হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী বলেছে, নতুন কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
ফক্স নিউজের এক প্রতিবেদককে ফোনে ট্রাম্প বলেছেন, ইরানের নেতাদের একটি চুক্তিতে আসা উচিত, নইলে দেশটির অর্থনীতি ধ্বংস হবে অথবা তাদের ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ সপ্তাহে নিউইয়র্কে যাওয়ার কথা থাকায় ট্রাম্প তাঁর সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে আগ্রহী হতে পারেন বলেও ফক্স নিউজের ওই প্রতিবেদক দাবি করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়। এরপর থেকে ট্রাম্প বারবার বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরির অস্পষ্ট হুমকি দিলেও এখন পর্যন্ত তিনি তা বাস্তবায়ন করেননি।
এর আগে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছিল, নতুন কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ধারাবাহিক পাল্টা হামলা চালানো হবে। ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদেরও এই সংঘাতের পক্ষ হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়।
ইরানের সামরিক বাহিনী আরও বলেছে, নতুন একটি হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্য তাদের কাছে রয়েছে। তবে কী ধরনের তথ্যের ভিত্তিতে তারা এ কথা বলছে, তা বিস্তারিত জানায়নি।
এদিকে গত শনিবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। রয়টার্সের ভিডিওতে দেখা যায়, রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া উঠছে। সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
সৌদি আরব এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদি আরবে আরও কয়েকটি হামলার চেষ্টা নস্যাৎ করেছে।