সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য ও মহামূল্যবান নিয়ামত। একটি সন্তানকে ঘিরে বাবা-মায়ের জীবনে বোনা থাকে কত স্বপ্ন, আশা ও ভবিষ্যতের প্রত্যাশা। কিন্তু অনেক দম্পতির জীবনে দীর্ঘ প্রতীক্ষার পরও সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়ে ওঠে না। কেউ বছরের পর বছর চিকিৎসা করান, কেউ নানা চেষ্টা ও দোয়ায় ব্যস্ত থাকেন; তবুও কাঙ্ক্ষিত ফল না পেলে অনেক সময় মনে হতাশা, দুশ্চিন্তা ও অপূর্ণতার বেদনা ভর করে।
অথচ একজন মুমিনের জন্য হতাশার কোনো সুযোগ নেই। কারণ, সন্তান দান করা একমাত্র মহান আল্লাহর ইচ্ছাধীন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দেন, কাউকে উভয়টিই দান করেন, আবার কাউকে নিঃসন্তান রাখেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
অর্থ: ‘আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’ (সুরা শুরা: ৪৯–৫০)
সন্তান লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা নবী-রাসুলদেরও অনুসৃত সুন্নত। পবিত্র কোরআনে ইবরাহিম (আ.), জাকারিয়া (আ.)-সহ একাধিক নবীর সন্তান লাভের দোয়া এবং পারিবারিক কল্যাণের দোয়া বর্ণিত হয়েছে। এসব দোয়ার মূল শিক্ষা হলো—কেবল সন্তান চাওয়া নয়, বরং নেককার, পবিত্র, দ্বীনদার ও চোখজুড়ানো সন্তান প্রার্থনা করা। সন্তান না হলে যেসব কোরআনি দোয়া ও আমল করা যায়, তা নিচে তুলে ধরা হলো:
সন্তান লাভের জন্য কোরআনে বর্ণিত দোয়া
ইবরাহিম (আ.) যখন নিজ সম্প্রদায়ের অবিশ্বাস ও বিরোধিতার মুখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন আল্লাহর কাছে নেককার সন্তান প্রার্থনা করেন।। আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং তাঁকে এক সহনশীল পুত্রসন্তানের সুসংবাদ দেন। (তাফসিরে ইবনে কাসির)
তাঁর দোয়াটি ছিল এমন—
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রব্বি হাবলি মিনাস সালিহিন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন।
জাকারিয়া (আ.) দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। বার্ধক্য এবং স্ত্রীর সন্তান জন্মদানে অক্ষমতা সত্ত্বেও তিনি চাইতেন, তাঁর মৃত্যুর পর এমন একজন নেককার উত্তরসূরি থাকুক, যিনি দ্বীনের দায়িত্ব পালন করবেন। তাঁর বিনীত প্রার্থনার পর আল্লাহ তাঁর ডাকে সাড়া দেন, তাঁর স্ত্রীকে সন্তান ধারণের উপযোগী করেন এবং তাঁকে ইয়াহইয়া (আ.)-কে দান করেন। তাফসির ইবনে কাসির)
তাঁর দোয়াটি ছিল এমন—
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ: রব্বি লা তাযারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নিঃসন্তান ও একা ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী।
মারইয়াম (আ.)-এর ইবাদতখানায় আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিকের নিদর্শন দেখে জাকারিয়া (আ.)-এর মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। বার্ধক্য ও স্ত্রীর বন্ধ্যত্বের কথা বিবেচনা না করে তিনি আল্লাহর কাছে উত্তম সন্তান প্রার্থনা করেন এবং এর পরপরই ফেরেশতাদের মাধ্যমে ইয়াহইয়া (আ.)-এর সুসংবাদ পান। (তাফসিরে তাবারি)
তাঁর দোয়াটি ছিল এমন—
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ। ইন্নাকা সামিউদ দুয়া।
অর্থ: হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।
সুরা আল-ফুরকানের ৬৩ থেকে ৭৪ নম্বর আয়াতে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের গুণাবলি বর্ণনা করা হয়েছে। তাঁদের অন্যতম বৈশিষ্ট্য হলো, তাঁরা নিজেদের পরিবার ও সন্তানের কল্যাণে দোয়া করেন। এখানে ‘চোখের শীতলতা’ বলতে প্রিয়জনের ইমানদারি, নেক আমল ও আল্লাহর আনুগত্য দেখে অর্জিত প্রশান্তি ও আনন্দকে বোঝানো হয়েছে। (তাফসির ইবনে কাসির)
বর্ণিত দোয়াটি হলো—
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিও ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।
কোরআনে বর্ণিত এসব দোয়া নিয়মিত পাঠ করার পাশাপাশি নিচের বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ:
আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস: পূর্ণ আস্থা ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া কবুল হতে দেরি হলেও হতাশ হওয়া যাবে না।
যাঁরা দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় অপেক্ষা করছেন, তাঁরা নিরাশ না হয়ে আল্লাহর রহমতের ওপর অবিচল আস্থা রাখুন এবং কোরআনে বর্ণিত নবীদের এসব দোয়া নিয়মিত পড়ুন। কেবল সন্তান কামনা না করে আল্লাহর কাছে নেককার, সুস্থ, দ্বীনদার ও চোখজুড়ানো সন্তান প্রার্থনা করুন।
মহান আল্লাহ প্রত্যেকের জন্য সর্বোত্তম ও কল্যাণকর ফয়সালা করুন এবং যাঁরা সন্তান লাভের অপেক্ষায় আছেন, তাঁদের উত্তম ও নেককার সন্তান দান করুন।