ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলির নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি বলেছেন, এই ঘটনা তাঁর পরিকল্পিত হোয়াইট হাউস বলরুমের নিরাপত্তা অবকাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এক বন্দুকধারী নিরাপত্তা বেস্টনি ভেদ করার চেষ্টা করলে ডিনার থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। ওই ব্যক্তি শটগান হাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তাঁকে আটক করা হয়।
ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন ভবনটি খুব বেশি নিরাপদ নয়। তিনি বলেন, ‘এটা খুব একটা নিরাপদ ভবন নয়। এ কারণেই আমরা হোয়াইট হাউসে যে পরিকল্পনা করছি, সেখানে সব ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকা জরুরি।’
হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের পরিকল্পনায় একটি বলরুম রয়েছে, যার নিচে একটি সুরক্ষিত বাঙ্কার থাকবে। এটি পূর্বে যে স্থানে ইস্ট উইং ছিল, সেই জায়গার নিচে নির্মাণের কথা বলা হয়েছে।
নিজের বক্তব্যে ট্রাম্প এই হামলার সঙ্গে তার ওপর পূর্বের হত্যাচেষ্টাগুলোর যোগসূত্র টানেন। তিনি বলেন, ‘আজকের দিনে আমাদের এমন নিরাপত্তা দরকার, যা সম্ভবত আগে কেউ দেখেনি।’ এর আগে, ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদের প্রচারণার সময় পেনসিলভানিয়ার বাটলারে এক হত্যাচেষ্টা থেকে বেঁচে যান ট্রাম্প। ওই ঘটনায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং পরে নানা সংস্কার আনা হয়।
এর কয়েক মাস পর ফ্লোরিডায় তাঁর গলফ কোর্সে আরেকবার হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও তখন কোনো গুলি ছোড়া হয়নি। ওই ঘটনার সন্দেহভাজনকে চলতি বছরের শুরুতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজের ওপর একাধিক হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ঘাতকরা সাধারণত ‘সবচেয়ে প্রভাবশালী মানুষদেরই’ লক্ষ্যবস্তু বানায়। তিনি বলেন, ‘এটা বলতে আমার ভালো লাগে না যে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আমি অনেক কিছু করেছি।’
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে এই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এই ডিনারে দেওয়া বক্তব্যে নিজের প্রশাসনের প্রতি অন্যায্য আচরণ করেছে বলে মনে করা গণমাধ্যমগুলোর সমালোচনা করার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, হামলার পরও তিনি সেখানে ‘থাকার প্রাণপণ চেষ্টা করেছিলেন।’ তাঁর ভাষায়, তিনি তাঁর বক্তব্যে সংবাদমাধ্যমকে ‘তীব্রভাবে আক্রমণ’ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। ঘটনার পর ডিনারটি বাতিল করা হয়েছে। তবে ট্রাম্প স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, আগামী ৩০ দিনের মধ্যে এটি পুনরায় আয়োজন করা হতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমি জানি না, অনুষ্ঠানটি পুনরায় হলে আজ রাতে যতটা কঠোর হতে যাচ্ছিলাম, ততটা হতে পারব কি না।’ শেষে তিনি বলেন, ‘আজ রাতের ঘটনার প্রেক্ষিতে আমি সব আমেরিকানকে আহ্বান জানাই, আমাদের মতপার্থক্যগুলো শান্তিপূর্ণভাবে সমাধানের প্রতিশ্রুতি আবারও নবায়ন করতে।’