ফ্যাশন জগতে কৃত্রিম নখ বা অ্যাক্রাইলিক নেইল এখন বেশ জনপ্রিয়। ঈদ ফ্যাশনেও এটি এখন জায়গা করে নিয়েছে। বৈচিত্র্য পিয়াসী ফ্যাশন প্রেমী নারীরা এখন বিভিন্ন ধরনের কৃত্রিম নখ ব্যবহার করছেন। তবে জেনে রাখা ভালো যে, উৎসব শেষে এই শক্ত নখগুলো সঠিক নিয়মে না তুললে আপনার আসল নখের সমস্যা দেখা দিতে পারে। নখ পাতলা হয়ে যাওয়া, সংক্রমণ বা নখ ফেটে যাওয়া রোধ করতে ঘরে বসেই নিরাপদে কৃত্রিম নখ তোলার দুটি কার্যকর পদ্ধতি জেনে রাখতে পারেন।
ছবি: সংগৃহীত
কুসুম গরম পানি ও তেল
যদি আপনার কৃত্রিম নখগুলো আগে থেকেই কিছুটা আলগা হয়ে থাকে, তবে এই পদ্ধতিটি বেশ নিরাপদ ও আরামদায়ক হবে।
নখ তোলার ধাপ
- একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে সামান্য কিউটিকল অয়েল বা বেবি অয়েল মিশিয়ে নিন।
- এই মিশ্রণে আপনার নখগুলো ২০ থেকে ৩০ মিনিট ডুবিয়ে রাখুন।
- নখ নরম হয়ে এলে একটি কাঠি দিয়ে আলতো করে কৃত্রিম নখ তোলার চেষ্টা করুন।
- জোর করবেন না। যদি না ওঠে তবে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। শেষে নেইল ফাইল দিয়ে বাকি অংশ ঘষে মসৃণ করে নিন।
অ্যাসিটোন সোক
এটি কৃত্রিম নখ তোলার প্রচলিত পদ্ধতি। এর জন্য আপনার প্রয়োজন হবে শতভাগ খাঁটি অ্যাসিটোন, নেইল ফাইল, তুলা, অ্যালুমিনিয়াম ফয়েল এবং কিউটিকল পুশার।
নখ তোলার ধাপ
- প্রথমে একটি নেইল ফাইল দিয়ে কৃত্রিম নখের ওপরের চকচকে টপকোটটি ঘষে তুলে ফেলুন।
- আঙুলের চারপাশের চামড়া রক্ষায় পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন।
- তুলার ছোট ছোট বল তৈরি করে অ্যাসিটোনে ভিজিয়ে নিন।
- প্রতিটি নখের ওপর ভেজা তুলা রেখে আঙুলের মাথাটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে ফেলুন।
- এভাবে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।
- ফয়েল খুলে কিউটিকল পুশার বা কাঠি দিয়ে নরম হয়ে যাওয়া অ্যাক্রাইলিক আলতো করে ঠেলে সরিয়ে ফেলুন। প্রয়োজনে আবার ভিজিয়ে রাখুন।
নখ তোলার পরের যত্ন
কৃত্রিম নখ তোলার পর আপনার আসল নখ কিছুটা নরম বা অমসৃণ মনে হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত পুনরুদ্ধারে কিছু কাজ করতে হবে। সেগুলো হলো—
- প্রতিদিন কিউটিকল অয়েল বা ঘন হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।
- নখের অমসৃণ অংশ ফাইল দিয়ে সমান করে নিন।
- নখ শক্ত করতে কেরাটিন বা বায়োটিন যুক্ত নেইল স্ট্রেনথেনার ব্যবহার করতে পারেন।
- নতুন করে আবার কৃত্রিম নখ বা কড়া নেইল পলিশ লাগানোর আগে অন্তত দুই সপ্তাহ নখকে স্বাভাবিক অবস্থায় থাকতে দিন।
জরুরি সতর্কতা
- কখনোই কৃত্রিম নখ টেনে তুলবেন না। দাঁত দিয়ে কামড়ে বা জোর করে এ ধরনের নখ টেনে তুললে আপনার আসল নখের ওপরের স্তর উঠে যেতে পারে।
- যদি নখ তোলার সময় ব্যথা লাগে, তবে সঙ্গে সঙ্গে থামুন এবং আরও কিছুক্ষণ অ্যাসিটোন বা গরম পানিতে ভিজিয়ে রাখুন।
- নখের চারপাশে লাল হওয়া, ফুলে যাওয়া বা পুঁজ দেখা দিলে নিজে চেষ্টা না করে দ্রুত প্রফেশনাল বিউটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হেলথ লাইন