হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান দুর্ব্যবহার করলে আবারও হামলা করব: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘দুর্ব্যবহার’ বা বাজে আচরণ করলে তিনি ফের দেশটিতে হামলার নির্দেশ দেবে। স্থানীয় সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরান এখনো যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তির খসড়া নিয়ে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে বর্তমান অচলাবস্থা ভাঙতে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন কি না, এমন বিষয়টিও ট্রাম্প গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা যদি দুর্ব্যবহার করে, যদি তারা কোনো খারাপ কিছু করে; তবে এখন দেখা যাক। এটি একটি সম্ভাবনা, অবশ্যই ঘটতে পারে।’

এর আগে গত বৃহস্পতিবার ইরান যুক্তরাষ্ট্রকে একটি কাঠামোগত চুক্তির জন্য ১৪ দফার হালনাগাদ প্রস্তাব দেয়। প্রস্তাব সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই চুক্তির লক্ষ্য হবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা এবং ইরান ও লেবাননে চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ করা।

ইরানের প্রস্তাব অনুযায়ী, এই চুক্তি সম্পন্ন হওয়ার পরই আরেক দফা এক মাসের আলোচনা শুরু হবে, যেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে বলে সূত্র দুটি জানায়।

এদিকে বৃহস্পতিবারই ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এরপর কুপার ওই অঞ্চলে রওনা হন এবং শনিবার আরব সাগরে অবস্থানরত ইউএসএস ট্রিপোলি জাহাজে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরানের প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। তবে শনিবার পাম বিচ থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি বিমানে বসেই প্রস্তাবটি পর্যালোচনা করবেন। তিনি বলেন, ‘আমি এটা দেখছি। পরে আপনাদের জানাব...তারা আমাকে চুক্তির ধারণা সম্পর্কে জানিয়েছে। এখন তারা আমাকে সঠিক ভাষ্য দেবে।’

এর কিছুক্ষণ পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি কল্পনাও করতে পারি না যে এটি গ্রহণযোগ্য হবে।’ তিনি আরও জোর দিয়ে বলেন, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের বিরুদ্ধে যা করেছে, তার জন্য ইরান এখনো যথেষ্ট চড়ামূল্য দেয়নি।

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার, দাবি পেন্টাগনের

জলদস্যুদের মতো আমরা ইরানি জাহাজ জব্দ করেছি: ট্রাম্প

মাছ ধরতে গিয়ে এক জেলে যেভাবে খুঁজে পেলেন বৃষ্টির মরদেহ

ট্রাম্পের অনুষ্ঠানে হামলা: সিক্রেট সার্ভিস অফিসারকে গুলি করল কে, তথ্যগত অসংগতি নিয়ে রহস্য

জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপের সঙ্গে বিচ্ছেদের সূচনা

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, নেতৃত্ব নিয়ে সংশয়

সান ফ্রান্সিসকোর রাস্তায় মাদকাসক্তদের ‘জম্বি দশা’ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়

ইতালি, স্পেন ও জার্মানি থেকে কেন সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ চিহ্নিত, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরান যুদ্ধ, প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন