দৈনন্দিন জীবনে চলতে-ফিরতে মানুষ নানা কারণে শারীরিক ব্যথায় আক্রান্ত হয়। দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিমায় বসে বা শুয়ে থাকা, অতিরিক্ত পরিশ্রম, দীর্ঘ পথ হাঁটা কিংবা কোনো আঘাতজনিত কারণে শরীরে তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। শরীরে এই ধরনের সাময়িক বা দীর্ঘস্থায়ী ব্যথা শুরু হলে অনেকেই অতিরিক্ত দুশ্চিন্তায় পড়েন।
যেকোনো শারীরিক অসুস্থতায় সুনির্দিষ্ট চিকিৎসা, ওষুধ গ্রহণ কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা বা ব্যায়াম করার পাশাপাশি মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে দোয়া করা চাই। এতে আল্লাহ তাআলা দ্রুত রোগ ও কষ্ট দূর করে দেন। হাদিস শরিফে শারীরিক ব্যথা নিরাময়ের জন্য একটি অত্যন্ত কার্যকর ও চমৎকার দোয়ার কথা বর্ণিত হয়েছে।
হাদিসের বিখ্যাত গ্রন্থ ‘সুনানে ইবনে মাজাহ’-তে ব্যথামুক্তির এই অনন্য আমল বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবি হজরত উসমান বিন আবুল আস আস-সাকাফি (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে মারাত্মক শারীরিক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে প্রায় অকেজো করে দিয়েছিল। রাসুলুল্লাহ (সা.) তখন আমাকে বলেন, ‘‘তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া বলো।’’’ (সুনানে ইবনে মাজাহ: ৩৫২২)
أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
বাংলা উচ্চারণ: আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।
অর্থ: আল্লাহর নামে—আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অছিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি ও আশঙ্কা থেকে আশ্রয় প্রার্থনা করছি।