হোম > বিশ্ব > ভারত

মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

আজকের পত্রিকা ডেস্ক­

শুভেন্দু অধিকারী (বায়ে) ও ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ছবি: এনডিটিভি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার উপদেশ দিয়েছিলেন। নিজের যোগ্যতায় রাজনীতিতে এগিয়ে যেতে চাইলে মোদির সঙ্গে থাকার কথা বলেছিলেন প্রণব মুখার্জি।

সম্প্রতি ‘দ্য ইকোনমিক টাইমস’ আয়োজিত ‘বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে এসব কথা বলেন শুভেন্দু। এ সময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, দলটি মূলত সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মতো।

শুভেন্দু বলেন, ‘তৃণমূল ছিল একজন নারীকে কেন্দ্র করে পরিচালিত দল। এটি ছিল পিসি-ভাইপোর দল। অনেকটা কোম্পানির মতো, যেখানে একজন চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন। আমিও সেখানে ছিলাম। কিন্তু আমি কর্মচারী হয়ে থাকতে চাইনি। এ কারণেই দল ছেড়েছি।’

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী, রাজনৈতিক কৌশল নির্ধারক ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভেন্দু। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পেছনে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরামর্শের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘আমার মূল উপদেষ্টা ছিলেন প্রয়াত প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আমি তাঁর সঙ্গে দেখা করতে রাইসিনা হিলে গিয়েছিলাম। আমার ভাইপোও সেখানে গিয়েছিল। প্রণবজি আমাকে বলেছিলেন, তুমি কী করতে চাও, তা ভেবে দেখো। যদি কর্মচারী হয়ে থাকতে চাও, তাহলে এখানেই থাকো। আর নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাইলে মোদিজির সঙ্গে থাকো। এটাই ছিল তাঁর সরাসরি পরামর্শ।’

তবে প্রণব মুখার্জির সঙ্গে ঠিক কবে এ কথোপকথন হয়েছিল, তা জানাতে চাননি শুভেন্দু। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক তৈরি হোক, তা তিনি চান না। প্রণব মুখার্জিকে নিজের অভিভাবক ও উপদেষ্টা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক ভারতীয় তাঁকে সম্মান করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মেদিনীপুরের এক জনসভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। ২০২০ সালে তিনি মারা যান।

গত মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে। ২৯৪ আসনের মধ্যে ২০৮টি পেয়ে ক্ষমতায় আসে বিজেপি। তৃণমূলের আসন কমে দাঁড়ায় ৮০ টিতে, আগের নির্বাচনে দলটি পেয়েছিল ২১৫টি আসন। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুর আসনেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন।