হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে মার্কিন হাউসে বিল পাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করবে এমন এক বিল পাস করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেনটেটিভস। ইসরায়েলে বোমা সরবরাহে বিলম্ব এবং গাজায় বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের আরও করণীয় আছে বলে মন্তব্য করায় গতকাল বৃহস্পতিবার এই বিল পাসের সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে খবরটি জানা গেছে।

ইসরায়েল নিরাপত্তা সহায়তা বিলটির পক্ষে ভোট পড়েছে ২২৪টি, বিপক্ষে ১৮৭। ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পক্ষে রিপাবলিকানদের সঙ্গে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৬ জন ডেমোক্র্যাট। অন্যদিকে তিনজন রিপাবলিকান এই বিলের বিরোধিতা করে যোগ দিয়েছেন বেশির ভাগ ডেমোক্র্যাটের সঙ্গে।

বিলটি আইনে পরিণত হবে এমনটা সম্ভাবনা কম। আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। আর সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে এই বিল পাস হওয়ায় আরও স্পষ্ট হলো গাজা-ইসরায়েল সম্পর্কিত মার্কিন নীতির বিভাজন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় ইসরায়েলের অভিযানে অন্তত ৩৫ হাজার ২৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। খাবার, পানি ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে গাজার লাখ লাখ বাসিন্দা। এ অবস্থায় ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকায় সমালোচনায় মুখর বিশ্বের অনেক প্রান্ত।

এদিকে, বাইডেনের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অভিযোগ করেছে রিপাবলিকানরা। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাইডেনের সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। এই সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক দিক বিবেচনা করে নেওয়া হয়েছে। আমরা এটা হতে দিতে পারি না।’

এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরা ইসরায়েল নিয়ে বাইডেনের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছে। ভোটের আগে হাউসের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস সংবাদ সম্মেলনে বলেন, এটি আইন প্রণয়নের জন্য কোনো গুরুতর প্রচেষ্টা নয়। এ কারণেই হাউস ডেমোক্রেটিক ককাসের সবচেয়ে ইসরায়েলপন্থী সদস্যদের মধ্যে কেউ কেউ ‘না’ ভোটও দেবেন।

গত কয়েক দশক ধরেই সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পেয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলে কয়েক দিন আগে ৯০০ কেজি বোমার চালান পাঠাতে বিলম্ব করেছিল মার্কিন প্রশাসন। তা সত্ত্বেও কয়েক শ কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে পারে ইসরায়েল।

সেই সঙ্গে ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র দিতে চায় বলে কংগ্রেসকে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন প্রশাসনের দেওয়া এই চালানের মধ্যে থাকবে ট্যাংক রাউন্ড, মর্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প