হোম > বিশ্ব > ভারত

তামিলনাড়ুতে বিজয়ের সরকার পতনের ষড়যন্ত্রে গ্রেপ্তার ৩, নেপথ্যে ডিএমকের বিধায়ক

আজকের পত্রিকা ডেস্ক­

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে সদ্য গঠিত তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকার পতনের বড় ধরনের এক রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকারকে অস্থিতিশীল করতে ক্ষমতাসীন দলের এক বিধায়ককে (এমএলএ) ৩৫ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই অর্থ লেনদেন ও বিধায়ক কেনাবেচার (হর্স ট্রেডিং) ষড়যন্ত্রে প্রধান বিরোধী দল ডিএমকে এর শীর্ষ নেতার নাম জড়িয়ে পড়েছে।

গতকাল বুধবার চেন্নাই পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, টিভিকের ১৫ জন এমএলএ–কে পরপর পদত্যাগ করিয়ে সরকার ফেলে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ২৯ জুন চেন্নাই পুলিশ কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন টিভিকে দলের উথানগারাই আসনের বিধায়ক ড. এন ইলাইয়ারাজা। অভিযোগে তিনি জানান, ‘ইন্ডিয়ান পলিটিক্যাল ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস’ (আইপিডিএস) নামের একটি জনমত জরিপ সংস্থার প্রধান পরিচয় দিয়ে তিরুনাভুকারাসু নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

ইলাইয়ারাজার দাবি, বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আনীত এক আসন্ন প্রস্তাবে টিভিকে দলের সদস্য হওয়া সত্ত্বেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার জন্য তাঁকে ৩৫ কোটি রুপি সাধা হয়। বিধায়ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে এবং তাঁকে আর ফোন না করতে বললে, তিরুনাভুকারাসু তাঁকে ও তাঁর পরিবারকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।

অভিযোগ পাওয়ার পরপরই মাঠে নামে চেন্নাই পুলিশের বিশেষ দল। বুধবার অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তিরুনাভুকারাসুসহ তাঁর দুই সহযোগী হরিশ ও থিয়াগারাজানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ষড়যন্ত্রের পেছনে তামিলনাড়ুর একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পুলিশের তদন্তে এই পুরো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হিসেবে উঠে এসেছে তামিলনাড়ুর সাবেক মন্ত্রী ও কোয়েম্বাটুর দক্ষিণের বর্তমান ডিএমকে বিধায়ক ভি সেন্থিল বালাজি এবং তাঁর ভাই ভি অশোক কুমারের নাম। তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের একজন চেন্নাইয়ে অশোক কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেন্থিল বালাজির নির্দেশেই বিজয়ের দলের বিধায়ককে দল ভাঙানোর ও কোটি রুপির লোভ দেখানোর পরিকল্পনা করা হয়েছিল।

এদিকে, ঘটনা জানাজানি হতেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। টিভিকে সরকারের বিদ্যুৎ মন্ত্রী পি নির্মল কুমার অভিযোগ করে বলেন, ‘গত ৪০ দিন ধরেই এমকে স্ট্যালিন এবং তাঁর দল ডিএমকে আমাদের বিধায়কদের লোভ ও হুমকি দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে। যখন আমাদের বিধায়ক কোটি রুপি নিতে অস্বীকৃতি জানান, তখন তাঁকে মারাত্মকভাবে হুমকি দেওয়া হয়।’

উল্লেখ্য, সেন্থিল বালাজি এবং বিজয়ের মধ্যে চলমান সম্পর্ক শুরু থেকেই বেশ ভঙ্গুর। এর আগেও থালাপতি বিজয় সেন্থিল বালাজির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। সে সময় বিজয় নির্বাচন উপলক্ষে র‍্যালি করছিলেন। চলতি ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পান থালাপতি বিজয়ের দল টিভিকে। প্রথমবারের মতো নির্বাচনে লড়েই ১০৮টি আসন জয় করে রাজ্যের ডিএমকে ও এআইএডিএমকে-এর কয়েক দশকের দ্বিদলীয় আধিপত্য ভেঙে সরকার গঠন করেন বিজয়। এরপর থেকেই এই নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল তৎপর বলে অভিযোগ করে আসছে ক্ষমতাসীনরা।

ভারতে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী—ব্রিটিশ নারীর দীর্ঘ লড়াইয়ের গল্প

‘ছোট বোন’ তাকাইচির জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মোদির ভারতের

বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে জীবিকা হারানোর শঙ্কা, ট্রেন হকারের আত্মহত্যা

রাতের আঁধারে ‘নিষ্ঠুরভাবে’ হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, অধিকাংশই মুসলিম

হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচার: মেটার কাছে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই কিসের আশায় দিল্লিতে বিক্ষোভ করেই যাচ্ছে ‘ককরোচ’রা

টেলিগ্রাফ ইন্ডিয়ার সম্পাদকীয়: বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সমর্থন, ভারত কি চিন্তিত

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুনে নিহত ৭, আহত ২২

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

অ্যাপলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগগুলোই ‘কপি–পেস্ট’ করছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা