হোম > বিশ্ব > ভারত

পান্নুন হত্যা ষড়যন্ত্র: ভাড়াটে খুনিকে মণিপুর হয়ে মাদক ও অস্ত্র পাচারের প্রলোভন দিয়েছিল র

আজকের পত্রিকা ডেস্ক­

বিকাশ যাদব (বামে) ও নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্রে দেখানো অগ্রিম পেমেন্টের একটি স্থির চিত্র এবং গুরপতবন্ত সিং পান্নুন। ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা বিকাশ যাদব খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউশন। এ ঘটনায় প্রস্তাবিত মাদক ও অস্ত্রের চুক্তির অংশ হিসেবে মণিপুরের রাজধানী ইম্ফলে মাদকবাহী এক উড়োজাহাজের বিমানবন্দর ছাড়পত্র বা এয়ারপোর্ট ক্লিয়ারেন্সের ব্যবস্থা এবং একে-৫৬ রাইফেল ও এম ২০ পিস্তল সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, পান্নুনকে নিউইয়র্কে হত্যার ষড়যন্ত্রে নিজের ভূমিকার কথা স্বীকার করা নিখিল গুপ্তের সাজা নির্ধারণের আগে যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া এক নথিতে এসব তথ্য জানিয়েছে প্রসিকিউশন। গুপ্তের বিরুদ্ধে ২৪ বছরের বেশি কারাদণ্ড চেয়েছে সরকারপক্ষ। আগামী ২০ নভেম্বর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতের বিচারক ভিক্টর মাররো তাঁর সাজা ঘোষণা করবেন।

প্রসিকিউশন বলেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে একজন মার্কিন নাগরিককে রাজনৈতিক কারণে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ কারণে মামলাটিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ পর্যায়ের সাজা দেওয়া উচিত।

সাজা নির্ধারণের নির্দেশিকায় গুপ্তের জন্য ২৩৫ থেকে ২৯৩ মাসের বা প্রায় ২০ থেকে ২৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রসিকিউশন এই সীমার সর্বোচ্চ সাজা চেয়েছে। তাদের বক্তব্য, পান্নুনের রাজনৈতিক আদর্শের কারণে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ষড়যন্ত্রে গুপ্তের সঙ্গে ভারত সরকারের অন্তত একজন কর্মচারীও জড়িত ছিলেন।

পান্নুন তাঁর লিখিত বক্তব্যে জানিয়েছেন, ষড়যন্ত্রটি নস্যাৎ হওয়ার পরও তাঁর জীবন স্বাভাবিক হয়নি। তাঁকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে চলতে হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে গ্রাহকদের সঙ্গে দেখা করতে পারছেন না। ভ্রমণ ও জনসমক্ষে উপস্থিতির ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

এদিকে, নিখিল গুপ্তের আইনজীবীরা ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। তাঁদের যুক্তি, অপরাধের তুলনায় সাজা নির্ধারণের নির্দেশিকায় গুপ্তের দায় অতিরিক্ত বেশি দেখানো হয়েছে। এ ষড়যন্ত্র থেকে তাঁর আর্থিক লাভের কথা ছিল না। বরং ভারত সরকারের এক কর্মচারীর চাপের মুখে তিনি এতে জড়িয়ে পড়েছিলেন। ৫৫ বছর বয়সী দিল্লির বাসিন্দা গুপ্ত ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্র, অর্থের বিনিময়ে হত্যা এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। ২০২৩ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের অনুরোধে চেক প্রজাতন্ত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৪ জুন তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ইম্ফলে উড়োজাহাজের ছাড়পত্র ও অস্ত্র সরবরাহের প্রস্তাব

আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২২ জুন বা এর কাছাকাছি সময়ে বিকাশ যাদব নিখিল গুপ্তকে জানান, তিনি একে-৫৬, একে-৮১ ও একে-৯৪ রাইফেল এবং টোকোরেভ ও এম ২০ পিস্তল বিক্রির ব্যবস্থা করতে পারবেন। একই সঙ্গে মণিপুরের রাজধানী ইম্ফলে একটি উড়োজাহাজের বিমানবন্দর ছাড়পত্রের ব্যবস্থাও করে দেওয়ার প্রস্তাব দেন তিনি।

প্রসিকিউশনের দাবি, পান্নুনকে হত্যার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের শর্তেই যাদব এসব সহায়তা দিতে রাজি হয়েছিলেন। এ বিষয়ে গুপ্তকে পাঠানো এক বার্তায় যাদব লেখেন, ‘বেশির ভাগ বিষয়ই নির্ভর করবে হাতে থাকা কাজটির ওপর। কাজটি নিখুঁতভাবে সম্পন্ন হলে সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে ভাইজি।’

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত এক অভিযোগপত্রে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা প্রথমবারের মতো বিকাশ যাদবের নাম প্রকাশ করেন। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তিনি আর ভারত সরকারের কর্মচারী নন। ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার গঠিত তদন্ত কমিটি একজন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তদন্তে তাঁর অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ ও অতীত কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে বলে জানানো হয়। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে একটি পৃথক অপহরণ ও চাঁদাবাজির মামলায় দিল্লি পুলিশ বিকাশ যাদবকে গ্রেপ্তার করেছিল। ২০২৪ সালের এপ্রিলে তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে তাঁর অবস্থান জানা যায়নি।

মাদক ও অস্ত্র পাচারের পরিকল্পনার অভিযোগ

প্রসিকিউশনের দাবি, গুপ্ত এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন, যাঁকে তিনি বড় মাপের মাদক পাচারকারী বলে মনে করতেন। কিন্তু ওই ব্যক্তি আসলে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছিলেন। ওই ব্যক্তির মাধ্যমে গুপ্তের পরিচয় হয় আরেকজনের সঙ্গে। গুপ্ত তাঁকে ভাড়াটে খুনি মনে করলেও তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের এক ছদ্মবেশী কর্মকর্তা।

প্রসিকিউশনের ভাষ্য, পান্নুনকে হত্যার কাজে ওই ব্যক্তিকে রাজি করাতে মাদক ও অস্ত্রের ব্যবসার প্রস্তাব দিয়েছিলেন গুপ্ত। তিনি যাদবকে অনুরোধ করেন, যেন ওই ব্যক্তির মাদকবাহী উড়োজাহাজের ইম্ফল বিমানবন্দরে অবতরণ ও ছাড়পত্রের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁকে বিক্রির জন্য অস্ত্র সরবরাহ করা হয়। এসব লেনদেন থেকে নিজেও লাভবান হওয়ার প্রত্যাশা করেছিলেন গুপ্ত।

আদালতে জমা দেওয়া নথিতে গুপ্ত ও ওই গোপন সূত্রের মধ্যে রেকর্ড করা কথোপকথনের বিবরণও রয়েছে। এক কথোপকথনে গুপ্ত বলেন, যাদবকে তিনি জানিয়েছিলেন, ওই ব্যক্তি হত্যার কাজে সহযোগিতা করছেন অস্ত্র পাওয়ার আশায়। গুপ্ত বলেন, ওই ব্যক্তির উড়োজাহাজে পুরো চালান তোলা সম্ভব হবে এবং তিনি যা চাইবেন, তা-ই সরবরাহ করা হবে।

আরেকটি কথোপকথনে গুপ্ত ২ হাজার কেজি পণ্যের চালানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভাড়া করা উড়োজাহাজে মাদক তুলে একই জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে ফিরে যাওয়া যাবে।

প্রসিকিউশনের দাবি, পান্নুনকে হত্যার পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে বড় পরিসরে মাদক ও অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল গুপ্তের। এক কথোপকথনে পান্নুন হত্যার পরিকল্পনাকে ভবিষ্যতের আরও কাজ পাওয়ার পরীক্ষা হিসেবে উল্লেখ করেন গুপ্ত। তিনি বলেন, ‘সবকিছুই নির্ভর করছে এই প্রথম কাজটির ওপর। তারা আমাদের পরীক্ষা করছে।’

গুপ্তকে চাপ দিয়ে ষড়যন্ত্রে যুক্ত করার দাবি

মার্কিন প্রসিকিউশনের দাবি, পান্নুন হত্যার পরিকল্পনায় নিখিল গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিকাশ যাদব এবং যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য নিয়োগের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন প্রধান সংযোগকারী। প্রসিকিউশন আরও বলেছে, পান্নুন একা না থাকলে ছদ্মবেশী কর্মকর্তাকে সবাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন গুপ্ত। তাঁর নির্দেশ ছিল, ‘সবাইকে শেষ করে দাও।’

সরকারপক্ষের মতে, গুপ্ত সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পরিচিত ছিলেন এবং পান্নুন হত্যার পরিকল্পনাকে ভবিষ্যতে আরও অপরাধমূলক কাজ পাওয়ার সুযোগ হিসেবে দেখেছিলেন। মদ্যপানের কারণে তাঁর বিচারবুদ্ধি প্রভাবিত হয়েছিল, এমন দাবিও প্রত্যাখ্যান করেছে প্রসিকিউশন। তাদের বক্তব্য, বিভিন্ন সময় অঞ্চলে অবস্থান করেও তিনি দিনের পর দিন এবং সপ্তাহের পর সপ্তাহ হত্যার পরিকল্পনা নিয়ে কাজ করেছেন।

অন্যদিকে, গুপ্তের আইনজীবীদের দাবি—বিকাশ যাদব তাঁকে ষড়যন্ত্রে জড়িয়েছিলেন। যাদব তাঁকে জানিয়েছিলেন, কয়েকজন ব্যক্তি গুজরাট পুলিশের পরিচয় দিয়ে তাঁর বাড়িতে গিয়ে যে সমস্যা তৈরি করেছিলেন, তা তিনি সমাধান করে দেবেন। আইনজীবীদের বক্তব্য, ভারত সরকারের কর্মকর্তা হিসেবে যাদবের অবস্থানের কারণে গুপ্ত মনে করেছিলেন, তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব নয়। ভারতে বসবাসকারী একজন নাগরিক হিসেবে তিনি ওই অনুরোধের পেছনে রাষ্ট্রের ক্ষমতার প্রভাব অনুভব করেছিলেন।

গুপ্তের আইনজীবীরা আরও বলেছেন, তাঁর আগে কোনো অপরাধের রেকর্ড নেই। মদ্যপানের সমস্যার চিকিৎসাও তিনি পাননি। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আগে চেক প্রজাতন্ত্রে তাঁকে কারাগারে থাকতে হয়েছে। ২০২৪ সালের জুন থেকে তিনি ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। তাঁদের দাবি, গুপ্ত ভারতীয় নাগরিক এবং যুক্তরাষ্ট্রে তাঁর কোনো বৈধ অভিবাসন-সংক্রান্ত মর্যাদা নেই। কারাদণ্ড শেষ হলে তাঁকে ভারতে ফেরত পাঠানো হতে পারে।