হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, পাত্তাই দেননি কিম জং-উন

আজকের পত্রিকা ডেস্ক­

২০১৯ সালের ৩০ জুন উত্তর কোরিয়ার পানমুনজমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের। এর মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য বহুভাবে চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত বছর থেকে অফিশিয়াল টেলিফোন লাইন ও অন্যান্য কূটনৈতিক মাধ্যমে অনেকবার কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়াই মেলেনি।

সবশেষে যোগাযোগে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং-উনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের উত্তর কোরীয় মিশনের মাধ্যমে চিঠিটি হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অফিসের বাইরে অপেক্ষা করছিল। উত্তর কোরিয়ার এক কূটনীতিক অফিসে ঢোকার সময় চিঠিটি দ্রুত তাঁর হাতে তুলে দেওয়া হয়। তবে মজার বিষয় হলো, পরে জাতিসংঘের একটি বৈঠক চলাকালে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই সোজাসুজি এক মার্কিন প্রতিনিধির কাছে ফিরিয়ে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনটি বৈঠক হয়েছিল। এসব বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি করানো, কিন্তু কিম এখন আর পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে আগ্রহী নন।

সাম্প্রতিক এশিয়া সফরের সময়ও ট্রাম্প কিমের সঙ্গে শেষ মুহূর্তে একটি বৈঠকের চেষ্টা করেছিলেন। কিন্তু কিম জং-উন এমন কিছু কঠিন শর্ত জুড়ে দেন, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে বৈঠকটির সম্ভাবনা সেখানেই নস্যাৎ হয়ে যায়।

মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক পর্যালোচনা প্রতিবেদনেও এই সংকটের কথা বলা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কিম তাঁর কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর-কষাকষিতে যাওয়ার সামান্যতম ইচ্ছাও দেখাননি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের শেষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপক বিস্তার ঘটেছে। ওই বছর দেশটির ২০-৩০টি পারমাণবিক ওয়ারহেড থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে (বিভিন্ন গণমাধ্যমে এটি ৮০-১২০টি বলেও দাবি করা হয়েছে)।

উত্তর কোরিয়া সলিড ফুয়েলচালিত একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক মিত্রতা গড়ে তুলেছে এবং তাদের রকেট ও গোলাবারুদ সরবরাহ করছে। এই বিষয়গুলো ট্রাম্প প্রশাসনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে কোটি কোটি ডলার সংগ্রহ করছে (যার মধ্যে সর্বশেষ বাইন্যান্স থেকে ছয় বিলিয়ন ডলার চুরির অভিযোগও রয়েছে)।

এর মধ্যে গত ফেব্রুয়ারিতে এক ভাষণে কিম জং-উন স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নেয়, তবেই তারা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। অন্যথায় উভয় দেশকে ‘চিরন্তন সংঘাত’-এর মুখোমুখি হতে হবে।