হোম > জীবনধারা > জেনে নিন

কী ছিল নেদারল্যান্ডসের কমলা রঙের জার্সির পেছনের গল্প

ফিচার ডেস্ক

কমলা রঙের জয়যাত্রার গল্পটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চার শ বছর আগে। এর মূল নায়ক ওলন্দাজ রাজপরিবারের প্রতিষ্ঠাতা উইলিয়াম অব অরেঞ্জ। ছবি: সংগৃহীত

কমলা সমুদ্র! ওলন্দাজ বলুন আর ডাচ বলুন, ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে যেকোনো আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গ্যালারি থেকে পুরো শহর মুহূর্তে বদলে দেবে উত্তাল কমলা সমুদ্রে। সে জন্যই বুঝি ডাচ ফুটবল দলের ডাকনামই হয়ে গেছে অরেঞ্জ লিজিয়ন। আমরা জানি, নেদারল্যান্ডসের মানুষ ও তাদের ভাষাকে ডাচ নামে ডাকা হয়।

খেয়াল করেছেন কি, নেদারল্যান্ডসের জাতীয় পতাকায় লাল, সাদা আর নীল ছাড়া কমলা রঙের কোনো অস্তিত্বই নেই। অথচ সাধারণ নিয়ম হলো, পতাকার রঙের কোনো একটি রং বা তার শেড বেছে নিয়ে তৈরি করা হয় খেলোয়াড় ও সমর্থকদের জার্সি। নেদারল্যান্ডস সেই সাধারণ নিয়মের ধার ধারে না! অবশ্য বিষয়টিকে ঠিক ‘মাস্তানি’ বলা যায় না। কারণ, দেশটির মানুষের কমলা রঙের প্রীতির পেছনে লুকিয়ে আছে এক গভীর ইতিহাস। পতাকায় না থাকলেও এই এক টুকরা কমলা রং ওলন্দাজদের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় অহংকারকে সুতায় বেঁধে রেখেছে।

প্রতিবছর ২৭ এপ্রিল রাজার জন্মদিনে পুরো নেদারল্যান্ডস উৎসবে মেতে ওঠে। সেদিন আমস্টারডামের রাস্তা থেকে শুরু করে বিখ্যাত খালগুলো কমলা রঙের বন্যায় ভেসে যায়। ছবি: উইকিপিডিয়া

ইতিহাসের পাতা থেকে কমলার উৎপত্তি

এই কমলা রঙের জয়যাত্রার গল্পটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চার শ বছর আগে। এর মূল নায়ক ওলন্দাজ রাজপরিবারের প্রতিষ্ঠাতা উইলিয়াম অব অরেঞ্জ। তিনি অবশ্য উইলিয়াম দ্য সাইলেন্ট নামেও পরিচিত। ১৫৬৮ সালে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে ওলন্দাজরা তাদের ঐতিহাসিক স্বাধীনতাসংগ্রাম শুরু করে। সেই সময় উইলিয়ামই হয়ে উঠেছিলেন ডাচ স্বাধীনতার মূল প্রতীক। দীর্ঘ ৮০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬৪৮ সালে নেদারল্যান্ডস একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরই মধ্যে উইলিয়ামের নামের সঙ্গে থাকা অরেঞ্জ বা কমলা রংটি ওলন্দাজদের কাছে শুধু একটি রাজকীয় বিষয় থাকেনি, তা হয়ে উঠেছিল জাতীয় বীরত্ব ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আজ শত শত বছর পরও ডাচ রাজপরিবারের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা বিন্দুমাত্র কমেনি। সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটে দেশটির ফুটবলসহ যেকোনো খেলার কমলা জার্সিতে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘লন্ড্রি প্রতিরোধ’

কমলা রং ওলন্দাজদের কাছে কতটা আবেগের, তার একটি দারুণ উদাহরণ পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে। ডাচদের কোণঠাসা করতে জার্মানরা নেদারল্যান্ডসের জাতীয় পতাকার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তখন ডাচ গৃহিণীরা এক অভিনব উপায়ে প্রতিবাদ জানাতেন। তাঁরা বাড়ির উঠানে বা বারান্দায় ধোয়া কাপড় শুকাতে দেওয়ার সময় একটি বিশেষ কৌশল নিতেন। লাইনে কাপড়গুলো এমনভাবে সাজিয়ে ঝোলানো হতো, যাতে দূর থেকে দেখলে ধারাবাহিকভাবে একটি কমলা, একটি লাল, একটি সাদা এবং একটি নীল রঙের কাপড়ের প্যাটার্ন তৈরি হয়। স্বৈরশাসকের চোখের আড়ালে এই ‘লন্ড্রি প্রতিরোধ’ ওলন্দাজদের জাতীয় ঐক্যকে বাঁচিয়ে রেখেছিল।

২০২৬ বিশ্বকাপে এক ঐতিহাসিক ‘বৃত্তপূরণ’

২০২৬ সালের মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় চলমান ফুটবল বিশ্বকাপে হাজার হাজার ডাচ সমর্থক টেক্সাসের হিউস্টন কিংবা কানসাস সিটির স্টেডিয়ামগুলোকে কমলা রঙে ভাসিয়ে দিয়েছেন। তাঁদের সেই ইতিহাসের এক চমৎকার বৃত্তপূরণ ঘটেছে এবারও। ডাচদের এই কমলা উন্মাদনার সঙ্গে আমেরিকার মাটির সম্পর্ক কিন্তু বহু পুরোনো। সতেরো শতকে ডাচ স্বর্ণযুগে আজকের নিউইয়র্ক, নিউজার্সি ও ডেলাওয়্যার অঞ্চলজুড়ে ওলন্দাজরা ‘নিউ নেদারল্যান্ড’ নামের একটি উপনিবেশ গড়ে তুলেছিল। পরবর্তী সময়ে ১৬৬৪ সালে ব্রিটিশরা এর নিয়ন্ত্রণ নিয়ে ডাচদের ‘নিউ আমস্টারডাম’ শহরের নাম বদলে ‘নিউইয়র্ক সিটি’ রাখলেও ওলন্দাজদের স্মৃতি একদম মুছে যায়নি। ডাচ রাজপরিবারের বংশধর রাজা উইলিয়াম ৩-এর নামানুসারে আমেরিকার বুকে গড়ে ওঠে ‘অরেঞ্জ কাউন্টি’। কয়েক শ বছর পর আজ ওলন্দাজ সমর্থকেরা কমলা পোশাক পরে আমেরিকার মাটিতে উল্লাস করছেন। এটি যেন তাঁদের নিজেদেরই রেখে যাওয়া ইতিহাসের কাছে ফিরে আসা।

উৎসবের রং অরেঞ্জ

শুধু খেলাধুলার মাঠেই নয়, প্রতিবছর ২৭ এপ্রিল রাজার জন্মদিনে পুরো নেদারল্যান্ডস উৎসবে মেতে ওঠে। সেদিন আমস্টারডামের রাস্তা থেকে শুরু করে বিখ্যাত খালগুলো কমলা রঙের বন্যায় ভেসে যায়। এই উন্মাদনা এতটাই তীব্র, কোনো কোনো অসচেতন পর্যটক পুরোনো ট্রাভেল গাইড দেখে ভুল করে ৩০ এপ্রিল সাবেক রানির জন্মদিনে আমস্টারডামে কমলা পোশাক পরে হাজির হন। ওলন্দাজরা ভালোবেসে এই ভুল করা পর্যটকদের নাম দিয়েছেন ভেরখিস-তুঁরিস্তেন; যার বাংলা করলে দাঁড়ায় ‘ভুল পথে যাওয়া পর্যটক’!

সূত্র: ডাচ আমস্টারডাম, পলিটিকো

অতিরিক্ত গরম পড়লে ফরাসি নারীরা আলমারিতে যে ৭টি অপরিহার্য পরিধেয় ও অনুষঙ্গ রাখেন

তবে কি শেষ হয়ে যাচ্ছে সাধারণ চশমার যুগ

জেনে নিন জনপ্রিয় হয়ে ওঠা জার্মান স্কিন কেয়ারের ৪টি ট্রেন্ড

দক্ষিণ আফ্রিকার মালভা পুডিং

বর্ষায় অতিরিক্ত চুল পড়ার কারণ ও সমাধান

কাদাপানি থেকে পায়ের সুরক্ষায়

‘মিসইনফোডেমিক’-এ আটকে যাচ্ছেন না তো? জেনে নিন পরিত্রাণের উপায়

প্রতিদিনের যে ৮ অভ্যাস বাড়াতে পারে আপনার আয়ু

ফুটবল নয়, তবে আর্জেন্টিনার জাতীয় খেলা কী

টাকা ছাড়াই কেনাকাটার সুখ! দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’