেখা

ওভেনে ঢোকানোর পরে খাবারটি তৈরি হচ্ছে কি না, তা দেখতে ইচ্ছে করাটা স্বাভাবিক। কিন্তু বারবার ওভেন খুললে ভেতরের গরম বাতাস বের হয়ে যায়। ফলে কেক বা কুকিজ বা অন্যান্য খাবার সমানভাবে বেক নাও হতে পারে। তাই নির্ধারিত সময়ের আগে ওভেন না খোলাই ভালো। তাই কাচের বাইরে থেকে আপনার খাবার তৈরি হওয়া দেখেই শান্ত থাকুন।

রেসিপির গুরুত্বপূর্ণ ধাপ বাদ দেওয়া

অনেকে শুধু উপকরণ দেখে রান্না শুরু করেন। কিন্তু ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করেন না। ময়দা চেলে নেওয়া, ট্রে গ্রিজ করা বা আলতো করে মেশানোর মতো বিষয়গুলো ঠিকভাবে করা জরুরি। তাই বেকিং শুরু করার আগে একবার পুরো রেসিপিটি পড়ে নেওয়া ভালো। তাতে খাবারের প্রতিটি ধাপ সম্পর্কে জানতে পারবেন এবং সেই মতো ধাপগুলো অনুসরণ করতে পারবেন।

ভুল বেকিং প্যান ব্যবহার করা

আপনি কোন প্যানে বেক করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। প্যান ছোট নাকি বড় তার ওপর নির্ভর করবে বেকিংয়ের সময়। আবার কিছু প্যান আছে, দ্রুত গরম হয়। তাই রেসিপিতে যেটি বলা আছে, সেটির কাছাকাছি প্যান ব্যবহারের চেষ্টা করুন।

বেকিংয়ের সুন্দর দিকটি হলো, এখানে ভুল করেও শেখা যায়। এক দিনেই সুন্দর খাবার তৈরি হয়ে যাবে, এমন কোনো কথা নেই। কারণ শেষ পর্যন্ত এটি শুধু কেক বা কুকিজ বানানোর গল্প নয়। নিজের হাতে ভালো কিছু তৈরি করার এবং পরিবার ও প্রিয় মানুষের খুশি করতে পারার আনন্দ। আপনার বানানো প্রথম কেকটা ভালো নাও হতে পারে অথবা কুকিজগুলো একটু বেশি পুড়ে যেতে পারে। এমন ছোট ছোট ভুল থেকে শিখেই একদিন আপনিও একজন ভালো বেকার হতে পারেন।

সূত্র: এনডিটিভি ফুড

আজকের রাশিফল: সঙ্গীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই শকড হবেন, আজ ভাইরাল হবেন

দাম্পত্য জীবন মধুর করতে মেনে চলুন এই বিষয়গুলো

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন কীভাবে

জেনে রাখুন, ডিহাইড্রেশনের লক্ষণগুলো এবং সুস্থ থাকার সহজ টিপস

আজকের রাশিফল: ভাগ্য পরীক্ষা করতে যাবেন না, অতি আত্মবিশ্বাস ফাঁদে ফেলবে

আপনি কি বিমানযাত্রায় ভয় পান? জেনে নিন অভিজ্ঞ বৈমানিকের পরামর্শ

পিরিয়ড চলাকালে নারীদের ‘কষ্ট ও ব্যর্থতার স্মৃতি’ মনে পড়ে যে কারণে

শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন

অত্যন্ত সংবেদনশীল মানুষেরা নিজেদের ভালো রাখবেন যেভাবে

আজকের রাশিফল: ব্যক্তিত্বের চেয়ে পকেটের ওজন বাড়ানোয় মন দিন, পুরোনো আশা পূরণ হবে