হোম > ইসলাম

সুস্থ জীবনযাপনে ইসলামের ৫ নির্দেশনা

ফয়জুল্লাহ রিয়াদ

সুস্থতা আল্লাহর নিয়ামত। সুস্থতা ছাড়া ইবাদত, কর্মক্ষেত্র কিংবা পারিবারিক জীবন—কোনো ক্ষেত্রেই পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। মানুষের দেহ ও মনের সুস্থতার জন্য রয়েছে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা। এর মধ্যে উল্লেখযোগ্য ৫টি হলো—

পরিমিত খাবার: ইসলাম খাদ্যগ্রহণে সংযম ও পরিমিতির শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় কোরো না।’ (সুরা আরাফ: ৩১)। অতিরিক্ত আহার স্থূলতা, ডায়াবেটিস, হৃদ্‌রোগসহ নানা রোগের কারণ হতে পারে। তাই স্বাস্থ্যরক্ষায় ইসলামের প্রথম নির্দেশনা হলো পরিমিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা।

পরিচ্ছন্ন জীবনযাপন: পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বানিয়েছে ইসলাম। অজু, গোসল থেকে শুরু করে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক শিক্ষা। রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম: ২২৩)। পরিবেশের পরিচ্ছন্নতার প্রতিও ইসলাম গুরুত্বারোপ করেছে। নবীজি (সা.) বলেন, ‘তোমরা তোমাদের (বাড়ির) আঙিনা পরিচ্ছন্ন রাখো।’ (জামে তিরমিজি: ২৭৯৯)

পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম: মানুষের দেহ ও মনের সতেজতার জন্য পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের মাধ্যম।’ (সুরা নাবা: ৯)। অনিদ্রা মানসিক চাপ বাড়ায়। এতে কর্মক্ষমতা কমে যায় এবং শারীরিক জটিলতা সৃষ্টি হয়। পরিমিত বিশ্রামের মাধ্যমে দেহ ও মন সতেজ রাখাই ইসলামের শিক্ষা।

সক্রিয় জীবনযাপন: অলসতা ও নিষ্ক্রিয়তাকে নিরুৎসাহিত করেছে ইসলাম। নবীজি (সা.) শক্তিশালী মুমিনকে দুর্বল মুমিনের তুলনায় উত্তম বলেছেন। (সহিহ মুসলিম: ২৬৬৪)। রাসুল (সা.) সাহাবিদের সাঁতার, তিরন্দাজি ও ঘোড়সওয়ারির মতো শারীরিক ক্রীড়ায় উৎসাহিত করতেন। শারীরিক পরিশ্রম রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি সৃষ্টি করে।

ক্ষতিকর বস্তু থেকে দূরে থাকা: ইসলাম মানুষের জন্য ক্ষতিকর সব বিষয় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। মাদক ও ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস মানুষকে ধীরে ধীরে শারীরিক ও মানসিক ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ কোরো না।’ (সুরা বাকারা: ১৯৫) ইসলামের নিষেধাজ্ঞাগুলো মানুষের জীবনকে সংকুচিত করার জন্য নয়, বরং তার সুস্থতা নিশ্চিত করার জন্য।

আজকের নামাজের সময়সূচি: ২৯ জুন ২০২৬

ওহি কাকে বলে, কত প্রকার

আজকের নামাজের সময়সূচি: ২৮ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৭ জুন ২০২৬

আশুরার সঙ্গে জড়িয়ে আছে যেসব ইতিহাস

মহররম মাসে যেসব কাজ থেকে বিরত থাকা উচিত

যেভাবে আশুরার দিন কাটাতেন প্রিয় নবী (সা.)

ইসলামে মাদকমুক্ত সমাজ গঠনের রূপরেখা

আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬

আজ পবিত্র আশুরা