রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনায় কেটেছে। গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দিনভর দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান ও সম্মাননা পাগড়ি প্রদান কার্যক্রমে অংশ নেন হাজারো মানুষ। তিন দিনের এ মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি।
জানা যায়, আজ সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন পর্বে আলেম-উলামাদের আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি পরানো হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহী মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, আখলাক, নবীজির আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এতে আলোচনা করেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।
বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকিম মাজহার, ভারতের মাওলানা আজহার মাদানি ও মাওলানা সাইয়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ এবং মাওলানা হানিফ জালন্ধরীসহ বিশিষ্ট আলেমরা।
এ দিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়। এ সময় সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
এর আগে, গতকাল সোমবার (২৩ নভেম্বর) শুরু হয়েছে এই সম্মেলন। বিখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি এ দিন বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। প্রথম দিনে তিন হাজার ফারেগকে পাগড়ি প্রদান করা হয়।