ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ১২তম দিনে এসে সংঘাতের পরিধি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তেহরানের একটি ব্যাংকে হামলার প্রতিবাদে এবার পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র, গুগল, মাইক্রোসফটের অফিস এবং ব্যাংকগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি-মালিকানাধীন সংস্থা খাতাম আল-আনবিয়ার একজন মুখপাত্র আজ বুধবার জানিয়েছেন, শত্রুপক্ষ এ অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে হামলার পথ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তিনি অঞ্চলের সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, মানুষের উচিত হবে এই ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা।
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। যেসব কোম্পানির প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যাদের ইসরায়েলের সঙ্গে সংযোগ রয়েছে, তাদেরই ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালানটির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল। তাসনিম নিউজের তথ্যমতে, ইসরায়েলের বিভিন্ন শহর এবং কিছু উপসাগরীয় দেশে অবস্থিত এসব কোম্পানির অফিস এবং ক্লাউড-ভিত্তিক অবকাঠামো এখন থেকে ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকের শাখায় রাতভর ইসরায়েলি হামলা চালানো হয়েছে। এ ধরনের হামা যুদ্ধের ইতিহাসে ‘অবৈধ ও অস্বাভাবিক’। এই হামলায় ব্যাংকের বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান এখন অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে।
এর আগে গত সোমবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান ‘আল-কারদ আল-হাসান’-এর একটি শাখায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরই ইরান এমন হুঁশিয়ারি দিল। হিজবুল্লাহ পরিচালিত এই সংস্থাটি মূলত সাধারণ মানুষকে সুদহীন ঋণ দিয়ে থাকে।
উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত এবং ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে দেশের প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এবং এতে অন্তত ১ হাজার ৩০০ ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।