হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট

আজকের পত্রিকা ডেস্ক­

ইতালিতে শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে রোমে শ্রমিক, শিক্ষার্থী ও আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। ছবি: আল-জাজিরা

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন বন্দর ও জাহাজঘাটের শ্রমিকেরা। আজ শুক্রবার (৩০ অক্টোবর) পাঁচ মহাদেশের ২২টি দেশ ও অঞ্চলের অন্তত ১১০টি বন্দরে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়েছে ২৫টির বেশি শ্রমিক ইউনিয়ন।

‘যুদ্ধের জন্য কাজ করবে না বন্দর শ্রমিকেরা’—এই স্লোগানে আয়োজিত কর্মসূচির মূল দাবি, ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং সব সাম্রাজ্যবাদী যুদ্ধের অবসান ঘটানো।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের আয়োজকেরা মনে করছেন, অস্ত্র পরিবহন ও সামরিক সরবরাহব্যবস্থায় বন্দর শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তাঁদের কর্মবিরতি ইসরায়েলসহ বিভিন্ন দেশে অস্ত্র সরবরাহ ও সামরিক পণ্য পরিবহনে বিঘ্ন ঘটাতে পারে।

গ্রিসের এথেন্সের পিরেয়াস বন্দরের শ্রমিক ইউনিয়ন এনইডিইপির নেতা মার্কোস বেকরিস বলেন, অস্ত্র গন্তব্যে পৌঁছাতে পরিবহন, অবকাঠামো ও শ্রমিকদের হাত প্রয়োজন। শ্রমিকদের শক্তির জায়গা সেখানেই।

গাজা থেকে ২০১৫ সালে চলে যাওয়া এবং বর্তমানে জার্মানির হামবুর্গে বসবাসরত বন্দর শ্রমিক মোহাম্মদ আল-আত্তার বলেন, শ্রমিকেরাই প্রকৃত শক্তি। মাত্র দুই দিন কাজ বন্ধ রাখতে পারলে হাজারো মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মনে করেন তিনি।

২০২৫ সালের শুরুর দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের বন্দর শ্রমিক ইউনিয়ন অস্ত্র পরিবহন বন্ধ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে একত্রিত হয়। শুরুতে পাঁচটি দেশের ২০টি বন্দরের পাঁচটি ইউনিয়ন এ উদ্যোগে যুক্ত ছিল। পরে গ্রিসের এথেন্স, ইতালির জেনোয়া ও তুরস্কের ইস্তাম্বুলে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন বিস্তৃত হয়। চলতি বছরের মে মাসে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ৩০ অক্টোবরকে আন্তর্জাতিক কর্মসূচির দিন হিসেবে ঘোষণা করা হয়।

আয়োজকদের হিসাবে, ফ্রান্স, ইতালি, ভারত, গ্রিস ও তুরস্কে ২৪ ঘণ্টার ধর্মঘট পালিত হচ্ছে। মরক্কো ও সাইপ্রাসসহ কয়েকটি দেশে দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ইতালির শ্রমিক ইউনিয়ন ইউএসবি দেশজুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।

অস্ত্র সরবরাহের গতিপথ নিয়ে কাজ করা সংগঠন নো হারবার ফর জেনোসাইডের (এনএইচজি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য পাঠানো বিভিন্ন যন্ত্রাংশের ৩১৫টি চালান শনাক্ত করা হয়েছে। এসব চালান ২৯টি দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দর দিয়ে পরিবহন করা হয়েছে। ওই ৫৬টি বন্দরের সব কটিই আজকের ধর্মঘটে অংশ নিচ্ছে।

সংগঠনটির দাবি, ধর্মঘটের দিন দুই বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যবাহী চালান আটকে থাকতে পারে। বিশ্বজুড়ে ধর্মঘটে অংশগ্রহণকারী বন্দরগুলো আন্তর্জাতিক পণ্য পরিবহনের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ পরিচালনা করে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর অংশগ্রহণও উল্লেখযোগ্য।

এদিকে ধর্মঘটে অংশ নেওয়া গ্রিসের শ্রমিক নেতা বেকরিসের বিরুদ্ধে আগেও মামলা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলগামী ২১ টন গোলাবারুদবাহী একটি কনটেইনারের চালান আটকে দেওয়ার প্রতিবাদে তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়।

বেকরিস বলেন, অন্য মানুষের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানানো শ্রমিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। প্রতিদিন তাঁদের হাত ঘাম ও গ্রিজে মাখামাখি হয়; অন্য মানুষের রক্তে সেই হাত রাঙাতে চান না তাঁরা।

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় পরিবারের ১২ জনকে হারান হামেদ

ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ: আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীদের কতটা

নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মুখে

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

‘দুই শয়তানের মধ্যে অপেক্ষাকৃত কম শয়তানকে’ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আলোচনায় ইসরায়েলের বিরোধীরা

অনাক্রমণ চুক্তি ও হুতিদের নিয়ন্ত্রণসহ তেহরানে যা আলোচিত হয়েছে ইরান–মক্কা জোটের মধ্যে

ইসরায়েলে নির্বাচনে আরব দলগুলো পাচ্ছে ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীরা পাচ্ছে কত

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট

ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে