হোম > ইসলাম

আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী

ইসলাম ডেস্ক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ফাইল ছবি

রাজধানীর গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি দস্তারবন্দি মহাসম্মেলনে কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা এবং কওমি মাদ্রাসাগুলোর খেদমতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী। তিনি বলেছেন, আলেম-উলামাদের সামাজিক মর্যাদা রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বুধবার (২৫ নভেম্বর) সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য দিতে গিয়ে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্মমন্ত্রী বলেন, ইলম, তাকওয়া ও আত্মশুদ্ধির এই মহতী আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য শায়খুল হাদিস ও ফকিহদের উপস্থিতি সম্মেলনকে আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি ও ইলমি আবহে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সম্মাননা পাগড়ি পাওয়া আলেমদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের ভবিষ্যৎ ইলমি ও দাওয়াতি জীবনের সাফল্য কামনা করেন।

ফরিদাবাদ মাদ্রাসার ঐতিহাসিক অবদান স্মরণ

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ঐতিহাসিক অবদান তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি দেওবন্দি শিক্ষাধারা ও ইসলামের খাঁটি মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের শিক্ষাধারার ভিত্তিতে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকে বিশিষ্ট আলেম ও মনীষীদের হাত ধরে এটি বিকশিত হয়েছে।

তিনি বলেন, জামিয়ার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) ছিলেন হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভি (রহ.), হজরত আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.), শায়খ শাব্বির আহমদ উসমানি (রহ.) ও আল্লামা জাফর আহমদ উসমানি (রহ.)-এর অন্যতম শ্রেষ্ঠ শাগরেদ। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শরিয়তের খেদমতকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন।

প্রতিষ্ঠানটির বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী মনীষীদের স্মরণ করে ধর্মমন্ত্রী বিশেষভাবে হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.), হজরত মাওলানা হেদায়েতুল্লাহ (রহ.), হজরত মাওলানা ফজলুর রহমান (রহ.), হজরত মাওলানা ইসমাইল (রহ.), হজরত মাওলানা আবদুল আজিজ (রহ.), হজরত মাওলানা আতহার রহমান (রহ.) এবং শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর অবদানের কথা উল্লেখ করেন।

বর্তমান মুহতামিম মাওলানা মো. আবদুল কুদ্দুসের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তিনি জামিয়ার তত্ত্বাবধান ও উম্মাহর খেদমত করে যাচ্ছেন। এ সময় তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মসজিদ-মাদ্রাসা ও হজ ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগ

বিএনপি সরকারের ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, দলটি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসলামি শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদ্রাসা ও আলেম-উলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধ পুনর্জাগরণে কাজ করেছে। এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লামা শামসুল হক ফরিদপুরী, হাফেজ্জী হুজুর ও পীরজী হুজুরসহ প্রয়াত আলেম-উলামাদের অবদান স্মরণ করে দোয়া করেন।

সরকারের সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানীর ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি জানান, ২০২৬–২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় একজন ইমাম মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে উৎসব সম্মানী দেওয়া হবে। মসজিদ খাতে চলতি অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা এবং পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, প্রবাসীসহ দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া যেখানে ১ লাখ ৯৭ হাজার টাকা ছিল, বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলেম সমাজের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান

আলেম-উলামাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজসংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি আলেম-উলামাদের সহযোগিতা কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান।

নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, সম্প্রতি আল্লাহর রহমতে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি যেন সুস্থ হয়ে আলেম-উলামা ও দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জামিয়া ফরিদাবাদের ৭০ বছর পূর্তি মহাসম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন এবং এ প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত তরুণ আলেমেরা যেন বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দিতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে জামিয়া ফরিদাবাদসহ দেশের সব কওমি মাদ্রাসাকে ইসলামি জ্ঞানচর্চার সুদৃঢ় দুর্গ হিসেবে কবুল করার এবং দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বক্তব্য শেষ করেন ধর্মমন্ত্রী।