হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে সামরিক অভিযানের হুমকি এরদোয়ানের

আজকের পত্রিকা ডেস্ক­

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এএফপি

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর জবাবে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী (সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক) আমিচাই ইলিয়াহু তাঁকে একজন ‘উন্মাদ একনায়ক’ হিসেবে অভিহিত করেছেন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল এশিয়া-পলিটিক্যাল পার্টিজ কনফারেন্সে ভাষণ দেন এরদোয়ান। সেখানে তিনি বলেন, ‘একটি রক্তমাখা গণহত্যার নেটওয়ার্ক কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিরপরাধ শিশু ও নারীদের হত্যা করছে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েলকে থামানোর জন্য আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের বিরুদ্ধেও আমরা একই ধরনের পদক্ষেপ নিতে পারি। আমাদের ঠেকানোর মতো কেউ নেই।’

এরদোয়ান অভিযোগ করেন, লেবাননে ১২ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে ইসরায়েল। এ ছাড়া ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি পার্লামেন্টে (নেসেট) মৃত্যুদণ্ড পাসের তীব্র সমালোচনা করে একে ‘বর্বর’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি।

এদিকে, এরদোয়ানের এই হুমকির কড়া জবাব দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী আমিচাই ইলিয়াহু। তিনি তুরস্ককে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে বলেন, ‘যারা উত্তর সাইপ্রাস দখল করেছে এবং কুর্দিদের ওপর নিপীড়ন চালাচ্ছে, তাদের মুখে নীতি কথা মানায় না। এরদোয়ান নিজেকে অটোমান সুলতান মনে করেন, কিন্তু তিনি একজন স্বৈরশাসক যার দেশের অর্থনীতি ধসে পড়ছে এবং গণতন্ত্র মৃত।’

ইলিয়াহু তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার প্রস্তাব ইসরায়েলি সরকারের কাছে উত্থাপন করবেন বলেও অঙ্গীকার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে বানানো একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জেরুসালেমের টেম্পল মাউন্টে পতাকা ওড়াচ্ছেন আর এরদোয়ান তাঁর পায়ে পড়ে আছেন।

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত গত শুক্রবার তুরস্কের একটি আদালতের সিদ্ধান্তের পর। ২০১৫ সালের অক্টোবরে ‘সুমুদ’ গাজা ফ্লোটিলা (ত্রাণবাহী জাহাজ বহর) আটক করার দায়ে তুরস্কের আদালত প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরসহ ৩৬ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। ইস্তাম্বুলের প্রসিকিউটর এই অভিযানের জন্য দায়ীদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এই অভিযোগ গঠনের পর ইসরায়েলি নেতারা এরদোয়ানকে ‘কাগুজে বাঘ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইতামার বেন-গাভির সরাসরি কুরুচিপূর্ণ ভাষায় এরদোয়ানের সমালোচনা করেন। এর জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুকে ‘বর্তমান সময়ের হিটলার’ বলে অভিহিত করেছে।

ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

আজ থেকেই হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু, বিস্তারিত জানাল সেন্টকম

লেবাননের শিশু তালিন: জন্ম যুদ্ধে, বাবার জানাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দরজা বন্ধ হয়নি, মধ্যস্থতাকারীদের ফের দৌড়ঝাঁপ

চুক্তি না হলেও আলোচনা ‘বন্ধুত্বপূর্ণ’, অগ্রগতিও দেখছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা

ট্রাম্পের হুমকিতে মাথা নত করবে না ইরান, নাগরিকদের রাজপথ দখলের আহ্বান