সাক্ষাৎকার

সহজ ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট সরবরাহ করাই লক্ষ্য

শহরকেন্দ্রিক মানসম্মত শিক্ষা ও সঠিক গাইডলাইনের অভাবে মফস্বল ও গ্রামাঞ্চলের বহু মেধাবী শিক্ষার্থী চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এই বাস্তবতা বদলে দেওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে এডটেক প্ল্যাটফর্ম ‘প্রিয় শিক্ষালয়’। ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে যাত্রা শুরু করা এই অ্যাপ অল্প সময়ে দুই লক্ষাধিক শিক্ষার্থীর আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের ভুল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করছে প্ল্যাটফর্মটি। শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন সোহেল চাকরিপ্রত্যাশীদের পরীক্ষার প্রস্তুতি সহজ ও কার্যকর করতে এই অ্যাপ তৈরি করেন। তাঁর স্বপ্ন, পথচলার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মো. আশিকুর রহমান

‘প্রিয় শিক্ষালয়’ তৈরির পেছনের মূল ভাবনা কী ছিল?

দীর্ঘদিন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা শহরকেন্দ্রিক ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। মানসম্মত গাইডলাইন ও নিয়মিত মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা ঝরে পড়ে। তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে লাখ লাখ চাকরিপ্রত্যাশীর চাকরিপ্রাপ্তিকে সহজ ও সাশ্রয়ী করার জন্য কিছু একটা করার বিষয়ে অনেক দিন ধরে ভাবছিলাম। একপর্যায়ে সিদ্ধান্ত নেই পরীক্ষাভিত্তিক একটি শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করব। এরপর ডোমেইন কিনে নিই। পাশাপাশি হোস্টিংসহ অপারেশনাল নানা প্ল্যানিং নিয়ে চলতে থাকে বিশাল কর্মযজ্ঞ। সেই থেকে দুই বছর অক্লান্ত পরিশ্রমে তৈরি করা হয় প্রিয় শিক্ষালয় অ্যাপটি।

একজন চাকরিপ্রার্থী এই অ্যাপে ঠিক কী ধরনের সুযোগ-সুবিধা বা কনটেন্ট পাবেন?

‘প্রিয় শিক্ষালয়’ শুধু কনটেন্ট সরবরাহ করে না, বরং বিসিএস, শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন ও সরকারি চাকরির পরীক্ষার বাস্তব প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতির পুরো রোডম্যাপ তৈরি করে দেয়—প্রশ্ন অনুশীলন, মডেল টেস্ট, বিশ্লেষণভিত্তিক গ্রাফ, লেকচার ও টপিকভিত্তিক নোটস ও গাইডলাইন সবকিছু এক প্ল্যাটফর্মে সাজানোই এর বড় বিশেষত্ব। এ ছাড়া আমরা নিয়মিত মানসম্মত কনটেন্ট ও নতুন ফিচার যুক্ত করি। অ্যাপটিতে বিষয়ভিত্তিক ও পরীক্ষানির্ভর মডেল টেস্ট, টপিক নোটস এবং কাস্টম এক্সামের সুবিধা রয়েছে।

ব্যবহারকারীর ‘ভুল বিশ্লেষণ’ প্রযুক্তিটি কীভাবে কাজ করে?

অ্যাপটিতে ব্যবহারকারী যে প্রশ্নগুলো ভুল করে, সেগুলো বিষয় ও টপিকভিত্তিক বিশ্লেষণ করা হয় এবং সেই অনুযায়ী দুর্বল অংশ চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক অনুশীলন সাজেস্ট করা হয়, ফলে শিক্ষার্থী আন্দাজে না পড়ে নিজের ভুল বুঝে প্রস্তুতি নিতে পারে, যা পরীক্ষার ফলাফলে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে একজন ইউজারের বাস্তব চিত্র তুলে ধরে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য দিকনির্দেশনা দেন।

নারী ও মফস্বলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। বিশেষ করে নারীরা, যাঁরা বাচ্চা ও সংসার সামলানোর কারণে ঘরের বাইরে কোচিং করার সুযোগ পান না, তাঁরা এই অ্যাপকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছেন। মফস্বলের পরীক্ষার্থীরাও ঘরে বসে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সুবিধা পাচ্ছেন। প্রায় ২ লাখ ডাউনলোডের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের ইউজাররাই এখনবড় শক্তি। উপকারভোগীদের জন্য সহজ ও সঠিক তথ্যসমৃদ্ধ কনটেন্ট সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।

আগামী ৫ বছরে ‘প্রিয় শিক্ষালয়’কে কোন অবস্থানে দেখতে চান?

আগামী পাঁচ বছরে আমি ‘প্রিয় শিক্ষালয়’কে দেশের অন্যতম নির্ভরযোগ্য ও প্রভাবশালী চাকরি প্রস্তুতি প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই, যা দক্ষতা, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানমুখী করে দেশের বেকারত্ব কমাতে বাস্তব ভূমিকা রাখবে। লাখো পরিবারের হালাল রুজির ফায়সালা হবে। সেই চিন্তা থেকেই ধীরে ধীরে সুচিন্তিত পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে প্রিয় শিক্ষালয়।

এআইয়ের যুগেও কেন আপনি প্রাসঙ্গিক

একটি আদর্শ প্যারাগ্রাফ লিখবেন যেভাবে

কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে যা জানা জরুরি

বর্জ্যপানি গবেষণা শুধু দেশে নয়, বিশ্বেও প্রাসঙ্গিক

নমুনা ভাইভা: জিআইয়ের স্বীকৃতি পেলে লাভ কী?

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: বাংলার ৬ প্রত্নস্থল

যে ৭ প্রতিষ্ঠানে এআইয়ের কারণে চাকরি হারাচ্ছে মানুষ

মধ্যবয়সেও এআইয়ের সঙ্গে এগোনোর কৌশল

ক্যারিয়ার গাইডলাইন: সফল মার্চেন্ডাইজারের ১০টি ‘ওপেন সিক্রেট’

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়