এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। এতে বলা হয়েছে—আরাফাতের দিন থেকে মক্কার পবিত্র স্থানগুলোতে তাপমাত্রা সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পাশাপাশি ধুলোঝড় ও বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।
রোববার (২৪ মে) ‘খালিজ টাইমস’ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও গরমের মৌসুমে হজ অনুষ্ঠিত হওয়ায় হাজিদের দীর্ঘ পথ হাঁটা ও খোলা আকাশের নিচে ইবাদত করতে হবে তীব্র গরমের মধ্যে। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের সতর্ক থাকার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এবার হজ পালনের জন্য ইতিমধ্যে ১৫ লাখের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে জানান, বিদেশ থেকে আগত হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও এই সংখ্যাটি গত বছরের তুলনায় বেশি।
সৌদি আবহাওয়া বিভাগ হজের আবহাওয়াকে দুই ধাপে ভাগ করে পূর্বাভাস দিয়েছে। জিলহজের ১ থেকে ৮ তারিখ, অর্থাৎ ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত মক্কা ও আশপাশের এলাকায় আবহাওয়া থাকবে গরম থেকে অতি গরম। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেলায় সক্রিয় বায়ুপ্রবাহের কারণে ধুলা ও বালু উড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতা থাকবে ১০ থেকে ৪০ শতাংশের মধ্যে।
অন্যদিকে জিলহজের ৯ থেকে ১৩ তারিখ, অর্থাৎ ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত আরাফাত দিবস সহ হজের গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাপমাত্রা কিছুটা কমলেও গরম অব্যাহত থাকবে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতা থাকবে ১৫ থেকে ৫৫ শতাংশের মধ্যে। ঘণ্টায় ২০ থেকে ৫০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।
সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ আরও জানিয়েছে, তায়েফ অঞ্চলের পাহাড়ি এলাকায় বজ্রসহ মেঘ সৃষ্টি হতে পারে, যার প্রভাব মক্কার পবিত্র স্থানগুলোতেও বিস্তৃত হতে পারে। এর ফলে ধুলোঝড় ও বালুঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।