হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ১৩

আজকের পত্রিকা ডেস্ক­

হাব্বুশ শহরে চালানো হামলায় এক শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। গতকাল শুক্রবার হাব্বুশ শহরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এএফপির প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী যে শহরটিতে সরে যাওয়ার নির্দেশ (ইভাকুয়েশন অর্ডার) দিয়েছিল, সেখানেও হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় এক শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। এ ছাড়া জারারিয়েহ শহরে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মন্ত্রণালয় আরও জানায়, উপকূলীয় শহর টায়ারের কাছের আইন বাল গ্রামে একটি হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী হাব্বুশ শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন এএফপির একজন আলোকচিত্রী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, সরে যাওয়ার সতর্কতা জারির ‘এক ঘণ্টারও কম সময়ের মধ্যে’ ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দফায় দফায় তীব্র হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, ইরান-সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে ‘যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের’ জবাবে তারা ‘জোরালো’ পদক্ষেপ নেবে। তারা বাসিন্দাদের শহর থেকে অন্তত এক কিলোমিটার দূরে খোলা স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

টায়ারসহ দক্ষিণ লেবাননের অন্যান্য স্থানেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে এনএনএর প্রতিবেদনে জানা যায়।

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও দেশটিতে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলকে ‘পরিকল্পিত, আসন্ন বা চলমান হামলার’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনারা লেবানন সীমান্তের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি ‘ইয়েলো লাইনে’ অবস্থান করছে। সেখানে তারা ব্যাপক আকারে ভবন বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

এনএনএ জানিয়েছে, ইসরায়েলি সেনারা দক্ষিণাঞ্চলীয় শহর শামায় বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া ইয়ারুন শহরে বাড়িঘর, দোকান ও রাস্তাঘাট উড়িয়ে দেওয়ার পর একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালিত মঠ ও স্কুল ধ্বংস করে দিয়েছে তারা।

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই এসব হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে গত মার্চ মাসে ইসরায়েলে রকেট হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে লেবাননকে টেনে আনে হিজবুল্লাহ।

গতকাল শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১০৩ জন জরুরি উদ্ধারকর্মী ও প্যারামেডিক রয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির আন্ডার-সেক্রেটারি জেনারেল জাভিয়ের কাস্তেলানোস জানান, লেবাননে রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা যখন কোনো অভিযানে যান, তখন তারা প্রাণের ভয়ে থাকেন।

ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে লেবানিজ রেড ক্রসের দুজন প্যারামেডিকও রয়েছেন। কাস্তেলানোস বলেন, ‘একজন মানুষ জীবন বাঁচানোর চেষ্টা করছেন, মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছেন, তাঁকে লক্ষ্যবস্তু করা, হত্যা করা, এটা একেবারেই অগ্রহণযোগ্য।’

নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি হৃদ্‌রোগে আক্রান্ত, নেওয়া হয়েছে হাসপাতালে

ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের নিষেধ করল আমিরাত

পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে ইরানের নতুন প্রস্তাব

দুই মাসে ইসরায়েলে ১.১৫ লাখ টন অস্ত্র-গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক

হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা খামেনি

আবার হামলার চিন্তা ট্রাম্পের, বেদনাদায়ক পাল্টা আঘাতের হুমকি ইরানের

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

অবরোধ বহাল রাখতে অনড় ট্রাম্প, কার্যকর ও নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি ইরানের