চোখের সাজ আরও আকর্ষণীয় করতে এবং পাপড়িগুলো ঘন করে তুলতে অনেকে নিয়মিত মাসকারা ব্যবহার করেন। চোখের চারপাশের চামড়া আমাদের শরীরের নরম ও সংবেদনশীল অংশ। তাই মাসকারা তোলার ক্ষেত্রে ঘষাঘষির বদলে ‘সোক অ্যান্ড স্লাইড’ কিংবা ‘ভিজিয়ে আলতো করে তুলে আনা’র মতো কৌশল নেওয়া জরুরি।
আমাদের চোখের পাপড়ি জীবনচক্র নির্দিষ্ট। এর মধ্যেই এটি জন্মে ও ঝরে যায়। ঘষাঘষি করলে অপরিপক্ব অবস্থায়ই পাপড়ি ঝরে যেতে পারে। এতে এর ঘনত্ব কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া মাসকারার অবশিষ্টাংশ চোখে থেকে গেলে ইনফেকশন কিংবা অঞ্জলি হওয়ার ভয় থাকে। চোখের চারপাশের চামড়া শরীরের পাতলা অংশ। তাই এখানে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
মাসকারা তোলার প্রয়োজনীয় সরঞ্জাম
সঠিকভাবে মাসকারা তুলতে আপনার হাতের কাছে যে জিনিসগুলো রাখতে পারেন—
- মেকআপ রিমুভার: অয়েল-বেজড কিংবা দুই স্তরের রিমুভার মাসকারা গলাতে ভালো কাজ করে।
- কটন প্যাড: ভালো মানের কটন প্যাড ব্যবহার করুন, যা থেকে আঁশ উঠে আসবে না।
- কটন বাড: চোখের কোণ বা পাপড়ির গোড়ার রং পরিষ্কার করতে এটি বেশ কার্যকর।
- মৃদু ফেসওয়াশ: মেকআপ তোলার পর মুখ ধোয়ার জন্য মৃদু ফেসওয়াশ ব্যবহার করুন।
ধাপে ধাপে মাসকারা তোলার নিয়ম
মাসকারা তোলা আসলে কোনো তাড়াহুড়ার কাজ নয়, বরং এটি ধৈর্যের প্রক্রিয়া। কিছু ধাপ অনুসরণ করুন—
- ভিজিয়ে রাখুন: একটি কটন প্যাডে পর্যাপ্ত রিমুভার নিন। এবার চোখ বন্ধ করে পাপড়ির ওপর প্যাডটি আলতো করে চেপে ধরুন ৩০ সেকেন্ড। এতে মাসকারার শক্ত আবরণটি নরম হয়ে আসবে।
- আলতো করে নামিয়ে আনুন: ৩০ সেকেন্ড পর প্যাডটি ওপর থেকে নিচের দিকে টেনে আনুন। কখনোই ডানে-বামে বা বৃত্তাকারে ঘষবেন না।
- অবশিষ্টাংশ পরিষ্কার করুন: যদি পাপড়ির গোড়ায় আরও মেকআপ লেগে থাকে, তবে একটি কটন বাড রিমুভারে ভিজিয়ে সাবধানে পরিষ্কার করে নিন।
- ডাবল ক্লিনজিং করুন: সবশেষে পুরো মুখ একটি মৃদু ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন, যাতে তেলের আঠালো ভাব না থাকে।
মাসকারা অপসারণের প্রাকৃতিক কিছু উপায়
আপনার কাছে রিমুভার না থাকলে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে পারেন। যেমন—
- নারকেল তেল বা অলিভ অয়েল: আঙুলের ডগায় সামান্য তেল নিয়ে পাপড়িতে ম্যাসাজ করে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
- পেট্রোলিয়াম জেলি: এটি মাসকারার শক্ত মোম গলিয়ে ফেলতে দারুণ কাজ করে।
- অ্যালোভেরা জেল: যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
- মনে রাখবেন, সুন্দর চোখের জন্য শুধু ভালো প্রসাধনী ব্যবহার করলেই হবে না, দিন শেষে তা সঠিকভাবে তুলেও ফেলতে হবে।