হোম > জীবনধারা > জেনে নিন

সামাজিক আড়ষ্টতা কাটানোর উপায় জেনে নিন

ফিচার ডেস্ক, ঢাকা 

সামাজিক আড়ষ্টতা অপরাধ নয়, তবে কিছু লক্ষণ চিনে নিজের আচরণে সচেতনতা আনলে এই সমস্যা থেকে অনেকটাই উত্তরণ সম্ভব। প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি

সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আমরা অনেকে মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়ি। অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়, তবে কিছু লক্ষণ চিনে নিজের আচরণে সচেতনতা আনলে এই সমস্যা থেকে অনেকটাই উত্তরণ সম্ভব।

অস্বস্তিবোধ হচ্ছে বুঝবেন যেভাবে

হঠাৎ নীরবতা: কোনো স্বাভাবিক কথোপকথনের মাঝে আপনি কিছু বলার বা করার পর যদি দীর্ঘ নীরবতা নেমে আসে, এই সময় বুঝতে হবে অন্যদিকের মানুষটি হয়তো কী উত্তর দেবেন, তা ভেবে পাচ্ছেন না কিংবা আপনার কথায় অস্বস্তিবোধ করছেন।

অস্বস্তিকর শরীরী ভাষা: কথা বলার সময় সামনের মানুষটি যদি বুক বেঁধে হাত গুটিয়ে নেন, অনেকেই চোখ এড়াতে ঘরের অন্যদিকে তাকান বা মুখ গম্ভীর করে ফেলেন। এসব শারীরিক অস্বস্তির ইঙ্গিত।

সামাজিক অনুশীলনের অভাব কিংবা দীর্ঘকাল একা থাকা আড়ষ্টতার বড় কারণ। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

সংক্ষিপ্ত ও কৃত্রিম প্রতিক্রিয়া: আপনার কথা বা প্রশ্নের উত্তরে কেউ যদি শুধু ‘হুম’, ‘ঠিক আছে’ বা ‘আচ্ছা’ বলেন এবং আগ্রহ না দেখান, তাহলে বুঝে নিতে হবে, তিনি হয়তো দ্রুত কথা শেষ করতে চান। অনেকে বিনয়ের খাতিরে কৃত্রিম হাসি বা মাথা নেড়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

দ্রুত সটকে পড়ার চেষ্টা: কেউ যদি বারবার আপনার সঙ্গে কথা শেষ করে চলে যাওয়ার পথ খোঁজেন কিংবা চোখে চোখ রাখা এড়িয়ে যান, তাহলে বুঝে নিতে হবে, আপনার উপস্থিতি তাঁর জন্য কিছুটা অস্বস্তিকর হচ্ছে।

নিজ থেকে কথা না বলা ও আত্মবিশ্বাসের অভাব: হাঁটার সময় মাথা নিচু করে থাকা, ভ্রু কুঁচকে রাখা বা আত্মবিশ্বাসহীন শরীরী ভাষা মানুষকে দূরে ঠেলে দেয়। একটি খোলামেলা বা হালকা হাস্যোজ্জ্বল চেহারা মানুষকে সহজে কাছে টানে।

সামাজিক আড়ষ্টতার দৈনন্দিন কিছু চেনা রূপ

সামাজিক সংকোচ যাঁদের বোধ হয়, তাঁরা দৈনন্দিন জীবনে নানা সূক্ষ্ম সংকটে পড়েন। যেমন কাউকে কোনো কথা বলে সারা দিন অনুশোচনা করা, অন্যের জন্মদিনের গান গাওয়ার সময় কী করবেন ভেবে না পাওয়া, ভুল করে উপহারের জায়গায় ‘আপনাকেও ধন্যবাদ’ বলে ফেলার মতো ঘটনা ঘটানো। এমনও হতে পারে যে লিফটে বা ক্যাশ কাউন্টারে অপরিচিতদের পাশে থমকে দাঁড়িয়ে থাকা কিংবা কাউকে সম্ভাষণ জানানোর সময় হাত মেলাবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়ে যাওয়া। অনেকে এমন পরিস্থিতিতে অস্বস্তি এড়াতে ভুয়া ফোনকল বা টেক্সট করার ভান করেন কিংবা ঘরের বাইরে যাওয়া এড়াতে খাবার ডেলিভারি দিয়ে থাকেন।

কেন হয় এই আড়ষ্টতা

সামাজিক অনুশীলনের অভাব কিংবা দীর্ঘকাল একা থাকা আড়ষ্টতার বড় কারণ। এ ছাড়া অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের মতো নিউরোডাইভারজেন্ট বৈশিষ্ট্যের কারণেও অনেকে স্বাভাবিক সামাজিক সংকেত বা আবেগ বুঝতে সমস্যার সম্মুখীন হন। অতীতের কোনো খারাপ সামাজিক অভিজ্ঞতা, লাজুকতা বা সংস্কৃতিগত ভিন্নতাও সংকোচ বাড়িয়ে দিতে পারে।

আড়ষ্টতা কাটানোর কার্যকর কৌশল

নিজের এই আড়ষ্টতা বা সংকোচগুলো চিনে ইতিবাচক পরিবর্তন আনার অভ্যাস গড়ে তুললে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা যেমন সহজ হয়, তেমনি আত্মবিশ্বাসও বহুগুণ বেড়ে যায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই আড়ষ্টতা কাটিয়ে ওঠা সম্ভব।

  • বডি স্ক্যানিং বা নিজের ভঙ্গির দিকে নজর দিন। হাসিমুখে কথা বলা এবং কথা বলার সময় মৃদু আই-কন্টাক্ট বা চোখে চোখ রাখার চেষ্টা করুন।
  • নিজের কথা বলার চেয়ে অন্যের কথা শোনার দিকে বেশি মনোযোগ দিন। অন্য মানুষ কী বলছে, তা বুঝলে প্রাসঙ্গিক উত্তর দেওয়া সহজ হয়।
  • ছোটখাটো ভুল বা অস্বস্তিকর মুহূর্ত নিয়ে সারা দিন চিন্তা না করে নিজেকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখুন। ভুল সামাজিক অভিজ্ঞতা সবারই হয়।

সূত্র: মেট্রো, সায়েন্স ডেইলি