হোম > ইসলাম

আশুরার রোজা যেভাবে রাখতে বলেছেন নবীজি (সা.)

ফয়জুল্লাহ রিয়াদ

ছবি: সংগৃহীত

মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। পৃথিবীর সূচনালগ্ন থেকেই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। যুগে যুগে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে এই দিনে। যেমন—এই দিনে হজরত মুসা (আ.)-এর ওপর আসমানি কিতাব তাওরাত অবতীর্ণ হয়। তিনি ও তাঁর উম্মত ফেরাউনের অত্যাচার-নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন। (সহিহ বুখারি: ২০০৪)। মহাপ্লাবনের পর হজরত নুহ (আ.)-এর কিসতি জুদি পাহাড়ে থেমেছিল আশুরার দিনেই। (মুসনাদে আহমদ: ৮৭১৭)।

মহররম মাস আল্লাহর নিকট বিশেষ গুরুত্বপূর্ণ। এ জন্য মহররমকে আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মহররম হলো আল্লাহর মাস।’ (সহিহ মুসলিম: ১১৬৩)। এ মাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো আশুরার দিন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজা ফরজ ছিল। পরবর্তীকালে তা নফলে পরিণত হয়। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘জাহেলি যুগে কুরাইশরা আশুরার দিন রোজা রাখত। রাসুলুল্লাহ (সা.)ও রোজা রাখতেন। তিনি যখন হিজরত করে মদিনায় এলেন, তখনো এই দিনে নিজে রোজা রাখতেন এবং অন্যকে রোজা রাখতে আদেশ করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার (রোজার) গুরুত্ব দেওয়া পরিত্যাগ করলেন।’

(সহিহ বুখারি: ২০০২)

আশুরার দিন রোজা রাখার বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, এই দিনের রোজা পূর্বের এক বছরের গুনাহ মিটিয়ে দেয়। হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর নিকট আশাবাদী যে, এর মাধ্যমে তিনি পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।’ (সহিহ মুসলিম: ১১৬২)।

এই দিন রোজা রাখার নিয়ম হলো, পূর্বাপর কোনো একদিন মিলিয়ে মোট দুই দিন রোজা রাখা। অর্থাৎ আশুরার দিনের সঙ্গে মিলিয়ে ৯ অথবা ১১ তারিখও রোজা পালন করা। এটি মোস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের ব্যতিক্রম করো। তার আগের এক দিন কিংবা পরের এক দিন (মিলিয়ে দুই দিন) রোজা রাখো।’ (সহিহ ইবনে খুজাইমা: ২০৯৫)

লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

ইসলামি সংস্কৃতি ও সভ্যতার বিকাশে মসজিদের ভূমিকা

নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার ৫ মসজিদ

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যাবে?

আজকের নামাজের সময়সূচি: ১৬ অক্টোবর ২০২৬

হিংসা-বিদ্বেষ যেভাবে নেক আমল ধ্বংস করে

আজকের নামাজের সময়সূচি: ১৫ অক্টোবর ২০২৬

সুরা আনআম: গুরুত্ব, তাৎপর্য ও মর্মবাণী

কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আর নেই

নারীর আত্মরক্ষা, নিরাপত্তা ও ইসলামের দৃষ্টিভঙ্গি

আজকের নামাজের সময়সূচি: ১৪ অক্টোবর ২০২৬