হোম > বিশ্ব > ভারত

দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করাল ছাত্র, প্রধান শিক্ষক বললেন—‘চকলেট খাও ভালো লাগবে’

আজকের পত্রিকা ডেস্ক­

এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের কর্মকর্তারা পুলিশ নিয়ে সেখানে যান। ছবি: সংগৃহীত

পানির বোতলে মূত্র মিশিয়ে দুই সহপাঠী ছাত্রীকে পান করানোর অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রর বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ নিয়ে অভিযোগ করলে, তিনি বলেন, ১০ টাকা দামের চকলেট কিনে খাও, ভালো বোধ করবে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার অ্যারন উন্নয়ন ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গত সোমবারের এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পরদিন মঙ্গলবার ওই দুই ছাত্রীর ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে বিক্ষোভ করেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন।

গুনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট কিশোর কুমার কান্যাল বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী পানির বোতলে মূত্র মিশিয়ে পান করিয়েছে বলে দুই ছাত্রী অভিযোগ করেছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলে তিনি তাদের সঙ্গে অমানবিক আচরণ করেন। তিনি বলেন, “খারাপ স্বাদ লাগলে ১০ টাকার একটি চকলেট খেয়ে নাও।”’

মঙ্গলবার ভুক্তভোগী দুই ছাত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত ছাত্রদের পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁরা স্লোগান দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে তালা লাগিয়ে দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের কর্মকর্তারা পুলিশ নিয়ে সেখানে যান। ভুক্তভোগী দুই শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য শুনে ঘটনার বিস্তারিত নথিবদ্ধ করেন।

জেলা ম্যাজিস্ট্রেট কিশোর কুমার কান্যাল বলেন, ‘আমি তদন্তের নির্দেশ দিয়েছি। একই শ্রেণির এক শিক্ষার্থী এটি করেছে। ওই শিশুসহ তার মা-বাবাকে তলব করা হচ্ছে। প্রধান শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের সন্দেহ, এ ঘটনায় আরও কয়েকজন ছাত্র জড়িত থাকতে পারে।’

অ্যারনের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) মঞ্জুষা খাত্রী বলেন, ঘটনার খবর পাওয়ার পর তহসিলদার ও ব্লক শিক্ষা কর্মকর্তাকে (বিইও) ঘটনাস্থলে পাঠানো হয়। প্রধান শিক্ষককেও নোটিশ দেওয়া হয়েছে। ব্লক শিক্ষা কর্মকর্তাকে দুই দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।