হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

গবেষণার স্মার্ট সূচনা

যে সফটওয়্যারগুলো জানা জরুরি

মো. আদ-আল জাব্বার স্বচ্ছ

ছবি: এআই দিয়ে তৈরি

একসময় গবেষণা বলতে বোঝাত লাইব্রেরির ধুলামাখা তাক, অসংখ্য বই এবং হাতে লেখা নোটের বিশাল কর্মযজ্ঞ। এখন সময় বদলেছে। গবেষণার বড় একটি অংশই সম্পন্ন হচ্ছে ডিজিটাল মাধ্যমে। ফলে শুধু বিষয় সম্পর্কে জানা থাকলেই হয় না, জানা থাকা দরকার গবেষণার প্রয়োজনীয় সফটওয়্যার নিয়েও।

গবেষণায় এগিয়ে থাকতে সঠিক টুলস ব্যবহারের বিকল্প নেই। এসব টুলস গবেষণার পথকে সহজ, দ্রুত ও গোছালো করে তোলে। একজন গবেষক যদি শুরু থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের সঙ্গে পরিচিত হন, তাহলে গবেষণার পুরো যাত্রাই হয়ে ওঠে অনেক বেশি আত্মবিশ্বাসী।

সংখ্যার ভাষা বুঝতে

প্রথমে আসা যাক পরিমাণগত গবেষণার কথায়। এ ধরনের গবেষণার মূল শক্তি হলো তথ্য বিশ্লেষণ ও পরিসংখ্যান। পরিমাণগত গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যারগুলোর একটি হলো এসপিএসএস। নতুন গবেষকদের জন্য এটি সহজ, ব্যবহারবান্ধব এবং শেখাও তুলনামূলকভাবে সহজ।

একটু জটিল বিশ্লেষণের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন স্মার্টপিএলএস। বিশেষ করে পার্শিয়াল লিস্ট স্কয়ার্সভিত্তিক স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং বিশ্লেষণে স্মার্টপিএলএস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণে সফটওয়্যারটি গবেষকদের নির্ভরযোগ্য সহায়তা দেয়।

অন্যদিকে আর (R) প্রোগ্রামিং ভাষা এবং স্টাটা তুলনামূলকভাবে কিছুটা কঠিন হলেও এগুলোর সক্ষমতা অনেক বেশি। বড় ডেটাসেট, উন্নত বিশ্লেষণ এবং গবেষণার নানা ধরনের প্রয়োজনে এই সফটওয়্যারগুলো গবেষকদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

গল্পের ভেতর থেকে তথ্য খোঁজা

এবার আসা যাক গুণগত গবেষণা নিয়ে। গুণগত গবেষণায় মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, মতামত কিংবা জীবনকথা গুরুত্ব পায়। এ ধরনের গবেষণায় এনভিভো এবং অ্যাটলাসডটটিআই সবচেয়ে পরিচিত সফটওয়্যার। ধরুন, একজন গবেষক অনেক সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ আলোচনা বা বিভিন্ন নথির তথ্য সাজানো, গুরুত্বপূর্ণ অংশ আলাদা করা, কোডিং করা এবং বিশ্লেষণের কাজ এসব সফটওয়্যার অনেক সহজ করে দেয়। ফলে গবেষণার ফল হয় আরও সুসংগঠিত, গভীর ও বিশ্বাসযোগ্য।

রেফারেন্সের ঝামেলা কমাতে

ভালো গবেষণার অন্যতম শর্ত হলো সঠিক রেফারেন্স উল্লেখ করা। একটি ভুল উদ্ধৃতি কিংবা অসম্পূর্ণ সূত্র পুরো গবেষণার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

এই কাজকে সহজ করে মেন্ডেলে, জোটেরো এবং এন্ডনোট। এসব সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সাইটেশন ও রেফারেন্স তালিকা তৈরি করে। ফলে সময় বাঁচে, কাজ হয় দ্রুত, আর ভুলের আশঙ্কাও অনেক কমে যায়।

শেখার শুরু হোক ধীরে

তবে এসব সফটওয়্যার একই সঙ্গে শিখতে হবে, এমন নয়। বরং ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। শুরুতে একটি বা দুটি সফটওয়্যার বেছে নিয়ে নিয়মিত চর্চা করুন। অনলাইন টিউটোরিয়াল দেখুন, প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিন, অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিন। প্রতিদিনের ছোট ছোট চর্চাই একসময় বড় দক্ষতায় পরিণত হবে।

গবেষণা শুধু তথ্য সংগ্রহের নাম নয়। তথ্যকে বুঝতে পারা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করাই একজন গবেষকের আসল দক্ষতা। আধুনিক গবেষণা সফটওয়্যার সেই পথের নির্ভরযোগ্য সঙ্গী। তাই গবেষণার স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জন্য এই সফটওয়্যারগুলো শেখা আর বাড়তি দক্ষতা নয়—এটি সময়ের দাবি।

ভাইভা পরামর্শ: বোর্ডে যাওয়ার আগে করণীয়

এআই কাজের ধরন বদলে দিচ্ছে—চাকরির ভবিষ্যৎ কী

কর্মক্ষেত্রে ভরসার কর্মী হয়ে উঠবেন যেভাবে

কোনটি বেছে নেবেন: বেশি বেতন, নাকি ভালো জীবন

নেতৃত্বের ভিত্তি তৈরি হয় মাঠ থেকেই

এআই যুগেও কোডিং শেখা কেন জরুরি

বিসিএসের দীর্ঘ পথচলায় যেভাবে টিকে থাকবেন

ডিগ্রির যুগ পেরিয়ে এখন দক্ষতার সময়

বদলে যাচ্ছে চাকরির বাজার: আপনি প্রস্তুত তো?

কর্মক্ষেত্রে এগিয়ে থাকতে ব্যক্তিত্বের যত্ন নিন