তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ)’ (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
আগামী ১৩ অক্টোবর ২০২৬, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত কর্ম কমিশন ভবনের মাল্টিপারপাস হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৬৫ জন পরীক্ষার্থী চার ঘণ্টাব্যাপী এ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশ নিতে হবে।
মোট ২০০ নম্বরের পরীক্ষায় বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ এবং টেকনিক্যাল বিষয় ৮০ নম্বরের পরীক্ষা হবে। চারটি বিষয়ের জন্য প্রার্থীদের পৃথক পৃথক উত্তরপত্র দেওয়া হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও শর্তাবলি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।