হোম > বিশ্ব > ভারত

ভারতের রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২—বাকি চারটি গেল কই

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতীয় বিমানবাহিনীর রাফালে যুদ্ধবিমান। ছবি: এএফপি

ভারতীয় বিমানবাহিনীর রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২ হয়েছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের ২০২৭ সালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরিতে এ তথ্য উঠে এসেছে। তবে চারটি যুদ্ধবিমান কেন সক্রিয় তালিকা থেকে বাদ পড়েছে, তার ব্যাখ্যা দেওয়া হয়নি। এগুলো বিধ্বস্ত হয়েছে, নাকি মেরামত বা আধুনিকায়নের কারণে সাময়িকভাবে নিষ্ক্রিয়—তা-ও স্পষ্ট নয়।

ভারতীয় বিমানবাহিনীর জন্য ফ্রান্সের তৈরি ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনা হয়েছিল। এর মধ্যে ৩২টি এখন সক্রিয় বলে জানিয়েছে ফ্লাইটগ্লোবাল। গত বছরের নভেম্বরের প্রকাশিত ডিরেক্টরিতে, অপারেশন সিঁদুরের পর, ভারতীয় বহরে ৩৫টি রাফালে সক্রিয় দেখানো হয়েছিল। এক বছরের ব্যবধানে সেই সংখ্যা আরও তিনটি কমেছে।

একই ডিরেক্টরিতে পাকিস্তান বিমানবাহিনীর সুইডিশ নির্মাতা সাবের তৈরি সাব-২০০০ এরিয়াই আকাশপথে আগাম সতর্কতা ও নজরদারি বিমানও কম দেখানো হয়েছে। আগের তালিকায় নয়টি থাকলেও এবার দেখানো হয়েছে সাতটি। দ্য ওয়্যার ও দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাতের আগে পাকিস্তানের বহরে এই বিমান ছিল নয়টি।

ফ্লাইটগ্লোবালের তথ্যের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দ্য হিন্দু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, তাঁরা তথ্যটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, মন্ত্রণালয় এ ধরনের তথ্য সরবরাহ করেনি।

সক্রিয় তালিকা থেকে বাদ পড়ার অর্থ কী

ফ্লাইটগ্লোবালের এই হিসাব যুক্তরাজ্যভিত্তিক উড়োজাহাজের তথ্য ও বহর পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে।

সিরিয়াম উড়োজাহাজের নিবন্ধন নম্বর বা টেইল নম্বর ধরে বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে—উড়োজাহাজের প্রকাশ্যে দেখা যাওয়ার তথ্য, ফ্লাইট ট্র্যাকিং, বিভিন্ন ওপেন সোর্স তথ্য এবং প্রতিরক্ষা খাতের প্রতিবেদন।

দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো উড়োজাহাজ দীর্ঘ সময় ধরে বড় ধরনের মেরামত, কাঠামোগত সংস্কার বা আধুনিকায়নের কাজে থাকলে এবং ১২ মাসের মধ্যে তার উড্ডয়নের নিশ্চিত তথ্য পাওয়া না গেলে সিরিয়াম সেটিকে সক্রিয় তালিকা থেকে বাদ দিতে পারে।

অর্থাৎ, কোনো যুদ্ধবিমান সক্রিয় তালিকায় না থাকার অর্থ এই নয় যে সেটি যুদ্ধে ধ্বংস হয়েছে। দীর্ঘমেয়াদি মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা আধুনিকায়নের কারণেও তালিকায় পরিবর্তন আসতে পারে। তবে রাফালে যুদ্ধবিমানের সংখ্যা কমানোর ক্ষেত্রে ঠিক কোন কারণ কাজ করেছে, তা ডিরেক্টরিতে উল্লেখ নেই।

ডিরেক্টরির অন্যান্য তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১০ নভেম্বর প্রকাশিত সংস্করণে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের সংখ্যা ২৬৩ দেখানো হয়েছে। অথচ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ভারতের এই বহরে ২৫৮ থেকে ২৬০টি বিমান থাকার কথা বলা হয়।

অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক

অপারেশন সিঁদুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিমান হারানোর সংখ্যা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবি রয়েছে। গত বছরের ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতের দাবি, এসব স্থানে সন্ত্রাসী অবকাঠামো ছিল। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার জবাবে এই অভিযান চালানো হয়।

পরবর্তীতে ১০ মে দুই দেশ গোলাগুলি বন্ধে সমঝোতায় পৌঁছায়।

পাকিস্তান দাবি করে, আকাশযুদ্ধে তারা ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভারত সংঘাতের প্রথম দিকে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ঠিক কতটি বিমান হারিয়েছে, তা প্রকাশ করেনি।

২০২৫ সালের জুলাইয়ে ভারতের প্রতিরক্ষা সচিব আর কে সিং সিএনবিসি টিভি–১৮কে বলেন, ভারতীয় বিমানবাহিনীর একাধিক রাফালে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি সঠিক নয়। তিনি বলেন, ‘আপনারা রাফালে শব্দটি বহুবচনে ব্যবহার করেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, এটি একেবারেই সঠিক নয়।’

অন্যদিকে, ২০২৫ সালের জুলাইয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলাঙ্গার বলেন, ভারতীয় তিনটি যুদ্ধবিমান হারানোর প্রমাণ তিনি পেয়েছেন। এর মধ্যে একটি রাফালে, একটি রাশিয়ার তৈরি এসইউ-৩০ এমকেআই এবং একটি মিরাজ-২০০০ ছিল। মিরাজ-২০০০ ফ্রান্সের তৈরি হলেও এটি রাফালের আগের প্রজন্মের যুদ্ধবিমান।

ভারতীয় বিমানবাহিনীও দাবি করেছে, সংঘাতে পাকিস্তানের এফ-১৬ ও জেএফ-১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এফ-১৬ যুক্তরাষ্ট্রের তৈরি, আর জেএফ-১৭ চীনের তৈরি।

২০২৫ সালের আগস্টে তৎকালীন ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, পাকিস্তানের একটি বড় বিমানও ভূপাতিত করা হয়েছিল। সেটি গোয়েন্দা বিমান অথবা আকাশপথে আগাম সতর্কতা ব্যবস্থার বিমান হতে পারে। এর আগে যুদ্ধবিরতির দুই দিন পর, ১২ মে ভারতীয় সামরিক বাহিনী দাবি করেছিল, পাকিস্তান বিমানবাহিনীর ‘কয়েকটি’ বিমান ধ্বংস হয়েছে।

যদাও পাকিস্তান তাদের কোনো যুদ্ধবিমান হারানোর বিষয়ে মন্তব্য করেনি। তবে সংঘাতের সময় ভারতের হামলায় তাদের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে।

আরও রাফালে কিনছে ভারত

এদিকে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের বহর নিয়ে এই বিতর্কের মধ্যেই গত ফেব্রুয়ারিতে দেশটির কেন্দ্রীয় সরকার আরও ১১৪টি রাফালে কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

এ ছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফালে মেরিন কেনা হচ্ছে। এগুলো যুদ্ধবিমানবাহী জাহাজ থেকে পরিচালনার উপযোগী সংস্করণ।

ফ্লাইটগ্লোবালের ডিরেক্টরিতে সক্রিয় রাফালের সংখ্যা কমে যাওয়ার কারণ স্পষ্ট না হলেও, এই তথ্য ঘিরে অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান হারানোর পুরোনো বিতর্ক নতুন করে সামনে এসেছে। তবে তালিকার পরিবর্তনকে যুদ্ধবিমান ধ্বংস হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

তথ্যসূত্র: দ্য স্ক্রোল