হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টা: অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের স্বীকারোক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। ছবি: এপির সৌজন্যে

মার্কিন আদালতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ সালে একজন ভাড়াটে খুনি (হিটম্যান) নিয়োগের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে শুনানি চলাকালীন নিখিল গুপ্ত এই ঘটনায় তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ভাড়াটে খুনিকে অগ্রিম ১৫ হাজার ডলার দিয়েছিলেন।

মার্কিন কৌঁসুলিদের দাবি, নিখিল গুপ্ত ভারত থেকে এই পুরো পরিকল্পনা পরিচালনা করছিলেন। তিনি যাকে খুনি ভেবে যোগাযোগ করেছিলেন, তিনি আসলে ছিলেন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) একজন গোপন তথ্যদাতা। নিখিল গুপ্তের বিরুদ্ধে ‘খুন করার জন্য ভাড়াটে নিয়োগ’ এবং ‘মানি লন্ডারিং’য়ের অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে অন্তত ২০ থেকে ২৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। আগামী ২৯ মে তাঁর সাজা ঘোষণা করা হবে।

এদিকে এফবিআই দাবি করেছে, নিখিল গুপ্ত ভারতের একজন সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ করছিলেন। যদিও ভারত সরকার শুরু থেকেই এই ধরনের অপারেশনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। এফবিআইয়ের নিউইয়র্ক অফিসের প্রধান জেমস সি বারনাকল জুনিয়র বলেন, ‘পান্নুনকে কেবল তাঁর বাক্‌স্বাধীনতা প্রয়োগের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

শুনানি শেষে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমি সন্ত্রাসবাদী নই, আমি একজন মানবাধিকার আইনজীবী। পাঞ্জাবকে স্বাধীন করা আমার জীবনের লক্ষ্য। ভারতের বুলেট আমাকে থামিয়ে দিতে পারবে না।’ তিনি নিখিল গুপ্তকে কেবল একজন ‘সাধারণ সৈন্য’ হিসেবে অভিহিত করে এই ষড়যন্ত্রের মূল হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, প্রথমে পান্নুনকে হত্যার চেষ্টায় জড়িত হিসেবে সন্দেহ করা হয়েছিল ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে। এরপর ২০২৪ সালের জুন মাসে তাঁকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

স্থায়ী না হলে অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস