হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা–পশ্চিম তীরে চোরাচালানের অভিযোগে ইসরায়েলি গোয়েন্দাপ্রধানের ভাই গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

বেজালেল জিনি। ছবি: ফেসবুক

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর সঙ্গে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজা উপত্যকায় অবৈধ পণ্য পাচারের অভিযোগে বড় একটি চক্রের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন–এর খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বেজালেল জিনি। তিনি শিন বেতপ্রধান ডেভিড জিনির ভাই। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এটি ছিল একটি ‘ব্যবস্থাগত ও অত্যন্ত পরিশীলিত’ পাচার অভিযান। এই চক্র মূলত অবৈধ সিগারেট গাজায় পাচার করে লাভ করত।

অভিযোগ, বেজালেল জিনি গাজায় ১৪টি বাক্স সিগারেট পাচার করেন। এর বিনিময়ে তিনি প্রায় ৩ লাখ ৬৫ হাজার শেকেল পেয়েছেন। মার্কিন মুদ্রায় এর মূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার। একই অভিযানে গ্রেপ্তার অন্যরা মোবাইল ফোন, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য পাচার করতেন বলে কৌঁসুলিরা অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, এই পাচার চক্রে কিছু ইসরায়েলি রিজার্ভ সেনা সদস্যও ছিলেন। পাশাপাশি পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিরাও এতে যুক্ত ছিলেন। পাচারের শৃঙ্খল শুরু হতো পশ্চিম তীরের সরবরাহকারীদের মাধ্যমে। সেখান থেকে পণ্য যেত ইসরায়েলের গুদামে। পরে ইসরায়েলি সেনাবাহিনীর কনভয়ের মাধ্যমে তা গাজায় পৌঁছানো হতো। কখনো কখনো এই কাজ করা হতো সামরিক অভিযানের সময়।

কিছু ক্ষেত্রে পাচারকে ‘অপারেশনাল প্রয়োজন’ বলে দেখানো হতো বলে কৌঁসুলিরা জানিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য পাঠানোর যে বড় পরিসরের উদ্যোগ চলছে, এই চক্র সেটির সুযোগ নিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় পণ্য পাঠানোর সেই ব্যবস্থাকেই তারা কাজে লাগিয়েছে।

শিন বেত সতর্ক করে বলেছে, এ ধরনের কার্যক্রম ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। সংস্থাটির মতে, এসব পাচার সরাসরি হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে শক্তিশালী করে। শিন বেতের বিবৃতিতে বলা হয়, এসব পণ্য থেকে পাওয়া মুনাফা হামাসের টিকে থাকা ও শাসনক্ষমতাকে সহায়তা করে। এটি হামাসের ক্ষমতায়ন ও সামরিক শক্তি বাড়াতে ভূমিকা রাখে। পাশাপাশি তাদের সামরিক উৎপাদন সক্ষমতা পুনর্গঠনে সাহায্য করে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পাচার অস্ত্র, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম পাচারের সম্ভাব্য পথ তৈরি করে। একই সঙ্গে এসব পথ ইসরায়েল ও তার বাহিনীর বিরুদ্ধে সামরিক হামলার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা জানতেন যে—পাচার করা পণ্য হামাস বা তাদের পক্ষে কাজ করা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পৌঁছাতে পারে। তারা জানতেন, এসব পণ্য সেই গোষ্ঠীগুলোর শক্তি বাড়াতে এবং তাদের কার্যক্রম পরিচালনা ও অর্থায়নে ব্যবহৃত হতে পারে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অভিযোগ করেছেন, অভিযুক্তরা আর্থিক লাভের জন্য এসব কাজ করেছেন। তারা জানতেন, যুদ্ধকালীন সময়ে গাজায় পণ্য প্রবেশে ইসরায়েল যে বিধিনিষেধ আরোপ করেছে, তারা তা এড়িয়ে যাচ্ছেন। অথচ এই কাজের মধ্যে স্পষ্ট নিরাপত্তা ঝুঁকি ছিল।

বেজালেল জিনির আইনজীবী আসাফ ক্লেইন বলেছেন, তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ। গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বেজালেল জিনি একজন অত্যন্ত সম্মানিত মানুষ। রাষ্ট্রের কল্যাণ নিয়ে তাঁর ভাবনা সব সময়ই সবার আগে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এই মামলায় বেজালেল জিনির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, এই ঘটনায় শিন বেতপ্রধান ডেভিড জিনির কোনো ভূমিকা নেই। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।

ডেভিড জিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মনোনীত ব্যক্তি হিসেবে শিন বেতের প্রধান হন। তাঁর নিয়োগ ছিল সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি। কারণ, গোয়েন্দা কাজের ক্ষেত্রে তাঁর কোনো অভিজ্ঞতা ছিল না। সাবেক শিন বেত কর্মকর্তারা তাঁর ‘চরমপন্থী দৃষ্টিভঙ্গি’র সমালোচনা করেছিলেন। তিনি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী থেকে শিন বেতে আসেন।

ডেভিড জিনির সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে বেজালেল জিনির বিরুদ্ধে তদন্তটি শিন বেত নয়, ইসরায়েলি পুলিশ পরিচালনা করেছে। অন্য সব অভিযুক্তের ক্ষেত্রে তদন্ত চালিয়েছে শিন বেত ও ইসরায়েল পুলিশের যৌথ দল।

ওমানের আলোচনায়ই যুক্তরাষ্ট্রকে শান্ত করতে চায় ইরান

এখনই ইরান ছাড়ুন—নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

ট্রাম্পের বন্ধুর বিমানে করে ফিলিস্তিনিদের বহিষ্কার করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে

যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ উৎপাদন করবে সৌদি–তুরস্ক

ট্রাম্পের ‘খ্যাপাটে’ পররাষ্ট্রনীতি ও সর্বগ্রাসী চাওয়া ভেস্তে দিতে পারে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

এপস্টেইন ফাইলস: ইসরায়েলে আরও ১০ লাখ রুশ পাঠাতে পুতিনের কাছে আবদার করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার কাঠামো প্রস্তাব মধ্যস্থতাকারীদের, কী আছে এতে

গাজায় আরও ১৮ জনকে হত্যা করল ইসরায়েল, বন্ধ রাফাহ ক্রসিং

‘আলোচনার মধ্যেই’ ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন যুদ্ধবিমান

ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার