হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: মাছ ব্যবসায়ীদের দারুণ লাভের দিন, সঙ্গীর লিপস্টিকের রং না চিনলে বিপদ

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার মাথায় টাকার চেয়েও বেশি উপার্জনের বিপ্লবী সব আইডিয়া ঘুরবে। সকালে মনে হবে আজই আপনি ইলন মাস্কের রেকর্ড ভেঙে দেবেন, কিন্তু দুপুরে একটা ঘুম দিয়ে ওঠার পর মনে হবে—‘থাক, অত বড়লোক হয়ে কী হবে! ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকাই ভালো।’ স্ত্রীর সঙ্গে (বা গার্লফ্রেন্ডের সঙ্গে) তর্কে একদম যাবেন না। আপনার সব লজিক আজ ওনার একটা কান্নার সামনে বা ‘তুমি কিচ্ছু বোঝো না’ বাণীর কাছে খড়কুটোর মতো উড়ে যাবে। আজ পকেটে একটা লাল রঙের রুমাল রাখুন। মেজাজ সপ্তমে উঠলে সেটা কামড়ে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করুন।

বৃষ

আপনার রাশিফল বলছে আজ আপনি অসম্ভব কর্মঠ হয়ে উঠবেন। কিন্তু বাস্তবে, বিছানা ছেড়ে সোফায় গিয়ে রিমোট হাতে নেওয়াটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় হিমালয় জয়। আজ শরীরচর্চা করার চিন্তা আপনার মাথায় বজ্রপাতের মতো আসবে এবং চা খেতে খেতে সেটা মিলিয়েও যাবে। সঙ্গীর থেকে সারপ্রাইজ গিফট পাওয়ার প্রবল যোগ আছে। তবে সেটা ডায়মন্ড রিং না হয়ে প্যারাসিটামল বা মাথাব্যথার বাম হওয়ার সম্ভাবনাই ৯৯ শতাংশ। রাস্তার ধারের চাওমিন বা ঝালমুড়ি দেখে জিহ্বা নিয়ন্ত্রণ করুন। আজ আপনার পেট কিন্তু আপনার ওপর চরম ক্ষ্যাপা হয়ে আছে!

মিথুন

আজ আপনি কাজের চেয়ে অকাজের কথা বলবেন বেশি। লোকে ভাববে আপনি বোধহয় কোনো টক-শোর হোস্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মাছ ব্যবসায়ীদের আজ দারুণ লাভের দিন, কারণ আজ খদ্দেরদের আপনি কথায় ভুলিয়ে পচা মাছও টাটকা বলে চালিয়ে দিতে পারেন। পুরোনো কোনো প্রাক্তন আজ হঠাৎ ইনবক্সে ‘Hey, how are you?’ লিখে উঁকি দিতে পারে। রিপ্লাই দেওয়ার আগে একবার আয়নায় নিজের বর্তমান চেহারাটা দেখে নিন এবং মনে রাখবেন—ইতিহাস বড়ই নিষ্ঠুর! অফিসের বসকে ভুল করেও ‘ভাই’ বা ‘দোস্ত’ বলে ফেলবেন না। সম্পর্কটা প্রোফাইল পিকচার নয় যে চাইলেই ফিল্টার দিয়ে ঠিক করে নেবেন।

কর্কট

আজ আপনি বড্ড বেশি আবেগী। পাড়ার মোড়ে একটা কুকুরকে ঝিমাতে দেখলেও আপনার চোখে পানি আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করবে এবং আপনার কাজগুলো গুছিয়ে দেবে, তবে দিন শেষে বসের কাছে ক্রেডিটটা কিন্তু তারাই একা মেরে দেবে! আজ কাউকে টাকা ধার দেবেন না। সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আর মঙ্গল গ্রহে ইলিশ মাছ পাওয়ার সম্ভাবনা একদম সমান। আজ সাদা রঙের জামা পরুন। এতে লোকে অন্তত আপনাকে ‘শান্ত মানুষ’ বলে ভুল করবে।

সিংহ

আপনি আজ বনের রাজা সিংহের মতো গর্জন করতে চাইবেন, কিন্তু পরিস্থিতি আপনাকে খাঁচার সিংহের মতো খাঁটি বাংলায় ‘মেউ’ করতে বাধ্য করবে। অফিস বা বাড়িতে কোনো বিষয়ে হিরো সাজতে গিয়ে জিরো হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার মন আজ কাজের টেবিলে থাকবে না, বরং ইনস্টাগ্রামের রিলস-এ ঘুরে বেড়াবে। প্রেমিকার সাজগোজের প্রাণভরে প্রশংসা করুন। যদিও আপনার চোখে সব লিপস্টিকই ‘লাল’, তবুও আজ ‘মেরুন’ আর ‘ক্রিমসন’-এর পার্থক্য বোঝার ভান করুন। নাহলে রাতের ডিনারটা একাই জুটবে। বাতের ব্যথায় বা কোমরে টান লাগতে পারে। তাই আজ ‘বাহুবলী’ সেজে ভারি বালতি তোলার চেষ্টা করবেন না।

কন্যা

আজ আপনার অর্থ সঞ্চয় হওয়ার দারুণ যোগ আছে। তার কারণ এই নয় যে আপনার লটারি লেগেছে, বরং কারণটা হলো আপনি আজ এতই অলস যে কেনাকাটা করার জন্য বাজার যাওয়ার কষ্টটাও করতে চাইবেন না। আলস্যই আজ আপনার ব্যাংকিং পার্টনার। আপনার খুঁতখুঁতে স্বভাব আর ‘সব পারফেক্ট হতে হবে’ মোড সঙ্গীকে পাগল করে দিতে পারে। পৃথিবীর সবকিছু ঠিক করার আগে নিজের মেজাজটা একটু রি-বুট করে নিন।

তুলা

আজ আপনার জীবনের পাল্লা একদমই ভারসাম্যহীন। একদিকে গাদা গাদা পেন্ডিং কাজ, অন্য দিকে গভীর ঘুমের ডাক—এই টানাপোড়েনেই দিন শেষ হবে। কোনো তুঘলকি পরিকল্পনা করতে পারেন যা আপনার বন্ধুরা শুনে হাসাহাসি করবে। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটি ভালো হতে পারত, যদি না আপনার দাঁতে এক টুকরা শাক আটকে থাকত! তাই আয়না দেখে তারপর ডেটে যান। প্রত্যাখ্যান শুনলে কানে হেডফোন লাগিয়ে গান শুনুন। অন্যের ওপর ভরসা করা মানেই নিজের পায়ে কুড়াল মারা। আজ নিজের ছায়াকেও বিশ্বাস না করাই মঙ্গল।

বৃশ্চিক

আপনার আত্মবিশ্বাস আজ হিমালয়ের চূড়ায় থাকবে। কিন্তু মনে রাখবেন, বেশি উঁচুতে উঠলে অক্সিজেনের অভাব হয়! অলসতা আজ আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। কাজের পাহাড় সামনে নিয়ে আপনি বসে বসে ‘জীবন কত সুন্দর’ টাইপ দর্শন নিয়ে ভাববেন। বস আজ আপনার দিকে একটু বাঁকা চোখে তাকাতে পারে। তাই ল্যাপটপে ফেসবুক খুলে রাখলেও পাশে একটা এক্সেল শিট ওপেন করে রাখুন, যাতে বস এলে দ্রুত অল্ট-ট্যাব করতে পারেন।

ধনু

দিনটা মানসিক রোলার কোস্টারের মতো। সকালে ঘুম থেকে উঠে মনে হবে আপনি দুনিয়ার রাজা, আর দুপুরে অফিসের মেইল দেখে মনে হবে আপনি একজন সাধারণ মজুর। হঠাৎ করে লটারির টিকিট কাটার ইচ্ছা জাগতে পারে, তবে পকেট থেকে টাকা বের করার সময় গ্রহের ফের আপনাকে বাধা দেবে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো কোনো বিষয় (যেমন চায়ের কাপে চিনি কম কেন) নিয়ে মহাযুদ্ধ লেগে যেতে পারে। মুখটা একটু বন্ধ রাখলে অন্তত আগামী এক সপ্তাহ শান্তিতে ভাত খেতে পারবেন।

মকর

আজ অকারণে অন্যের ঝামেলায় নাক গলানো আপনার একটা নেশা হয়ে দাঁড়াবে। সাবধান! অন্যের আগুনে আলু পোড়া দিতে গিয়ে নিজের আঙুলটি যেন পুড়ে না যায়। ঘরে শান্তি বজায় রাখতে হলে আজ পরিবারের কথা অনুযায়ী ‘হ্যাঁ তে হ্যাঁ’ বলুন। উত্তেজনা কমাতে আজ একটু চা-বিস্কুট বেশি খান। কাজে অতিরিক্ত মনোযোগ দিয়ে লাভ নেই, কারণ আপনার প্রোমোশন না হলেও আপনার বসের প্রোমোশন আপনার কাজ দিয়েই হবে। রক্তচাপের রোগীরা আজ হিন্দি সিরিয়াল দেখা একদম এড়িয়ে চলুন।

কুম্ভ

আপনার ভেতরের সৃজনশীল সত্তা আজ জেগে উঠবে। অসাধারণ সব আইডিয়া মাথায় আসবে। কিন্তু ট্র্যাজেডি হলো, ঠিক যখনই আপনি সেগুলো লিখতে যাবেন, তখনই আপনার কলমের কালি ফুরিয়ে যাবে বা ল্যাপটপের চার্জ শেষ হবে। পারিবারিক অশান্তির কারণে মেজাজটা একটু খিটখিটে হতে পারে। আজ বেহিসেবি খরচ করার নেশা চাপতে পারে। মনে রাখবেন—মানিব্যাগটা আপনার নিজের, কিন্তু ব্যাংকটা আপনার কোনো মেজো কাকার নয় যে বারবার ব্যালেন্স আপডেট হবে! নীল রঙের কোনো পোশাক পরুন, আপনাকে অন্তত আকাশি মেঘের মতো শান্ত দেখাবে।

মীন

ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে আজ। অফিসের সবচেয়ে বকবকানি করা কলিগটি আজ আপনার ঠিক পাশেই এসে বসবে। বন্ধুর সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা আছে, তবে তার কারণ সিরিয়াস কিছু নয়, বরং সম্ভবত কোনো ধার দেওয়া চার্জার ফেরত না পাওয়া বা নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ার না করা। আজ প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে যান। অন্তত রাস্তার ধারের ফুচকা খাইয়েও তার মন জয় করার চেষ্টা করুন। মন থেকে চাইলে সব হয়, তবে পকেটে টাকা থাকাটা বাধ্যতামূলক। অফিসে কোনো গুরুগম্ভীর মেইল পাঠানোর আগে প্রাপকের নামটা বারবার চেক করুন। বসের নামে লেখা মেইল যেন ভুল করে বসকেই না চলে যায়!

সন্তান সবজি খেতে চায় না? খাওয়ানোর উপায় জেনে নিন

পরিবারে মতের অমিল হচ্ছে? নতুন করে বাঁচার উপায়গুলো জেনে নিন

আজকের রাশিফল: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে, যুক্তি দিয়ে প্রেম হয় না

আজকের রাশিফল: একাধিক গুপ্ত উৎস থেকে অর্থযোগ, আপনার পাণ্ডিত্য অন্যের বিরক্তির কারণ হবে

এই ঋতুতেও চুলের যত্নে অপরিহার্য তেল

আজকের রাশিফল: ‘সিঙ্গেল’ স্ট্যাটাস ঘুচবে, মারপিটের যোগ প্রবল

মেনোপজের ফলে ত্বক জৌলুশ হারাচ্ছে? যেভাবে ত্বকের দেখভাল করলে উপকার পাবেন

ডিজিটাল নেশা থেকে মুক্তি চান? জেনে নিন উত্তরণের পথ

আজকের রাশিফল: বিকেলের সারপ্রাইজ কল মুড বদলে দেবে, অতি চালাকি বিপদ আনবে

বিশ্বের সবচেয়ে কঠিন শিক্ষাব্যবস্থা কোন দেশে, জেনে নিন