হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: কিছু লোক ধৈর্যের পরীক্ষা নেবে, পাশের বাসার আন্টি বিয়ে নিয়ে খোঁচা দেবে

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার আত্মবিশ্বাস থাকবে বুর্জ খলিফার চূড়ায়! সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই এই পৃথিবীর রাজা। কিন্তু সাবধান! বাথরুমের ভেজা মেঝেতে পা পিছলে পড়ার প্রবল যোগ রয়েছে। আজ সঙ্গীকে কোনো বড় প্রতিশ্রুতি দিতে যাবেন না। ‘তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দেব’—এই জাতীয় ডায়ালগ মারলে তিনি আজ নগদ এক জোড়া নতুন জুতো বা দামি ড্রেস দাবি করে বসতে পারেন। অফিসে বসের মেজাজ আজ ভালো থাকবে, তবে সেটা আপনার কাজের জন্য নয়, ওনার নিজের ব্যক্তিগত কারণে। টাকা আজ পানির মতো আসবে, তবে কলসি ফুটা হওয়ার কারণে তা সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যাবে। পকেটে একটি পাঁচ টাকার কয়েন রাখুন। অন্তত শূন্য পকেটের ফিলিংটা আসবে না।

বৃষ

পরিবারের কিছু সদস্য আজ আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। তারা এমন অদ্ভুত সব প্রশ্ন করতে পারে যা শুনে আপনার মনে হবে দেশ ছেড়ে হিমালয়ে চলে যান। মেজাজ হারাবেন না, কারণ রেগে গেলে আপনার নিজেরই বিপি বাড়বে, তাদের কিছু যাবে আসবে না। সম্পর্কে আজ জেদ দেখাবেন না। ‘আমিই সেরা’—এই এটিটিউড নিয়ে চললে আজ রাতে নিজের বালিশ নিজেই গুছিয়ে সোফায় শুতে হতে পারে। আজ হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচের ধাক্কা আসতে পারে। শপিং অ্যাপগুলো আজ ফোন থেকে আনইনস্টল করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। কেউ রাগাতে এলে মনে মনে উল্টো করে ১০০ থেকে ১ পর্যন্ত গুনতে থাকুন।

মিথুন

সকালের দিকে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সুনজরে থাকবেন। সবাই আপনার এত প্রশংসা করবে যে আপনার নিজেরই সন্দেহ হবে, ‘আমি কি সত্যিই এত ভালো?’ তবে বিকেলের দিকে এনার্জি লেভেল ফোনের চার্জের মতো ১০%-এ নেমে আসবে। এমন কোনো কাজ করবেন না যা আপনার প্রিয় মানুষটি অপছন্দ করেন। বিশেষ করে তাঁর মেসেজ সিন করে ফেলে রেখে দিলে কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য! চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ বড় কোনো আর্থিক লেনদেন থাকলে তা আগামীকাল পর্যন্ত স্থগিত রাখুন। আজ একটু কম কথা বলুন (যদিও আপনার জন্য এটা অসম্ভব)।

কর্কট

গ্রহের ফেরে আজ আপনার পরিপাকতন্ত্র একটু বেশি সক্রিয় (কিংবা নিষ্ক্রিয়) থাকতে পারে। পেটের ব্যথায় ভোগান্তির আশঙ্কা প্রবল। বাইরের চটপটি, ফুচকা বা তেলেভাজা থেকে আজ দূরে থাকুন। সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত প্যাম্পার করতে পারে, তবে তার পেছনে কোনো অভিসন্ধি (যেমন নতুন ফোন বা ঘোরাঘুরির প্ল্যান) লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখুন। কাজের মাঝে অবশ্যই বিশ্রাম নিন। আপনি রোবট নন, আর রোবট হলেও চার্জ দিতে হয়—এটা বসের মুখের ওপর বলতে না পারলেও মনে মনে আওড়ান। এক গ্লাস মৌরি ভেজানো পানি আজ আপনার পরম বন্ধু হতে পারে।

সিংহ

আজ আপনার রাশিফল বলছে দারুণ কোনো সুবর্ণ সুযোগ দরজায় কড়া নাড়তে পারে। তবে যদি ঘুমে কাদা হয়ে থাকেন, তবে সুযোগটি পাশে বাড়ির মানুষের দরজায় চলে যাবে। তাই একটু সজাগ থাকুন! আজ পার্টনারের সঙ্গে খুব ভালো সময় কাটবে। পুরোনো ঝগড়া মিটে যাওয়ার চমৎকার যোগ। তবে ভুল করেও ‘মনে আছে সেদিন তুমি কি করেছিলে?’—এই লাইনটি দিয়ে কথা শুরু করবেন না। কাজের সূত্রে কোথাও ভ্রমণের যোগ আছে। ভ্রমণের সময় এমন কিছু গোপন বা দরকারি তথ্য পেতে পারেন যা আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। পুরোনো চাকরি থেকে ভালো অফার আসতে পারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করুন, এতে আত্মবিশ্বাস আরও বাড়বে।

রাশি

আজ আপনি একটু বেশি হিসাবপ্রবণ থাকবেন। বাড়ির অপ্রয়োজনীয় খরচগুলো বন্ধ করতে গিয়ে নিজেই হয়তো লুকিয়ে দামি খাবার অর্ডার করে বসবেন। সৃজনশীলতা বাড়বে, তবে তা ঘরের দেয়াল সাজানোতেই সীমাবদ্ধ রাখুন। প্রেমের সম্পর্কে আজ অদ্ভুত এক শান্তি বিরাজ করবে। তবে সঙ্গী যদি হঠাৎ বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, তবে বুঝে নেবেন আপনার ক্রেডিট কার্ডের ওপর বড় কোনো হামলা হতে চলেছে। অফিসে আজ পেন্ডিং কাজগুলো শেষ করার সুবর্ণ সুযোগ। এগুলো শেষ না করলে আগামীকাল বসের রুদ্রমূর্তি দেখতে হতে পারে। ঘরের আলমারি বা ড্রয়ারের চাবি আজ সাবধানে রাখুন, নয়তো সেটি খুঁজতে খুঁজতেই অর্ধেক দিন পার হবে।

তুলা

আপনি আজ সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কিন্তু বিনিময়ে জুটবে কেবলই অবহেলা। মানুষ আপনার ভালোমানুষির সুযোগ নিতে পারে। বেশি সমাজসেবা করতে গিয়ে নিজের পকেট খালি করবেন না। আজ রোমান্টিক ডিনারের পরিকল্পনা করতে পারেন, তবে মেনুতে নিজের পছন্দের চেয়ে পার্টনারের পছন্দের ওপর জোর দিন। নিজের শান্তি বজায় থাকবে। শেয়ার বাজারে বা অন্য কোথাও টাকা খাটানোর পরিকল্পনা থাকলে আজ একটু সাবধানে পা বাড়ান। আর্থিক পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে বড় কোনো লাভ আজ না হওয়াই স্বাভাবিক। অন্যকে ‘না’ বলতে শিখুন। এতে আয়ু এবং মানসিক শান্তি দুই-ই বাড়ে।

বৃশ্চিক

আজ আপনাকে খাটাবে প্রচুর! তবে আশার কথা হলো, এই খাটুনির পর ফল পাবেন অত্যন্ত মিষ্টি। শরীর নিয়ে একটু অবহেলা করবেন না, পিঠের ব্যথা বা কোমর ব্যথার যোগ আছে। প্রিয়জনের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজই মিটিয়ে নিন। আপনার ইগোটা আজ একটু আলমারিতে লক করে রাখুন। অফিসে বসের প্রশংসা পেতে পারেন। অর্থভাগ্য আজ বেশ ভালো। পুরোনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেয়ে পকেট গরম হতে পারে। মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে দিন শুরু করুন, আজ কাজের চাপ কম লাগবে।

ধনু

আজ মাথায় প্রচুর নতুন আইডিয়া আসবে। মনে হবে আজই নতুন কোনো ব্যবসা শুরু করি বা জিম জয়েন করি। কিন্তু বিকেলের দিকে মনে হবে, ‘ধুর! বিছানায় শুয়ে রিলস দেখাই সবচেয়ে আরামের কাজ।’ পরিবারের লোকেদের সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। সেখানে কোনো দূর সম্পর্কের আন্টি আপনার বিয়ে বা ক্যারিয়ার নিয়ে খোঁচা মারতে পারে, মুচকি হেসে এড়িয়ে যান। নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে। বড় কোনো বিনিয়োগের জন্য দিনটি শুভ। ডায়েরিতে পরিকল্পনাগুলো লিখে রাখুন, অন্তত মনে হবে আপনি আজ কিছু একটা কাজ করেছেন!

মকর

কাজের চাপ আজ পাহাড় সমান থাকবে। কাজের নেশায় আপনি এতটাই বুঁদ থাকবেন যে ঘরের লোক আপনার খোঁজ নিতে নিখোঁজ ডায়েরি করার কথা ভাবতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, যা মনে শান্তি দেবে। আজ পারিবারিক কোনো দাওয়াতে যেতে না পারায় জীবনসঙ্গী আপনার ওপর মুখভার করে থাকতে পারে। পরিস্থিতি সামাল দিতে বাড়ি ফেরার পথে এক প্যাকেট মিষ্টি বা ফুল নিয়ে যান। আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা হবে চারদিকে। তবে মানসিক ক্লান্তির কারণে রাতে ঘুম একটু কম হতে পারে। রাতে ঘুমানোর আগে ফোনটি অন্তত ১০ ফুট দূরে রাখুন।

কুম্ভ

আজ আপনার মন একটু উদাস থাকতে পারে। জাগতিক কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে সময় কাটাতে ইচ্ছে করবে। কোনো ধর্মীয় স্থান বা নিরিবিলি জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পার্টনারের সঙ্গে আজ খুব গভীর ও দার্শনিক আলোচনা হতে পারে। আপনারা জীবনের মানে এবং আগামী মাসের খরচের বাজেট নিয়ে একযোগে গবেষণা করতে পারেন। অফিসে আজ স্বাভাবিক গতিতেই কাজ চলবে। নতুন কোনো মানুষের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। গুরুজনদের পরামর্শ মেনে চললে আজ বড় কোনো ক্ষতি এড়ানো সম্ভব। আজ শান্ত কোনো গান শুনুন এবং এক কাপ ভালো চা উপভোগ করুন।

মীন

আজ সকাল থেকেই নিজেকে একটু অলস এবং শক্তিহীন মনে হতে পারে। গ্রহের ফেরে আজ বড় কোনো রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চার ট্রিপে না যাওয়াই ভালো। শান্ত থাকুন, আজ দিনটি আপনার জন্য বিশ্রামের। আজ সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক হতে পারে। বুদ্ধিমানের কাজ হবে বিতর্কের শুরুতেই সটান বলে দেওয়া—‘হ্যাঁ, ভুলটা আমারই ছিল।’ ব্যস, খেলা ওখানেই শেষ! বকেয়া টাকা আদায় করতে আজ একটু বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গভীর পড়াশোনার জন্য দারুণ উপযুক্ত। রাস্তায় চলার সময় আজ চারপাশ একটু দেখে চলুন, বিশেষ করে খোলা ড্রেন বা ডাস্টবিন থেকে দূরে থাকুন।

ব্যস্ত শিডিউলেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে যা করবেন

আজকের রাশিফল: সত্য বলায় ফেসবুকে ব্লক খাবেন, উপদেশ দিলে অপমান জুটবে

তুলে ফেলুন কাপড়ের দাগ

বেকিংয়ে ৭ ভুল নয়

আজকের রাশিফল: সঙ্গীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই শকড হবেন, আজ ভাইরাল হবেন

দাম্পত্য জীবন মধুর করতে মেনে চলুন এই বিষয়গুলো

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন কীভাবে

জেনে রাখুন, ডিহাইড্রেশনের লক্ষণগুলো এবং সুস্থ থাকার সহজ টিপস

আজকের রাশিফল: ভাগ্য পরীক্ষা করতে যাবেন না, অতি আত্মবিশ্বাস ফাঁদে ফেলবে

আপনি কি বিমানযাত্রায় ভয় পান? জেনে নিন অভিজ্ঞ বৈমানিকের পরামর্শ