হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোজতবাকে কটাক্ষ করে বিতর্কের মুখে ইরানের কট্টরপন্থী এমপি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে কট্টরপন্থী সংসদ সদস্য হামিদ রাসাঈ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ইরানের কট্টরপন্থী সংসদ সদস্য হামিদ রাসাঈ। অনেকেই মনে করছেন, পোস্টটি দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পরোক্ষভাবে লক্ষ্য করে লেখা হয়েছে। এর জেরে ইসলামি প্রজাতন্ত্রের সমর্থক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২৮ মে নিজের টেলিগ্রাম চ্যানেলে ‘নেতৃত্বের জন্য কে যোগ্য?’ শিরোনামে একটি পোস্ট শেয়ার করেন রাসাঈ। সেখানে তিনি পবিত্র কোরআনের সুরা হুদের একটি আয়াত উল্লেখ করেন। এই আয়াতে আল্লাহ নবী নুহ (আ.)-কে তাঁর অবাধ্য ও অবিশ্বাসী পুত্র সম্পর্কে বলেন, ‘সে প্রকৃত অর্থে তাঁর পরিবারের অন্তর্ভুক্ত নয়।’

ইরানি সংস্কৃতিতে ‘নুহের পুত্র’ উপমাটি সাধারণত এমন সন্তানকে বোঝাতে ব্যবহৃত হয়, যে ধার্মিক পরিবারের সদস্য হয়েও বিপথগামী হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, রাসাঈ পরোক্ষভাবে মোজতবা খামেনিকে তাঁর বাবা আলী খামেনির ‘অযোগ্য’ বা ‘বিপথগামী’ সন্তান হিসেবে উপস্থাপন করেছেন।

ইরানের সংবাদমাধ্যম আসর-ই ইরান প্রশ্ন তুলেছে, যখন প্রয়াত নেতার পুত্র নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন এবং বিরোধীরা এ নিয়ে নানা গুজব ছড়াচ্ছেন, এমন একসময়ে নেতৃত্বের প্রসঙ্গ টেনে নুহের পুত্রের উদাহরণ আনার উদ্দেশ্য কী?

ইরানের সাবেক প্রেসিডেন্ট রুহানি প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক রুহুল্লাহ জোমেই মন্তব্য করেছেন, এই পোস্টের মাধ্যমে সাঈদ জালিলি ও পায়দারি ফ্রন্ট-ঘনিষ্ঠ মহলের মধ্যে মোজতবা খামেনির নেতৃত্বকে দুর্বল করার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। অপর দিকে রক্ষণশীল রাজনৈতিক কর্মী মোহাম্মদ-হোসেইন চাভোশিও পোস্টটির ব্যাখ্যা দাবি করেন।

বিতর্ক আরও বেড়ে যায়, কারণ, রাসাঈর পোস্টটি প্রকাশিত হয় ঠিক সেদিন, যেদিন মোজতবা খামেনি পার্লামেন্টে এক বার্তায় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বের প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান। গালিবাফ বর্তমানে ইরানের পারমাণবিক আলোচনা দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে রাসাঈ তাঁর সমালোচনা অব্যাহত রেখে সাম্প্রতিক এক পোস্টে গালিবাফকে পরমাণু কূটনীতির ওপর অতিরিক্ত নির্ভর না করার সতর্কবার্তা দেন।

হামিদ রাসাঈ একসময় কট্টরপন্থী পায়দারি ফ্রন্টের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে পরে তিনি দল ছেড়ে গেলেও আদর্শগতভাবে নিজেকে দলটির ঘনিষ্ঠ বলে মনে করেন।

সমালোচনার মুখে রাসাঈ দাবি করেছেন, তিনি কেবল নিজের পুরোনো একটি লেখা পুনঃপ্রকাশ করেছেন এবং সেটি মোজতবা খামেনির বার্তার কয়েক ঘণ্টা আগেই প্রকাশিত হয়েছে। রাসাঈ আরও বলেন, আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পরপরই মোজতবা খামেনিকে নেতৃত্বের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে তিনি সমর্থন জানিয়েছিলেন। তবে তাঁর এই ব্যাখ্যা বিতর্ক পুরোপুরি থামাতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ পাড়ি দিয়েছে ২৯ জাহাজ

চীনা ক্ষেপণাস্ত্রেই সম্ভবত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান: প্রতিবেদন

লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করে নিল ইসরায়েল

ইরানিদের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: গালিবাফ

দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী, ঘিরে ফেলেছে সবচেয়ে বড় শহর

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে ‘যোগ দিতে পারে ইসরায়েলও’, আছে শর্ত

হরমুজে মার্কিন ড্রোন কুপোকাত: ইরানের নতুন অস্ত্র আরাশ-ই-কামাঙ্গীর’ সম্পর্কে যা জানা যায়

৮৮ দিন পর ইন্টারনেট ফিরে আসার পর যেভাবে প্রতিক্রিয়া জানাল ইরানের মানুষ

সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা

গাজার ৭০ শতাংশ দখলে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর