হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তানে আরাঘচি, যুক্তরাষ্ট্রের মুখোমুখি না হয়েই করবেন শান্তি আলোচনা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে আলোচনার লক্ষ্যে গতকাল শুক্রবার রাতে দেশটিতে পা রাখেন তিনি। আট সপ্তাহের যুদ্ধে হাজারো মানুষের মৃত্যুর পর যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই সফর নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরাঘচির আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামাবাদের কেন্দ্রীয় এলাকাগুলোতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরকারি দুটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, আরাঘচি ইসলামাবাদে পৌঁছেই সেরেনা হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেন। এই হোটেলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরাঘচি এক্সে এক পোস্টে লিখেছেন, তিনি দ্বিপক্ষীয় বিষয়ে অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, এই সফরে যুদ্ধ বন্ধের সর্বশেষ প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফরের পরিকল্পনা থাকলেও ইরানি কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের উদ্বেগের বিষয়গুলো পাকিস্তানের মাধ্যমে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরান কেবল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে তাদের অবস্থান তুলে ধরবে এবং পরবর্তীতে সেই বার্তাগুলোই মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এদিকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণের লক্ষ্যে ইরান একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। তবে সেই প্রস্তাবে ঠিক কী থাকছে, সে বিষয়ে এখনো জানেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কার সঙ্গে আলোচনা চলছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি সেটি বলতে চাই না, তবে বর্তমানে যাঁরা দায়িত্বে আছেন আমরা তাঁদের সঙ্গেই আলোচনা করছি।’

আলোচনার জন্য দুই পক্ষই অগ্রসর হলেও সমুদ্রপথে উত্তেজনা কমছে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ইরান অভিমুখী একটি ইরানি পতাকাবাহী জাহাজকে গতিরোধ করেছে তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’।

মার্কিন বিমান হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের ফলে দুই দেশই এক ব্যয়বহুল অচলাবস্থার মধ্যে রয়েছে। ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, আরাঘচির সঙ্গে আলোচনার জন্য আগামী শনিবার সকালে উইটকফ ও কুশনার পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন।

লেভিট ইতিবাচক সুরে বলেন, গত কয়েক দিনে ইরানের পক্ষ থেকে কিছু অগ্রগতি দেখা গেছে এবং এই সপ্তাহে আরও ভালো কিছুর আশা করছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও জানান, চলতি মাসের শুরুতে প্রথম দফার ব্যর্থ আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রয়োজনে পাকিস্তানে যেতে প্রস্তুত। তবে ইরানের বিবৃতির বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল আগেই ইসলামাবাদে অবস্থান করছে।

মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, ইরানের সামনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ভালো চুক্তিতে’ পৌঁছানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘ইরান জানে যে তাদের সামনে এখনো বিজ্ঞতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। তাদের শুধু অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে।’

ইসরায়েলি হামলার মধ্যেই ফিলিস্তিনে চলছে স্থানীয় সরকার নির্বাচন

গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, সম্ভাব্য লক্ষ্যবস্তু যাঁরা ও যেসব স্থাপনা

বন্ধুত্বপূর্ণ কিছু দেশকে হরমুজের টোল থেকে ছাড় দিচ্ছে ইরান

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দ, সাগরে নতুন করে যুদ্ধাবস্থা

নকল পা সংযোজন ও বিকৃত মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবার

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি বাড়ল তিন সপ্তাহ, বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা

তীব্র অর্থনৈতিক সংকটে বেকায়দায় ইরানের সাধারণ মানুষ

ইরানের জাহাজ জব্দ করার ভিডিও ঘিরে নানা প্রশ্ন