হোম > ইসলাম

ইসলামি বইমেলায় পাঠক টানতে বিশেষ ছাড়ের ঘোষণা

ইসলাম ডেস্ক 

জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মেলার বিভিন্ন বইয়ে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ফাউন্ডেশনের নিজস্ব স্টলে প্রকাশিত বইয়ে বিশেষ কমিশন দেওয়া হচ্ছে। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের বইয়ে ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের বইয়ে ৪০ শতাংশ ছাড় রয়েছে। ফাউন্ডেশনের স্টল বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে রয়েছে।

মেলা পরিচালনা কমিটির তথ্যমতে, এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ১৯৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, সংস্কৃতি এবং শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।

দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য শিশু চত্বর, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রয়েছে। মেলায় ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ‘সিরাত এক্সিবিশন’ চলছে। এতে ১৩টি প্রজেক্টের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।