প্রথম পর্বে আমরা জেনেছি, আধুনিক গণমাধ্যমে ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা এবং নিউজরুমে এর ক্রমবর্ধমান গুরুত্ব সম্পর্কে। আজ আমরা জানব এ পেশায় সফল হতে হলে আপনাকে কোন কোন কারিগরি ও কলাকৌশলগত বিষয়ে দক্ষ হতে হবে। মনে রাখতে হবে, একজন ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ কেবল কনটেন্ট আপলোড করেন না; বরং তিনি একটি খবরের ভাগ্য এবং তার বিস্তৃতি নির্ধারণ করে দেন।
আপলোডিং ও প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট
অনেকে মনে করেন, ফেসবুকে ব্যক্তিগত ছবি বা ভিডিও পোস্ট করার মতোই সংবাদমাধ্যমের ভিডিও আপলোড করা সহজ। আসলে পেশাদার নিউজরুমের কাজের ধরন ভিন্ন। এখানে কাজ করতে ‘ইউটিউব স্টুডিও’ এবং ফেসবুকের ‘মেটা বিজনেস সুইট’-এর খুঁটিনাটি সম্পর্কে জানতে হয়। যেমন:
এসইওর প্রথম ধাপ।
টাইটেল ও থাম্বনেইল আসল গেমচেঞ্জার
একটি কনটেন্টের ‘ক্লিক থ্রু রেট’ বা দর্শক ভিডিওটিতে ক্লিক করবেন কি না, তা নির্ভর করে এর টাইটেল এবং থাম্বনেইলের ওপর। এই জায়গায় আপনার ‘নিউজ সেন্স’ বা সংবাদ বোঝার ক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন।
এসইও অপটিমাইজেশন
ডিজিটাল দুনিয়ায় এসইও হলো কনটেন্টের প্রাণ। মানুষ ইউটিউব বা ফেসবুকে যা লিখে সার্চ করে, সেই কি-ওয়ার্ডগুলো সঠিকভাবে ব্যবহার করাই হলো এসইও। সঠিক কি-ওয়ার্ড ও ট্যাগ জেনারেট করার জন্য এআই টুলস এবং ম্যানুয়াল কি-ওয়ার্ড রিসার্চ—উভয় পদ্ধতিতেই দক্ষ হতে হবে। ইউটিউবের ৫০০ ক্যারেক্টারের ট্যাগ বক্সের সঠিক ব্যবহার আপনার ভিডিওকে সার্চ রেজাল্টের শীর্ষে নিয়ে আসতে পারে।
টাইম ম্যানেজমেন্ট ও ব্রেকিং নিউজ কৌশল
ডিজিটাল প্ল্যাটফর্মে সময়জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেকিং নিউজের ক্ষেত্রে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। যখন কোনো বড় ঘটনা ঘটে এবং ব্যাক টু ব্যাক কনটেন্ট আসতে থাকে, তখন দ্রুততা এবং মানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। প্রতিটি কনটেন্ট যদি এলোমেলোভাবে আপলোড করা হয়, তবে অডিয়েন্স রিচ কমে যায়। তাই কখন কনটেন্ট ‘শিডিউল’ করতে হবে আর কখন সঙ্গে সঙ্গে ‘পাবলিশ’ করতে হবে, সে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
বেসিক এডিটিং ও গ্রাফিকস দক্ষতা
ফিল্ড থেকে আসা আনকাট ভিডিওগুলোকে দর্শকপ্রিয় করার দায়িত্ব কনটেন্ট ম্যানেজারের। ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশটি (হুক) শুরুতে দিয়ে দর্শক ধরে রাখার জন্য এডোবি প্রিমিয়ার প্রোতে বেসিক এডিটিং আপনার জানতে হবে। পাশাপাশি আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইনের জন্য এডোবি ফটোশপের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।
লাইভ ব্রডকাস্টিং বা স্ট্রিমিং
বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউব লাইভ সংবাদ প্রচারের বড় একটি অংশ। স্ট্রিমিংয়ের জন্য Streamlabs OBS বা vMix-এর মতো সফটওয়্যারগুলো চালনায় পারদর্শী হতে হয়। বিশেষ করে টক শো বা মাঠপর্যায়ের লাইভগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে ব্রডকাস্ট করার কৌশল জানা এ পেশার অন্যতম শর্ত।
শেষ পর্বে থাকছে: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ারের ভবিষ্যৎ, সুযোগ-সম্ভাবনা ও বেতনকাঠামো