পরিবারের কোনো সদস্য যখন ক্যানসার, কিডনি জটিলতা, প্যারালাইসিস বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকেন, তখন তাঁর শারীরিক ও মানসিক যত্নের পাশাপাশি ঘরের পরিবেশের দিকেও বাড়তি নজর দিতে হয়। জানেনই তো, সাধারণ ঘর পরিষ্কার করা আর একজন গুরুতর অসুস্থ রোগীর ঘর পরিষ্কার করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সামান্য অসতর্কতা থেকে ছড়িয়ে পড়া জীবাণু রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তাই সঠিক নিয়ম মেনে রোগীর ঘর পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা জরুরি। কী করবেন? জেনে নিন।
রোগীর ঘর কখনোই বদ্ধ বা স্যাঁতসেঁতে হতে দেওয়া উচিত নয়। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের জানালা খুলে দিন যাতে বাইরের নির্মল বাতাস এবং সূর্যের আলো ঘরে প্রবেশ করতে পারে। প্রাকৃতিক আলো ও বাতাস ঘরের ভেতরের আর্দ্রতা কমায় এবং রোগজীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তবে বাইরে প্রচুর ধুলাবালি উড়লে জানালায় পাতলা নেট বা পর্দা ব্যবহার করতে পারেন।
রোগীর ঘরে কখনোই শুকনো ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া উচিত নয়। ঝাড়ু দিলে মেঝের সূক্ষ্ম ধুলাবালি ও জীবাণু বাতাসে উড়ে রোগীর শ্বাসযন্ত্রে প্রবেশ করতে পারে। এর পরিবর্তে প্রতিদিন অন্তত দুবার জীবাণুনাশক তরল মিশ্রিত পানি দিয়ে মেঝে মুছে ফেলুন। আসবাবপত্র মোছার ক্ষেত্রেও শুকনো কাপড়ের বদলে হালকা ভেজা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা নিরাপদ।
ঘরের যেসব জায়গায় হাতের স্পর্শ বেশি লাগে, সেখানে জীবাণু দ্রুত বাসা বাঁধে। দরজার হাতল, জানালার ছিটকিনি, লাইটের সুইচ, বিছানার রেলিং, সাইড টেবিল, ফ্রিজের হাতল এবং রোগীর ব্যবহৃত মোবাইল ফোন বা রিমোট প্রতিদিন অন্তত এক থেকে দুবার জীবাণুনাশক স্প্রে বা অ্যালকোহলযুক্ত ওয়াইপস দিয়ে মুছে নিন।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা দিনের বেশির ভাগ সময় বিছানায় কাটান। তাই তাঁদের বিছানার চাদর, বালিশের কভার ও কাঁথা প্রতি দুই থেকে তিন দিন পরপর বদলে ফেলা উচিত। ব্যবহৃত চাদর বিছানা থেকে তোলার সময় কখনোই জোরে ঝাড়বেন না। তাতে চাদরে লেগে থাকা জীবাণু বাতাসে ছড়িয়ে পড়তে পারে। রোগীর ব্যবহৃত কাপড় পরিবারের অন্যদের কাপড়ের সঙ্গে না মিশিয়ে আলাদাভাবে হালকা গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকান।
রোগীর ঘরে যত কম জিনিসপত্র থাকবে, ঘর পরিষ্কার রাখা তত সহজ হবে। ঘরে অতিরিক্ত কার্পেট, পাপোশ, ভারী পর্দা বা শো-পিস রাখবেন না। এগুলোতে প্রচুর ধুলা জমে। এমনকি রোগীর ঘরে তাজা ফুলের তোড়া বা ইনডোর প্ল্যান্ট না রাখাই ভালো। কারণ ফুলের রেণু বা টবের মাটিতে থাকা ছত্রাক রোগীর অ্যালার্জি ও সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
রোগীর যদি নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর, ব্লাড প্রেসার মাপার মেশিন বা হুইলচেয়ার ব্যবহারের প্রয়োজন হয়, তবে প্রতিবার ব্যবহারের পর সেগুলো জীবাণুমুক্ত কাপড় দিয়ে মুছে রাখুন। এ ছাড়া ব্যবহৃত টিস্যু, গজ-ব্যান্ডেজ, ডায়াপার বা ওষুধের খোসা ফেলার জন্য ঘরের এক কোণে ঢাকনাযুক্ত ময়লার ঝুড়ি রাখুন এবং প্রতিদিন সেটি খালি করুন।
যিনি ঘর পরিষ্কার করবেন বা রোগীর সেবা করবেন, তাঁর নিজেরও সতর্ক থাকা প্রয়োজন। ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত করার সময় হাতে ডিসপোজেবল গ্লাভস এবং মুখে মাস্ক পরে নিন। পরিষ্কারের কাজে তীব্র গন্ধযুক্ত কেমিক্যাল বা ব্লিচ ব্যবহার করলে ঘর ভালোভাবে বাতাস চলাচলের উপযোগী করে তারপর রোগীকে সেখানে রাখুন। কাজ শেষে গ্লাভস খুলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ শুধু রোগীকে সংক্রমণ থেকেই রক্ষা করে না, বরং তাঁর মনও প্রফুল্ল রাখে। পরিপাটি ও নির্মল একটি ঘর অসুস্থ মানুষটির মনে ইতিবাচক শক্তি জোগায়।
সূত্র: ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব হেলথ ও পাবলিক হেলথ অন্টারিও