হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

শেষ পর্ব

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও বেতন

মো. হাসানুর রহমান শাওন

ছবি: এআই

বিগত দুই পর্বে আমরা ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টের গুরুত্ব এবং এর জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা নিয়ে আলোচনা করেছি। আজ শেষ পর্বে আলোচনা করব এ পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও বেতন কাঠামো সম্পর্কে। একই সঙ্গে জানব নতুনরা কীভাবে নিজেকে এ পেশার জন্য প্রস্তুত করতে পারেন।

ক্যারিয়ার গ্রোথ

ডিজিটাল মিডিয়া এখন আর সাময়িক কোনো প্রবণতা নয়; এটি সাংবাদিকতার ভবিষ্যৎ দিকনির্দেশনা। ফলে প্রায় সব গণমাধ্যমই তাদের ডিজিটাল উইংকে কৌশলগতভাবে শক্তিশালী করছে, আর সেখানেই তৈরি হচ্ছে দ্রুত ক্যারিয়ার এগিয়ে নেওয়ার বাস্তব সুযোগ। একজন ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসেবে শুরু করলেও কারিগরি দক্ষতা, অ্যানালিটিকস বোঝার ক্ষমতা এবং শক্তিশালী ‘নিউজ সেন্স’ থাকলে অল্প সময়েই ডিজিটাল মিডিয়া ম্যানেজার, মাল্টিমিডিয়া ইনচার্জ কিংবা ডিজিটাল উইং প্রধানের মতো নেতৃত্বের অবস্থানে পৌঁছানো সম্ভব।

কোথায় কোথায় কাজের সুযোগ

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট পেশাটি এখন আর শুধু টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। অনলাইন নিউজপোর্টাল, ই-কমার্স প্রতিষ্ঠান, করপোরেট হাউস, বিজ্ঞাপন সংস্থা এবং বিভিন্ন বড় বড় ব্র্যান্ড তাদের ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে দক্ষ কনটেন্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে। এখন প্রতিটি প্রতিষ্ঠানই বুঝতে পারছে, সঠিক কনটেন্ট স্ট্র্যাটেজি ছাড়া ডিজিটাল দুনিয়ায় টিকে থাকা সম্ভব নয়।

এর বাইরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও রিমোট জব প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন নিউজপোর্টাল ও ডিজিটাল মিডিয়ায় ঘরে বসেই কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।

বেতন কাঠামো

বাংলাদেশের প্রেক্ষাপটে এ পেশা তুলনামূলক নতুন হওয়ায় এর বেতন কাঠামো এখনো পূর্ণাঙ্গ কোনো নীতিমালার (ওয়েজ বোর্ড) আওতায় আসেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে মিডিয়া হাউসগুলো একেকটি বিশেষায়িত পেশা হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। বর্তমানে এই পদে একজন নবীন বা এন্ট্রি লেভেল এক্সিকিউটিভের বেতন সাধারণত ২০-২৫ হাজার টাকা থেকে শুরু হয়। তবে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে বর্তমানে এ পদে মাসিক ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে। প্রতিষ্ঠানের আকার ও কাজের ধরন অনুযায়ী এই অঙ্ক আরও বেশি হতে পারে।

নতুনরা কীভাবে প্রস্তুত হবেন

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে আগ্রহী নবীনদের জন্য বেশ কিছু পথ রয়েছে। যেমন: অনলাইন রিসোর্স: ইউটিউব, গুগল ও বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্মে কনটেন্ট ম্যানেজমেন্ট, এসইও, মেটা ও ইউটিউব অ্যালগরিদম বিষয়ে বিপুল ফ্রি টিউটোরিয়াল ও গাইড পাওয়া যায়। নিয়মিত শেখা, ট্রেন্ড বিশ্লেষণ এবং নিজে প্র্যাকটিস করার মাধ্যমে আত্মশিক্ষাই এ পেশায় ঢোকার সবচেয়ে শক্ত ভিত্তি গড়ে দিতে পারে।

আইটি ইনস্টিটিউট: বর্তমানে অনেক আইটি ট্রেনিং সেন্টার ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ম্যানেজমেন্টের ওপর বিশেষায়িত কোর্স পরিচালনা করছে। এসব কোর্সে এসইও, অ্যানালিটিকস, কনটেন্ট স্ট্র্যাটেজি ও প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো কাঠামোবদ্ধভাবে শেখার সুযোগ থাকে, যা নতুনদের জন্য দিকনির্দেশনা তৈরি করে।

ইন্টার্নশিপ: যেকোনো মিডিয়া হাউসের ডিজিটাল উইংয়ে ইন্টার্ন হিসেবে কাজ করা হতে পারে হাতে-কলমে শেখার সবচেয়ে কার্যকর উপায়। লাইভ কনটেন্ট আপলোড, পারফরম্যান্স মনিটরিং এবং নিউজরুমের বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষানবিশকে দ্রুত দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে, যা কেবল তাত্ত্বিক জ্ঞান দিয়ে অর্জন করা সম্ভব নয়।

ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ

এ পেশার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কারণ অডিয়েন্স অ্যানালিটিকস, এআইনির্ভর কনটেন্ট অপটিমাইজেশন এবং ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের যুগে দক্ষ কনটেন্ট ম্যানেজারদের চাহিদা আরও বৃদ্ধি পাবে। তবে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও কম নয়। অ্যালগরিদমের ঘন ঘন পরিবর্তন, ভুয়া খবরের বিস্তার, দ্রুত পরিবর্তনশীল ট্রেন্ড এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে নিয়মিত শেখা, আপডেট থাকা এবং কৌশলগত চিন্তাশক্তি ধরে রাখা জরুরি। যাঁরা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন, ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়ায় তাঁরাই নেতৃত্ব দেবেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ও আগামীর দাবি

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগগুলোতে ‘ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট’ বা ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ নিয়ে কোনো পূর্ণাঙ্গ কোর্স বা ব্যবহারিক ক্লাস এখনো সেভাবে শুরু হয়নি। যুগের চাহিদা মেটাতে এবং দক্ষ সাংবাদিক-সংবাদকর্মী গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে এ বিষয়গুলো দ্রুত অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

অভিজ্ঞতা ছাড়াই নুভিস্তা ফার্মায় চাকরি, আবেদন শুরু

বিজেএসসির অফিস সহায়ক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৯৬

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, কর্মস্থল ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অবদান যাঁদের

পরীক্ষার্থীদের চাপ নয়, সঙ্গ দিন

কর্মী নেবে আকিজ ভেঞ্চার, এসএসসি পাসে আবেদন

অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৬৩ হাজার টাকা

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারি

৩০-৩৫ হাজার টাকা বেতনে কর্মী নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

ইউসিবি ব্যাংকে চাকরি, ৪৫ বছরেও আবেদনের সুযোগ