হোম > জীবনধারা > জেনে নিন

নতুন ট্রেন্ড স্লো এজিং, যেভাবে কমাবেন বয়সের গতি

ফিচার ডেস্ক, ঢাকা 

বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে স্লো এজিং। ছবি: পেক্সেলস

নিয়ম মেনে রোজই বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বয়সের ছাপ শরীরে বা মুখে কত দ্রুত পড়বে, তা অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধারণাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে স্লো এজিং। এতে ত্বকের বয়স বাড়ে, কিন্তু ধীরে। না, বিজ্ঞাপন দেখে নামী ব্র‍্যান্ডের দামি অ্যান্টি-এজিং ক্রিম মাখা বা কৃত্রিম উপায়ে ত্বক টানটান রাখার বিষয়ে কথা একেবারেই হচ্ছে না। সবটাই হবে প্রাকৃতিক উপায়ে। শুধু মানতে হবে কিছু নিয়ম।

স্লো এজিং কী এবং কেন প্রয়োজন

সহজ কথায়, স্লো এজিং হলো এমন এক জীবনধারা, যা আমাদের কোষের ক্ষয় রোধ করে বার্ধক্যের গতিকে কমিয়ে দেয়। আধুনিক জীবনের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, নিদ্রাহীনতা এবং দূষণের কারণে আমাদের শরীরের বায়োলজিক্যাল এজ বা জৈবিক বয়স প্রকৃত বয়সের চেয়ে বেড়ে যায়। ফলে ৩০ বছর বয়সে অনেককে ৩৫ বা ৪০ বছরের মানুষের মতো দেখায়। এই অকালবার্ধক্য রুখতেই কাজ করে স্লো এজিং।

রেটিনল, ভিটামিন সি এবং হায়ালুরনিক অ্যাসিডসমৃদ্ধ স্কিন কেয়ার সেরাম ত্বকের কোলাজেন উৎপাদন ধরে রাখতে সাহায্য করে। ছবি: পেক্সেলস

তরুণ থাকার চাবিকাঠি

স্লো এজিংয়ের মূল উপাদান লুকিয়ে রয়েছে আমাদের রান্নাঘরে এবং দৈনন্দিন অভ্যাসে। চিকিৎসকদের মতে, অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ খাবার কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এ জন্য রঙিন শাকসবজি, বেরি জাতীয় ফল, গ্রিন টি, বাদাম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত। পাশাপাশি, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি বর্জন করা জরুরি। কারণ, চিনি কোলাজেন ভেঙে ত্বকে বলিরেখা স্পষ্ট করে তোলে।

সানস্ক্রিন ও সেরাম ব্যবহারের গুরুত্ব

বাহ্যিক সুরক্ষায় স্লো এজিংয়ের বড় অস্ত্র হলো সানস্ক্রিন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের বুড়িয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। একে বলা হয় ফটো এজিং। রোদ হোক বা মেঘলা দিন, প্রতিদিন এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। এ ছাড়া রেটিনল, ভিটামিন সি এবং হায়ালুরনিক অ্যাসিডসমৃদ্ধ স্কিন কেয়ার সেরাম ত্বকের কোলাজেন উৎপাদন ধরে রাখতে সাহায্য করে।

মানসিক চাপ কমানো ও পর্যাপ্ত ঘুম

দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী। তাই ধ্যান, যোগব্যায়াম বা পছন্দের কাজের মাধ্যমে মন শান্ত রাখা স্লো এজিংয়ের বড় অংশ। একই সঙ্গে প্রয়োজন প্রতি রাতে ৭ থেকে ৮ ঘণ্টার গভীর ঘুম। ঘুমের সময় আমাদের শরীরের কোষগুলো নিজে থেকে মেরামত বা হিলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।

শারীরিক সক্রিয়তা

নিয়মিত শরীরচর্চা করলে শরীরে রক্তসঞ্চালন বাড়ে, যা ত্বকে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম সেলুলার স্তরে বয়স বাড়ার প্রক্রিয়া ধীর করে দেয়।

দিন ও রাতের আদর্শ স্কিন কেয়ার রুটিন

বয়সের ছাপ রুখতে সকাল ও রাতের রূপচর্চায় কিছুটা ভিন্নতা আনা প্রয়োজন। এ জন্য রুটিন মেনে চলতে হবে।

দিনের রুটিন

ক্লিনজিং: মৃদু বা জেন্টল ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন।

ভিটামিন সি সেরাম: ত্বক ফ্রি র‌্যাডিক্যাল এবং দূষণ থেকে বাঁচাতে এটি ব্যবহার করুন।

ময়শ্চারাইজার: ত্বকের ধরন অনুযায়ী ভালো একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন।

সানস্ক্রিন: রোদের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে ফেলে দ্রুত বুড়িয়ে দেয়। তাই প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক।

রাতের রুটিন

ডাবল ক্লিনজিং: সারা দিনের মেকআপ ও সানস্ক্রিন তুলতে প্রথমে অয়েল ক্লিনজার ও পরে ওয়াটার-বেসড ফেসওয়াশ ব্যবহার করুন।

রেটিনল সেরাম: রাতে ত্বক মেরামতের কাজ ভালো হয়। সপ্তাহে ২ থেকে ৩ রাত রেটিনল সেরাম ব্যবহার করুন। গর্ভবতী নারীদের রেটিনল ব্যবহার ঠিক হবে না।

নাইট ক্রিম বা ময়শ্চারাইজার: রেটিনল ব্যবহারের পর ত্বক শুষ্ক হতে পারে। তাই একটি ভারী ও পুষ্টিকর নাইট ক্রিম ব্যবহার করুন।

সূত্র: ইটিং ওয়েল, আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি ও বায়োজিনা

ছবি: পেক্সেলস

কর্টিসল কি আসলেই ডিটক্স করা যায়? জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে

উল্টো চলা ঘুমের ঘড়ি সোজা করার ৮ উপায়

মনোযোগ কমে গেছে? জ্বলন্ত মোমবাতি দিতে পারে সমাধান

কর্মক্ষেত্রে থাকুন স্বচ্ছন্দময় ও পরিপাটি

খেলা চলাকালীন এবং খেলা শেষে মানসিক স্থিরতা বজায় রাখার উপায়

প্রিয় দল জিতলে পার্টি দেবেন যেভাবে

ভাইরাল ১০ ঘরোয়া পদ্ধতি, যা ত্বকের ক্ষতি করতে পারে

বর্ষায় প্রিয় মানুষের সঙ্গে মধুময় সময় কাটাতে পারেন যেভাবে

চা তৈরির পর টি ব্যাগ ফেলে না দিয়ে যা করতে পারেন

আপনি কি মানসিকভাবে ক্লান্ত? জেনে নিন এই ১০ লক্ষণ দেখে