৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ) নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।
এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত ফল প্রকাশ করে পাঁচ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে।