হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আল্লাহর কাছে শুকরিয়া, হরমুজ আমাদের থাকবে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর (ওয়াল অব স্টিল) হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, ইরানের আর কিছুই করার ক্ষমতা নেই।

তবে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্প বারবার জোর দাবি করলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান অবশ্য সব সময়ই যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি এটি আমাদের দখলেই থাকবে! আমাদের নৌ অবরোধকে সবাই ইস্পাতের প্রাচীর বলছে এবং এটি নিয়ে ইরানের করার কিছুই নেই।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, ইরানের এখন কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই এবং তাদের সৈন্যদের বেতন দেওয়ার মতো সামর্থ্যও নেই। তিনি বলেন, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তারা এখন পালাচ্ছে।

পোস্টের শেষে ট্রাম্প মন্তব্য করেন, ইরান আর মধ্যপ্রাচ্যের সেই আগের (দাদা) অবস্থানে নেই। তিনি লেখেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া!’ (প্রেইজ বি টু আল্লাহ!)।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। তারা এখানে নিজস্ব টোলব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে এবং যুক্তরাষ্ট্রের নির্ধারিত পথ এড়ানোর চেষ্টা করা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ না তাদের নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তারা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে দেবে না।