হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৯৫, নিখোঁজ ১২০ 

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থীশিবিরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই দুই দফা হামলায় শরণার্থীশিবিরটিতে হতাহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার প্রশাসনের প্রচার দপ্তর থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা প্রশাসনের দেওয়া তথ্য বলছে, দুই দফার ইসরায়েলি হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছে। এখনো খুঁজে পাওয়া যায়নি ১২০ জনকে। তারা বেঁচে আছে নাকি নিহত হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। নিহত ও নিখোঁজের বাইরেও ইসরায়েলি হামলায় অন্তত ৭৭৭ জন গুরুতর আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর গতকাল বুধবার প্রথমবারের মতো রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিসর। এর পর থেকে বহু বিদেশি পাসপোর্টধারী গতকাল থেকে যুদ্ধবিধ্বস্ত গাজা ছাড়তে শুরু করেছে। রাফাহ সীমান্ত দিয়ে ঠিক কতজন লোক চলে যেতে সক্ষম হয়েছিল, তা পরিষ্কার নয়। তবে ঘটনাস্থলের লাইভ ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনি দিকের টার্মিনাল দিয়ে বিপুলসংখ্যক লোক ঢুকছে।

এর আগে মিসর থেকে দুই শতাধিক ট্রাক জরুরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে। তবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের কোনো লোককে রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত শুধু বিদেশিদের জন্য ওই সীমান্ত খুলে দেওয়া হলো। গতকাল ওই সীমান্ত দিয়ে প্রায় ৫০০ জন বিদেশি ও দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তির পার হওয়ার কথা ছিল। সেই সঙ্গে ৮৮ জন অসুস্থ ও আহত ব্যক্তিরও গতকাল গাজা ছাড়ার কথা ছিল। কর্তৃপক্ষ বলছে, এসব বিদেশি পাসপোর্টধারীর মধ্যে ৪৪ দেশের নাগরিক ছাড়াও জাতিসংঘসহ ২৮টি সংস্থার কর্মীরা রয়েছেন।

রয়টার্সকে একটি সূত্র জানায়, বিদেশি পাসপোর্টধারী ও মারাত্মকভাবে জখম ব্যক্তিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মিসর, ইসরায়েল ও হামাসের সঙ্গে চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার। চুক্তিতে মিসর ও গাজা সীমান্তবর্তী রাফাহ দিয়ে বিদেশি পাসপোর্টধারী ও গুরুতর আহত ব্যক্তিদের উপত্যকাটি ছেড়ে যাওয়ার কথা বলা হয়। সূত্র আরও জানায়, এই চুক্তিতে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক সংকটে ভোগা গাজার মানবিক সংকট কমাতে যুদ্ধবিরতি কিংবা হামাসের হাতে জিম্মি থাকা বিদেশিসহ ইসরায়েলিদের বিষয়ে কোনো মধ্যস্থতা হয়নি।

খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা

বাবার জানাজায় আসবেন না মোজতবা খামেনি

খামেনির দাফন ৯ জুলাই, মরদেহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’, চালু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি ‘যোগাযোগ চ্যানেল’

গাজা–পশ্চিম তীর দখলে গতি বাড়িয়েছে ইসরায়েল, শিশু হত্যা ‘গণহত্যার ইঙ্গিত’

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপ করবে ইরান-ওমান, যুক্তরাষ্ট্রের আপত্তি

ব্রাজিলের জয়কে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, গোলাগুলি

লেবাননের ভূখণ্ড দখলের ইচ্ছা নেই, তবে যত দিন ইচ্ছা থাকবে ইসরায়েল

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার হাতে পাচ্ছে ইরান

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার